
আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না! আমি আর আমার প্রিয় অভিনেতা মোশাররফ করিম একসঙ্গে বসে চা খাচ্ছি! গল্প করছি!! আমি মোশাররফ করিমকে বললাম, ‘আমি স্বপ্ন দেখছি না তো?’ উনি বললেন, ‘আরে পাগল, আমি তোমার সামনেই।’ গল্প করতে করতে একসময় বললাম, ‘আমি আপনার সব নাটক দেখেছি।’ তাঁর যেন বিশ্বাস হচ্ছে না। তিনি বললেন, ‘আচ্ছা, ঠিক আছে, আমার একটা নাটকের ডায়ালগ দাও তো দেখি।’ আমি তখন না শোনার ভান করে পুনরায় জিজ্ঞেস করলাম, ‘কী বললেন, বুঝতে পারিনি।’ তিনি আবার বললেন, ‘আমার কোনো একটা নাটকের একটা ডায়ালগ দাও শুনি।’ আমি তখন কানে হাত দিয়ে বললাম, ‘মেশিনে ডিস্টার্ব, কিচ্ছু শোনা যায় না, কিচ্ছু শোনা যায় না।’ আমার কথা শোনে উনি খুব মজা পেলেন। আমাকে পিঠ চাপড়ে যখন কিছু বলতে যাবেন, তখনি চোখ মেলতে হলো। দেখি, আমার রুমমেট আমার পিঠ চাপড়ে বলছে, ‘হাসান, এই হাসান, ওই দিকে একটু সরে ঘুমা না!’
মো. হাসান মাহমুদ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি),ঢাকা