মার্কিন মানববিহীন বিমান (ড্রোন) হামলায় শীর্ষ তালেবান নেতা মোল্লা নাজির নিহত হওয়ার ঘটনা পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। তালেবানকে সমঝে চলে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে চলেছে, এমন এক সময় এই হামলার ঘটনা ঘটল।অনেকে মনে করছেন, এ ঘটনা আপাত শান্ত তালেবানকে নতুন করে সহিংস ঘটনা ঘটাতে উসকে দেবে। বাড়বে পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা। এতে সংঘাতময় পরিস্থিতি থেকে শান্তির পথে দেশটির উত্তরণ আরও বাধাগ্রস্ত হবে।২ জানুয়ারি পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা এলাকার কাছে ড্রোন হামলায় নিহত হন মোল্লা নাজির। তিনি মৌলভি নাজির ওয়াজির নামেও পরিচিত।সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের আফগান সীমান্তসংলগ্ন এলাকায় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। মোল্লা নাজির নিহত হওয়ার ঘটনা তাদের জন্য একটি বড় ধরনের সাফল্য। এর আগে ওই উপজাতীয় এলাকায় ড্রোন হামলায় যে দুজন শীর্ষ তালেবান নেতা নিহত হন, তাঁরা হলেন নেক মোহাম্মদ ও বায়তুল্লাহ মেহসুদ।পাকিস্তানের ওই উপজাতীয় এলাকায় যে বড় তিনটি জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, মোল্লা নাজিরের গোষ্ঠী তার অন্যতম। অন্য দুটি হচ্ছে হাক্কানি নেটওয়ার্ক ও হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন গোষ্ঠী।মোল্লা নাজিরের মৃত্যু পাকিস্তানি তালেবানের জন্য একটি বড় ধরনের আঘাত। একই সঙ্গে পাকিস্তানি সরকারের সঙ্গে তাদের শান্তিচুক্তিও একটা বড় ধরনের ধাক্কা এটি। আফগান ও পাকিস্তানি তালেবানের এই অসময়ে তাদের জন্য আশীর্বাদস্বরূপ ছিলেন মোল্লা নাজির। দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা এলাকায় তালেবান জঙ্গিদের জন্য নিরাপদ আস্তানা গড়ে তোলেন তিনি।তালেবান নেতা হিসেবে মোল্লা নাজিরের উত্থান ২০০৪ সালে। ওই সময় ড্রোন হামলায় নেক মোহাম্মদ নিহত হওয়ার পর ওয়াজির উপজাতির মধ্যে নেতৃত্বের টানাপোড়েন শুরু হয়। দেখা দেয় প্রচণ্ড বিরোধ। তখন শীর্ষ তালেবান নেতা মোল্লা ওমর তাঁকে স্থানীয় নেতা নিয়োগ করেন। নেতা হওয়ার পর মোল্লা নাজির দক্ষতার সঙ্গে অভ্যন্তরীণ কোন্দলের অবসান ঘটান।২০০৭ সালে পাকিস্তানের ভেতর বহিরাগত উজবেক জঙ্গিরা বেশ বেপরোয়া হয়ে ওঠে। ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তানের এসব জঙ্গি পাকিস্তানিদের হত্যা করতে থাকে। স্থানীয় ওয়াজির উপজাতির দুই শতাধিক বর্ষীয়ান নেতাকে তারা হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। সে বছর উজবেক জঙ্গিদের দমনে লড়াই শুরু করে মোল্লা নাজিরের নেতৃত্বাধীন যোদ্ধারা। তাদের সহায়তা করেন ওয়ানা এলাকার পাকিস্তানি সেনারা। উজবেক জঙ্গিদের বিতাড়িত করার কারণে মোল্লা নাজির পাকিস্তান সরকারের প্রিয়ভাজন হয়ে ওঠেন।২০০৭ সালে ইরাকযুদ্ধের দিকে বেশি মনোযোগী ছিল যুক্তরাষ্ট্র। এ কারণে আফগানিস্তানে তাদের সেনাসংখ্যাও ছিল কম। এই সুযোগে তালেবান খুব বেপরোয়া হয়ে ওঠে। কেবল আফগানিস্তানেই নয়, পাকিস্তানেও তাদের তৎপরতা বেড়ে যায়। ওই সময় জঙ্গিদের বাগে আনতে মোল্লা নাজিরের সঙ্গে বেশ কিছু শর্তাধীনে শান্তিচুক্তি করেন পাকিস্তানি সেনারা। আন্তর্জাতিক অনেক বিশ্লেষকের মতে, ওই চুক্তির মাধ্যমে পাকিস্তান তাদের উপজাতীয় এলাকায় তালেবানকে নিরাপদ ঘাঁটি গড়ে তোলার সুযোগ দিয়েছে।মোল্লা নাজির অন্যান্য তালেবান নেতার তুলনায় কিছুটা নরম থাকায় নিজ গোষ্ঠীর লোকজনের কাছে খুব জনপ্রিয় ছিলেন। এ কারণে নিজ এলাকায় তাঁর প্রভাবও ছিল অনেক।ইরাকযুদ্ধের পর আফগানিস্তানে সেনাসংখ্যা বাড়ায় যুক্তরাষ্ট্র। কিন্তু তত দিনে মোল্লা নাজির বেশ মজবুত অবস্থানে পৌঁছান। আফগানিস্তানে গিয়ে পশ্চিমা সেনাদের সঙ্গে লড়াই করার জন্য তালেবান জঙ্গিদের প্রশিক্ষণ দিতে থাকেন তিনি। বলা হয়ে থাকে, ২০০৯ ও ২০১০ সালে তাঁর নেতৃত্বে সুপ্রশিক্ষিত শত শত পাঞ্জাবি তালেবান জঙ্গি আফগানিস্তানে প্রবেশ করে। পশ্চিমা সেনাদের আহারনিদ্রা হারাম করে দেয় তারা। তাদের সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ের জের ধরেই পশ্চিমা জোট আফগানিস্তান থেকে পাততাড়ি গোটানোর সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে মোল্লা নাজিরের নিহত হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের জন্য অবশ্যই একটি সুখবর।কিন্তু এ ঘটনা ওয়াজিরিস্তানের পরিস্থিতিকে টালমাটাল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। নিরাপত্তার অভাবের কারণে ওই এলাকা থেকে সংবাদমাধ্যম দূরে থাকলেও সেখানকার গোষ্ঠীগুলোর পারস্পরিক বিরোধের কথা কারও অজানা নয়। মোল্লা নাজিরের মৃত্যুতে ওই এলাকার নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ বিরোধ দেখা দেবে। এ ছাড়া অন্য জঙ্গিগোষ্ঠীগুলোও নিজ নিজ প্রভাব বিস্তারে সচেষ্ট হবে। এর মধ্যে রয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। ওয়ানা এলাকায় চতুর্থ শক্তি হিসেবে তাদের আবির্ভাব মেহসুদের গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে। ২০০৭ সাল থেকে পাকিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে টিটিপি। সাম্প্রতিক মাসগুলোয় ওয়ানা এলাকায় প্রতিদ্বন্দ্বী ওয়াজির গোষ্ঠীর ওপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে দলটি। গত নভেম্বরে তাদেরই এক আত্মঘাতী হামলায় আহত হয়েছিলেন মোল্লা নাজির।ওয়ানা এলাকার অস্থিতিশীলতা আফগান তালেবানের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। ওই এলাকা এখন তাদের সবচেয়ে বড় নিরাপদ ঘাঁটি। শক্তি অটুট রাখার ক্ষেত্রে ওয়ানা আফগান তালেবানের জন্য একটি কৌশলগত বিষয়। আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে এটি মূল্যবান দর-কষাকষির হাতিয়ার।মোল্লা নাজিরের জায়গায় নতুন নেতা হিসেবে বাহাওয়াল খানের নাম ঘোষণা করা হয়েছে। তিনি সালাহউদ্দিন আইয়ুবি নামেও পরিচিত। একজন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মোল্লা নাজিরের ঘনিষ্ঠ সহযোগী বাহাওয়াল খানের বয়স ৩৪ বছর। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন অভিযানের আগে নাজিরের সঙ্গে থেকে যুদ্ধ করেছেন তিনি।বাহাওয়াল খান নিরক্ষর। একসময় বাসচালক ছিলেন। মোল্লা নাজিরের সঙ্গে দীর্ঘদিন থাকলেও তিনি অতটা শান্ত নন। বরং বদমেজাজি। এর পরও কেউ কেউ আশা করছেন, মোল্লা নাজির উপজাতীয় লোকজনের মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠা করে গেছেন, বাহাওয়াল খান তা ধরে রাখতে পারবেন। তবে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মোকাবিলায় তাঁর ভূমিকা কী হবে, তা-ই এখন দেখার বিষয়।