বোয়ালখালী উপজেলার বিএনপি ও জামায়াত-সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থীরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের ‘দোয়া’র জন্য ঢাকায় ছুটছেন। গত শনিবার সন্ধ্যায় ঢাকায় গিয়ে তিন প্রার্থী মোর্শেদ খানের সঙ্গে বৈঠক করেন। অনেকে ব্যক্তিগতভাবে গিয়ে ‘নেতার দোয়া’ নিয়ে এসেছেন বলে জানা গেছে। জানা যায়, বৈঠকে উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াত ঘরানার মো. ইকবাল, শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি (সাকা-সমর্থিত) আবদুল মান্নান চৌধুরী ও পোপাদিয়ার ইকবাল পাশা। তাঁদের সঙ্গে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান বদরুচ মেহের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ খান, জেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন খান, নুরুন্নবী চৌধুরী, শহীদুল্লাহ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আলী। ২৫ জুন বোয়ালখালীর সাতটি ইউনিয়নে নির্বাচন হবে। চেয়ারম্যান পদে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ খান বলেছেন, মোর্শেদ খান সাত ইউনিয়নে একক প্রার্থী ঘোষণা করেছেন। বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়ে উপজেলা চেয়ারম্যান বদরুচ মেহের বলেন, মোর্শেদ খান স্পষ্ট করে প্রার্থী ঘোষণা করেননি। যাঁদের পক্ষে জনসমর্থন বেশি রয়েছে, তাঁদের পক্ষে কাজ করার জন্য বলেছেন। দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ খলিল খান বলেন, দলের নাম ভাঙিয়ে কিছু লোক নির্বাচনী মনোনয়ন বাণিজ্য কমিটি করেছেন। শাকপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলী বলেন, ‘ঢাকায় মোর্শেদ খানের সঙ্গে দেখা করে তাঁর সমর্থন নিয়ে প্রার্থী হয়েছি।’ খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি মো. আবদুল্লাহ বলেন, ‘আহমদ খলিল খানের বাসায় ইউনিয়ন বিএনপির সভায় মোর্শেদ খানের সঙ্গে কথা বলে আমাকে প্রার্থী করা হয়েছে।’ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম মোর্শেদ খান প্রথম আলোকে বলেন, ‘আমি একক প্রার্থী ঘোষণা করিনি। মনোনয়নপত্র প্রত্যাহারের পর তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত দেওয়া হবে।’ তবে একটি প্যানেল তৈরি করা হয়েছে বলে জানান তিনি।