মোশাররফের দ্বিতীয় ইনিংস
আবারও আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ। ১৯৯৯ সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে যখন ক্ষমতা দখল করেন, তখন দোর্দণ্ড প্রতাপ তাঁর। দুর্নীতির জন্য ধিক্কৃত রাজনীতিকদের একহাত নিয়েছিলেন। দেশ চালিয়েছেন কঠোর লৌহমানবের কায়দায়।গ্রহের ফেরে সেই পরাক্রমশালী সেনাশাসককে প্রথমে ক্ষমতা, তারপর দেশ ছাড়তে হয়েছে। নানা ঘটনাপ্রবাহের পর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে ২০০৭ সালে নির্বাচন ঘোষণা করেন মোশাররফ। গ্রেপ্তার এড়াতে এখন লন্ডনে স্বেচ্ছায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। সেই পারভেজ মোশাররফ সুর নরম করে দেশবাসীকে নিজের পক্ষে টানার চেষ্টা করছেন আবার এত দিন পর। রাজনীতি আর নেতাদের ধোলাই করার পর নিজেও শেষ পর্যন্ত সেই পথই ধরলেন। অল পাকিস্তান মুসলিম লিগ নামে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি।প্রশ্ন উঠেছে, উর্দি ছাড়া পারভেজ মোশাররফ কি রাজনীতির মাঠে সুবিধা করতে পারবেন?লন্ডনের সংবাদ সম্মেলনে মোশাররফ দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, তিনি পাকিস্তানে ফিরবেন। তবে কবে ফিরবেন, তা সুনির্দিষ্ট করে জানাননি। দেশত্যাগের আগে মোশাররফ বলতেন, তিনি কখনোই পাকিস্তান ছেড়ে যাবেন না। এখন দেশে ফিরে গেলে কঠিন বিরোধিতার মুখোমুখি হবেন মোশাররফ। তাঁর শত্রুদের অনেকেই এখন শক্তিশালী অবস্থানে।একজন ঊর্ধ্বতন পশ্চিমা কূটনীতিক বলেন, ‘আমার মনে হয়, মোশাররফ পাকিস্তান থেকে অনেক বছর দূরে থাকবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একসময় তিনি যে সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন, প্রভাবশালী সেই সেনাবাহিনীই এখন তাঁর পেছনে নেই।’ রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেওয়ার সময় মোশাররফ বলেন, ‘ভুল সিদ্ধান্তের জন্য এই সুযোগে আমি গোটা জাতির কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।’ তবে তিনি বলেননি যে ভুলগুলো কী ছিল। মোশাররফ জানান, দারিদ্র্য আর ক্ষুধার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে তাঁর দল। পারভেজ মোশাররফের এই নম্রতাকে বিরল হিসেবে বর্ণনা করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তাঁরা বলছেন, প্রায় নয় বছরের শাসনামলে তাঁকে এতটা নরম হতে কখনোই দেখা যায়নি।সংবাদ সম্মেলনে অবশ্য ভুল স্বীকারের কয়েক মুহূর্তের মধ্যেই নিজের স্বভাবসুলভ কঠোর চেহারায় ফিরে যান সাবেক এই সেনাপ্রধান। ওই কাঠখোট্টা মোশাররফই বেশি চেনা পাকিস্তানিদের। তাঁর কথার গুরুত্বের মাত্রা বোঝাতে কণ্ঠস্বর ও মুখশ্রীতে যথাসম্ভব গাম্ভীর্য ফুটিয়ে তুলে মোশাররফ বলেন, সব দেশপ্রেমিক মানুষকে একই পতাকাতলে আনা দরকার। আর এই পতাকা হওয়া উচিত তাঁর নবগঠিত রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলিম লিগের পতাকা।গর্বের সঙ্গে মোশাররফ দাবি করেন, তিনি দেশে এখনো জনপ্রিয়। জনপ্রিয়তার প্রশ্নে পারভেজ মোশাররফের এই বক্তব্যের সঙ্গে অনেক পাকিস্তানি একমত না-ও হতে পারেন। রাজনৈতিক নেতাদের দুর্নীতি ও অপশাসনে বিরক্ত অনেক মানুষ যে সেনাশাসনকে স্বাগত জানায়নি তা বলা অবশ্য সত্যের অপলাপ হবে। সব স্বৈরশাসকের মতো লোকের মনভোলানো কাজও কম করেননি মোশাররফ। তার পরও বিশেষ করে যুক্তরাষ্ট্রের ‘হাতের পুতুল’ হয়ে পড়াসহ বিভিন্ন অভিযোগে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়ে। মোশাররফের দল গড়ে রাজনীতিতে নামার বিরোধিতা করছেন অনেকে। কয়েকজন পুরোনো প্রতিপক্ষ এর তীব্র সমালোচনা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুসলিম লীগের শীর্ষস্থানীয় নেতা ও আইনপ্রণেতা খাজা মোহাম্মদ আসিফ তাঁদের একজন। খাজা আসিফ বলেন, ‘মোশাররফ যেন এমন রূপোজীবিনী, যিনি বার্ধক্যে পৌঁছে গেছেন, কিন্তু নিজেকে কুমারী ঘোষণা করে বিয়ে করতে চান। এটা হাস্যকর। এই ব্যক্তি প্রায় নয় বছর সেনাপ্রধান থেকে রাজনীতি করেছেন। তিনি নিজের সঙ্গেই প্রতারণা করেছেন।’প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রিকেট কিংবদন্তি ও রাজনীতিক ইমরান খান বলেন, পাকিস্তানে সেনাবাহিনীর প্রধান হওয়া এক বিষয় আর সাবেক জেনারেল হিসেবে রাজনীতিতে প্রবেশ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।অভিজ্ঞ সাংবাদিক তালাত হুসেইন বলেন, জেনারেল মোশাররফের রাজনীতিতে ফিরে আসা নিয়ে সেনাবাহিনী তেমন আগ্রহী নয় বলেই মনে হচ্ছে। তাঁর মতে, নিজেদের ভাবমূর্তির উন্নতির জন্য সচেষ্ট বর্তমান সামরিক নেতৃত্ব মোশাররফ উপাখ্যান থেকে নিজেদের দূরে রাখার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তালাত হুসেইনকে পাকিস্তানের বর্তমান সামরিক নেতৃত্বের চিন্তাভাবনার সঙ্গে পরিচিত বলে বিবেচনা করা হয়।একই ধরনের মনোভাব ব্যক্ত করেছেন মোশাররফেরই মন্ত্রিসভার এক সদস্য। ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত মোশাররফের স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব শেরপা বলেন, ‘এখানে তাঁর কোনো রাজনৈতিক ভিত্তি নেই। নিরাপত্তা-ঝুঁকির কারণে তিনি কোথাও যেতেও পারবেন না।’আফতাব শেরপার ধারণা, জঙ্গিদের পক্ষ থেকে হুমকি নিশ্চিতভাবেই মোশাররফকে ইচ্ছামতো রাজনৈতিক সভা-সমাবেশে যোগ দিতে দেবে না। পারভেজ মোশাররফ নিজেই বলেছেন, লন্ডনে দলের আত্মপ্রকাশের কারণ, এই মুহূর্তে দেশে ফিরলে আততায়ীর হাতে তাঁর প্রাণ যাওয়ার আশঙ্কা রয়েছে।সামরিক-বেসামরিক যে চক্র পাকিস্তান চালিয়ে আসছে, তাতে সাবেক প্রেসিডেন্টের সমর্থক কিছু নেই তা নয়। তবে যে প্রার্থীর অন্তত অর্ধেক সম্ভাবনা আছে, তারা শুধু তাকেই সমর্থন করে। কিন্তু মোশাররফের সম্ভাবনা শূন্যের কোঠায়। অলৌকিক ঘটনা ছাড়া তাঁর পক্ষে পাকিস্তানের রাজনীতিতে কোনো পরিবর্তন আনার আশা নেই।সব মিলিয়ে তাই বলা যায়, রাজনীতির দ্বিতীয় ইনিংসটা খুব সুখকর হতে যাচ্ছে না সাবেক এই সেনাশাসকের।