মোর্শেদার হাতে পাঁচ হাজার স্বাভাবিক প্রসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোর্শেদা আক্তার
ছবি: সংগৃহীত

৮ অক্টোবর, রাত তখন তিনটা। বাইরে অঝোর বৃষ্টি, বজ্রপাতের ঝলকানি। দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে মোর্শেদা আক্তারের। খুলতেই দেখেন, দুজন লোক। নাম-পরিচয় নিশ্চিত হয়ে তাঁদের এক অন্তঃসত্ত্বা স্বজনের প্রসব করানোর কথা জানতে পারেন। রিকশা জোগাড় করে ওই নারীর বাড়িতে যান। সেখান থেকে তাঁকে নিয়ে আসেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে।

মোর্শেদা বলেন, ‘অক্লান্ত চেষ্টায় সেখানে বিনা মূল্যে শিখা সেলিম নামে ওই মায়ের স্বাভাবিক প্রসব করাই। হাসি ফোটে ওই মায়ের মুখে। যখন বাড়ি ফিরি, তখন ভোর সাড়ে পাঁচটা।’ নিজের অভিজ্ঞতার কথা এভাবেই জানালেন মোর্শেদা আক্তার (৫২)। শিখা সেলিমের মতো এভাবে উপজেলার আরও ৫ হাজার ২১৯ অন্তঃসত্ত্বা মায়ের হাসি ফোটে মোর্শেদার হাতেই। করোনাকালে হাসি ফুটিয়েছেন ২৮৫ মায়ের। ২০০৪ সালে চট্টগ্রাম বিভাগের সেরা পরিবারকল্যাণ পরিদর্শক (এফডব্লিউভি) পুরস্কার পান। জেলা-উপজেলায় সেরার স্বীকৃতি পেয়ে পুরস্কৃত হয়েছেন আরও ১২ বার।

মোর্শেদা আক্তার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শক। উপজেলার মিরপুর গ্রামের জুলহাস মীরের স্ত্রী তিনি। স্বামী মারা গেছেন। মোর্শেদার বাবার বাড়ি একই উপজেলার তপাদারপাড়া গ্রামে। সাত ভাইবোনের মধ্যে মোর্শেদা সবার ছোট। দুই সন্তানের মা মোর্শেদার বড় ছেলে একটি সরকারি কলেজের প্রভাষক এবং ছোট ছেলে বিদেশে উচ্চতর পড়াশোনা করছেন।

২০ অক্টোবর দুপুরে ফরাজীকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে কয়েকজন অন্তঃসত্ত্বা মাকে পরামর্শ দিচ্ছেন। শেষে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, তাঁর শৈশবে এক প্রতিবেশী অন্তঃসত্ত্বা নারী প্রসবের সময় অদক্ষ দাইয়ের ভুল ব্যবস্থাপনায় রক্তক্ষরণে মারা যান। ঘটনাটি তাঁর মনে দাগ কাটে। স্থির করেন, লেখাপড়া করে চাকরি নিয়ে নিরাপদ প্রসব করাতে মায়েদের পাশে থাকবেন।

১৯৮৭ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর মোর্শেদার প্রথম সন্তান জন্ম নেয়। দুই সন্তানের দেখভাল ও ঘরের কাজের ফাঁকে চালিয়ে যান লেখাপড়াও। ১৯৮৯ সালে এইচএসসি পাস করে বরিশালের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রসব ব্যবস্থাপনার ওপর দেড় বছরের প্রশিক্ষণ নেন। ১৯৯২ সালের ২৩ জুন পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে উপজেলার এখলাশপুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে যোগ দেন। পরে আসেন বর্তমান কর্মস্থলে। ২৯ বছরের বেশি সময় ধরে পরিদর্শক হিসেবে এখানেই কাজ করছেন। স্নাতক ডিগ্রিও নেন ১৯৯৭ সালে।

মোর্শেদা জানান, নানারকম প্রতিকূলতা সত্ত্বেও রাতবিরাতে কর্মস্থলে নিরাপদ প্রসব করিয়ে মায়েদের মুখে হাসি ফোটাচ্ছেন। তাঁর কার্যালয়ের দেওয়া তথ্য এবং নিজের রাখা হিসাব অনুযায়ী, এ পর্যন্ত তাঁর বিভিন্ন কর্মস্থলে ৫ হাজার ২২০ মায়ের স্বাভাবিক প্রসব করিয়েছেন মোর্শেদা। ১৭ অক্টোবর বালুচর গ্রামের মাকসুদা বেগমের (২২) নিরাপদ সন্তান প্রসবের মাধ্যমে এই সংখ্যা পূর্ণ হয়।

মোর্শেদা বলেন, ‘করোনাকালের শুরুতে ভয়ে অনেক মা-ই স্বাস্থ্যকেন্দ্রে আসতেন না। তাঁদের বুঝিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এনে প্রসব করিয়েছি। গত বছরের জুলাই থেকে এ বছরের ১৭ অক্টোবর পর্যন্ত ২৮৫ জন মায়ের স্বাভাবিক প্রসবসেবা দিয়েছি। প্রতি মাসে আমার হাতে ১৫-১৬টি স্বাভাবিক প্রসব হয়। কারও জটিলতা থাকলে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছি। মায়েদের কাছে মুঠোফোন নম্বর দিয়ে রাখি, যাতে তাঁরা সরাসরি যোগাযোগ করতে পারেন।’

অন্তঃসত্ত্বা নারীদের প্রতি মোর্শেদার পরামর্শ, নিরাপদ স্বাভাবিক প্রসব হলে মা ও নবজাতকের মৃত্যুর হার অনেক কমবে। এ কারণেই স্বাভাবিক প্রসবের ওপর মনোযোগ বাড়ানো দরকার।

‘প্রসব করানোর বিনিময়ে কারও কাছ থেকে কিছুই নিই না। অনেক গরিব মাকে যাতায়াত ভাড়াও দিয়েছি। রাতে বিদ্যুৎ না থাকলে নিজের টাকায় মোমবাতি, হারিকেনের কেরোসিন তেল কিনেছি। তবে কেউ মিষ্টিমুখ করাতে চাইলে না করিনি।’ বললেন মোর্শেদা।

মোর্শেদা আক্তার সম্পর্কে ফরাজীকান্দি গ্রামের মাকসুদা বেগম ও সর্দারকান্দি গ্রামের শিখা সেলিম জানালেন তাঁদের সন্তুষ্টির কথা। এই ‘ভিজিটর’ আপার দক্ষতায় স্বাভাবিক প্রসবে তাঁদের সন্তান হয়েছে। প্রসবের পর সন্তানসহ তাঁরা সুস্থ আছেন, এটাই বড় কথা।

মোর্শেদার সহকর্মী ফরাজীকান্দি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবারকল্যাণ সহকারী খোদেজা আক্তার বললেন, হাতের কাজ ভালো থাকায় পাশের ইউনিয়নগুলোর মায়েরাও নিরাপদ প্রসবের জন্য তাঁর কাছে ছুটছেন। তাঁর হাতে একজন মায়েরও মৃত্যু হয়নি।

মোর্শেদা আক্তার পাঁচ হাজারের বেশি মায়ের নিরাপদ স্বাভাবিক প্রসব করিয়ে অনন্য মাইলফলকে পৌঁছাতে পেরেছেন। এটি বিরল দৃষ্টান্ত। তিনি মায়েদের ভরসার প্রতীক। এমন কথা মতলব উত্তর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ তা ম বোরহান উদ্দিনের।