মোমের আলোয় ভালোবাসা উদ্যাপন
ভালোবাসার ফোয়ারা ছুটবে আজ নগরে। নগরের বিভিন্ন রেস্তোরাঁ আজ যুগলদের অভ্যর্থনা জানাতে বিশেষ আয়োজন করেছে। ‘ক্যান্ডেল লাইট ডিনারের’ সঙ্গে সংগীতের সুর মূর্ছনায় ভেসে যাওয়ার সুযোগ থাকছে। নগরের আগ্রাবাদ এলাকার অ্যাম্ব্রোসিয়া রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে ভালোবাসার গানের অনুষ্ঠানের। গানের সঙ্গে থাকছে ‘ভ্যালেন্টাইনস স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনার’। মোমের মৃদু আলো প্রিয়জনের সঙ্গে একান্ত মুহূর্ত ভাগ করে নিতেই এই ব্যবস্থা—জানাল অ্যাম্ব্রোসিয়া কর্তৃপক্ষ। রাতে জনপ্রিয় সংগীত তারকা এস আই টুটুল ও দিনাত জাহান মুন্নী এখানে গাইবেন ভালোবাসার গান। বুফে খাবারে জনপ্রতি খরচ পড়বে ৭৭৭ টাকা। অ্যাম্ব্রোসিয়া রেস্তোরাঁর জুনিয়র এক্সিকিউটিভ জোসেফ গোমেজ বলেন, ‘বিশেষ এই দিনে যুগলদের অভ্যর্থনা জানাব আমরা। ভালোবাসার দিনটি উদ্যাপনের সুযোগ করে দিতেই এই আয়োজন।’নগরের চার তারকা হোটেল আগ্রাবাদে দুই হাজার ৪০০ টাকায় যুগলদের জন্য রাখা হয়েছে বুফে ডিনারের আয়োজন। সন্ধ্যায় ঢাকা থেকে আগত গজলশিল্পীরা যুগলদের ভাসিয়ে নিয়ে যাবেন মন হারানোর দেশে। নগরের আরেক চার তারকা হোটেল পেনিনসুলা ভালোবাসা দিবস উপলক্ষে আজ যুগলদের জন্য বিশেষ আয়োজন করেছে। আনন্দ আয়োজনে যোগ দিতে প্রত্যেক যুগলের খরচ পড়বে ছয় হাজার টাকা। যুগলদের জন্য রয়েছে ক্যান্ডেল লাইট ডিনার, কেক কেটে আনন্দ করার ও ছবি তোলার বিশেষ ব্যবস্থা। সংগীতের সুর মূর্ছনার সঙ্গে লাকি কুপন ড্রয়েরও ব্যবস্থা থাকছে।নগরের ওয়েলপার্ক রেসিডেন্সে ভালোবাসা দিবস উপলক্ষে আজ রাতে আয়োজন করা হয়েছে গানের সঙ্গে স্পেশাল বুফে ডিনারের। দুই হাজার টাকা খরচ করে যুগলেরা চাইলে যেতে পারেন এখানে, উপভোগ করে আসতে পারেন এদের আনন্দ আয়োজন। হোটেল টাওয়ার ইন ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজন করেছে ক্যান্ডেল লাইট ডিনারের। এখানে জনপ্রতি ৭৫০ টাকা খরচ হবে।প্রতিজন মাত্র ৮৫০ টাকা খরচ করে সিলভার স্পুন রেস্তোরাঁয় গিয়ে অংশ নিতে পারেন বুফে ক্যান্ডেল লাইট ডিনারে। এখানকার পরিচালক আলমগীর হোসেন জানালেন, যুগলদের জন্য কিছু পুরস্কারেরও ব্যবস্থা করেছেন তাঁরা। এ ছাড়া নগরের জিইসির মেরিডিয়ান ও প্যাভেলিয়ন রেস্তোরাঁয় আজ আয়োজন করা হয়েছে স্পেশাল বুফে ক্যান্ডেল লাইট ডিনারের। শুধু নগরের হোটেল-রেস্তোরাঁগুলোতে নয়, নেভাল এলাকা, সমুদ্রসৈকত, ওয়ার সিমেট্রি, ফয়’স লেক সি ওয়ার্ল্ড, স্বাধীনতা পার্কসহ নগরের বিভিন্ন এলাকা মুখরিত হবে তারুণ্য আর যুগলের দৃপ্ত পদচারণে।