মোমেনাদের আর ভয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিক মোমেনা আকতার (ছদ্মনাম)। বিয়ে হয়েছে ২০ বছর বয়সে। থাকতেন বায়েজিদের চন্দ্রনগরে। স্বামী মোহাম্মদ ইলিয়াস রিকশাচালক। টানাটানির সংসার হলেও চেয়েছিলেন ভালো থাকতে। কিন্তু কাঁটা হয়ে দাঁড়াল মাদক। মাদকাসক্ত স্বামীর নেশার খরচ জোগাতে ত্রাহি অবস্থা মোমেনার। টাকা না পেলে শুরু হতো মারধর। তার পরও দুই সন্তান নিয়ে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছেন।
কিন্তু কিসের কী! মাত্র ২০ হাজার টাকা যৌতুকের জন্য মোমেনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন পাষণ্ড স্বামী। আগুনে পুরো মুখসহ শরীরের ৩০ শতাংশ পুড়ে যায় তাঁর। সেদিনই অগ্নিদগ্ধ মোমেনার ঠাঁই হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)। দীর্ঘদিনের চিকিৎসায় মোমেনা এখন অনেকটাই সুস্থ। ওসিসির সহায়তায় স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। মামলাটি এখন বিচারাধীন। শুধু তা-ই নয়, মোমেনাকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে সেলাই প্রশিক্ষণেরও ব্যবস্থা করে দিয়েছে ওসিসি।
মোমেনার মতো এ রকম অসংখ্য নারী ও শিশু প্রতিদিন ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে চিকিৎসা, আইনগত, কাউন্সেলিংসহ নানা ধরনের সেবা পাচ্ছেন। ক্ষেত্রবিশেষে আশ্রয়সেবা ও জীবন নির্বাহী প্রশিক্ষণেরও ব্যবস্থা করে দিচ্ছে ওসিসি।
বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল কর্মসূচির একটি অংশ হচ্ছে ওসিসি কার্যক্রম। বিভাগীয় পর্যায়ে আটটি মেডিকেল কলেজ হাসপাতালে এ সেন্টারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া ৪০টি জেলা ও ২০টি উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেল খোলা হয়েছে। এসব সেন্টারের একটি বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যাঁরা সেবা নিতে আসেন তাঁদের নিরাপত্তার জন্য নাম-পরিচয় গোপন রাখা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসির কার্যক্রম শুরু হয় ২০০৬ সালের জুন মাসে। এখন পর্যন্ত এখানে দুই হাজার ৪০০ জন নির্যাতিত নারী ও শিশু সেবা পেয়েছে। মামলা হয়েছে ৬১০টি। শতাধিক নারীকে কম্পিউটার, সেলাই প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হওয়ারও সুযোগ করে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দরিদ্র শ্রেণীর নারী ও শিশুরাই প্রধানত ওসিসির সেবাগ্রহীতা। নারীদের ক্ষেত্রে পারিবারিক নির্যাতনের শিকার হয়ে বেশি আসেন। এ ছাড়া যৌন নির্যাতনের শিকার নারী ও শিশুর সংখ্যাও কম নয়। গৃহকর্মী নির্যাতিত অনেক শিশুরও ঠাঁই হয়েছে এখানে।
নির্যাতিত একজন নারী ও শিশুরা এখানে আসার পর বিনা মূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পায়। এরপর নির্যাতিত নারী বা নির্যাতিত শিশুর অভিভাবকের সঙ্গে ঘটনাটির আইনি প্রতিকার নিয়ে কথা বলেন ওসিসি নিযুক্ত কাউন্সেলর। নির্যাতিত ব্যক্তি রাজি হলে মামলা করতে সহায়তা করা হয়।
নির্যাতনের ঘটনা শুধু তাঁদের শরীরেই দাগ ফেলে না, মনেও ফেলে গভীর ছাপ। নির্যাতনের কারণে তৈরি হওয়া মানসিক সমস্যা কাটিয়ে উঠতেও নিয়মিত মনোসামাজিক কাউন্সেলিং করা হয় তাঁদের।
চট্টগ্রাম ওসিসির সমন্বয়ক শিবপ্রসাদ নন্দী জানান, একটা সময় ছিল যখন ওসিসিতে সেবা নেওয়ার বিষয়টি খুব কম মানুষই জানত। চট্টগ্রাম ওসিসির আট বছরের কার্যক্রমে প্রথম দিকে সেবা নিতে আসা নারী ও শিশুর সংখ্যা খুবই কম ছিল। যত দিন যাচ্ছে, সবাই সচেতন হচ্ছেন।
শিব প্রসাদ নন্দী বলেন, ওসিসি নারী নির্যাতন প্রতিরোধের দিকেও সমান গুরত্ব দিচ্ছে। নির্যাতিত নারীদের বেশি সেবা দেওয়ার চেয়ে যদি নির্যাতনের বিরুদ্ধে নারীদের সোচ্চার ও প্রতিবাদী করে তোলা যায়, তবে সেটি বেশি কার্যকর হবে। কারণ, অভিজ্ঞতায় দেখা গেছে ওসিসিতে সেবা নেওয়া অনেক নারীই দ্বিতীয়বার নির্যাতিত হয়ে ফিরে এসেছেন।