মূল রচনা: ২৩ বছর দেশের বাইরে তিনি। এর মধ্যে শেষ ১৫ বছর কেটেছে পাকিস্তানের জেলে। পরিবার জানত আর বেঁচে নেই মোসলেম উদ্দীন সরকার। রেডক্রসের সহযোগিতায় ‘মৃত’ মোসলেম দেশে ফিরে আসেন ৩১ জুলাই। ময়মনসিংহের ফুলবাড়িয়া ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মো. রুবেল
মোসলেমের ফিরে আসা
বয়স ১৪। পেশা ক্রেন হেলপার। স্কুলজীবন বাদ দিয়ে মোসলেম উদ্দীন ওইটুকু বয়সে চট্টগ্রাম বন্দরে ক্রেনের দায়িত্বশীল হেলপার। বছর খানেকের মধ্যে হেলপার থেকে পাক্কা চালক। শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন বড় বড় ক্রেন। মোসলেমের ভালো লাগে সাগর পাড়ের জীবন। বড় বড় জাহাজের ভেঁপু শুনলে মনটা উদাস লাগে খুব। ছুটি মিললেই বাড়ি আসেন। মা-বাবা, ভাইবোনদের সঙ্গে কাটিয়ে যান কদিন। তারপর আবার সেই কোলাহলপূর্ণ বন্দর। সবকিছু মিলে ভালোই কাটছিল দিন। এরই মধ্যে বন্দরেই কিছু বন্ধু জুটে যায় মোসলেমের। অবসর সময়ে বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি আর চট্টগ্রাম শহরে সিনেমা দেখেই কাটিয়ে দেন মোসলেম। একদিন বন্ধুদের সঙ্গে আড্ডাতেই প্রসঙ্গটা ওঠে। এখানকার চেয়ে পাকিস্তানে আয় বেশি। কোনোভাবে পাকিস্তান যেতে পারলেই কেল্লাফতে। জীবন আরও রঙিন। চিন্তাটা মাথায় খেলে যায় মোসলেমের। এই জীবনটা মন্দ নয়। তবুও আয়েসি জীবনের লোভ তাঁকে হাতছানি দিয়ে ডাকে। সেই হাতছানিতেই মোসলেম দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন। কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই পাকিস্তানের উদ্দেশে রওনা হন মোসলেম উদ্দীন। কাঁটাতারদিন-তারিখ পরিষ্কার মনে নেই। সাল ১৯৮৯। সময় অক্টোবর-নভেম্বর। শীতের সকাল। চট্টগ্রাম থেকে প্রথম গন্তব্য সিলেট। গেলেন সোজা সিলেটের জকিগঞ্জ। তখন সন্ধ্যা। সীমানাপ্রহরীদের চোখ ফাঁকি দিয়ে কুশিয়ারা নদী পার হয়ে পৌঁছে যান ওপারে করিমগঞ্জে। প্রবাস জীবন শুরু হয় মোসলেমের। ভারতের বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে কাটিয়ে দেন কয়েক বছর। তখন থেকেই মোসলেম উদ্দীন পরিবারের কাছে ‘নিখোঁজ’। অবশ্য মোসলেমের লক্ষ্য ভারত না, পাকিস্তান। যে করেই হোক তাঁকে পাকিস্তানে পৌঁছাতে হবে। তাঁর ভাবনায় ছিল, ভাগ্য পরিবর্তনের জন্য পাকিস্তানই উপযুক্ত জায়গা। ভারতের বিভিন্ন এলাকা ঘুরে সীমান্ত পার হওয়ার স্থান হিসেবে বেছে নেন পাঞ্জাব এলাকা। ১৯৯২ সালের শেষ দিকে। অবশেষে স্বপ্ন সফল হয়। পাঞ্জাব রাজ্যের সীমান্তের তারকাঁটার বেড়ার ফাঁক গলে সবার অগোচরে মোসলেম পৌঁছে যান পাকিস্তানে। তারপর সোজা করাচি। সেখানে কয়েক দিন ঘোরাফেরা করে কাজও জুটিয়ে ফেলেন একটা। প্লাস্টিকের কারখানায় কাজ শুরু করেন তিনি। তারপর পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানে। কিন্তু যে আশা নিয়ে এতগুলো কঠিন চোখ ফাঁকি দিয়ে দুটি দেশ পার হয়ে এসেছেন সে আশায় গুড়েবালি। শ্রমের মূল্য এখানে নেই বললেই চলে। তবুও এসেই যখন পড়েছেন তখন কিছুদিন থাকার সিদ্ধান্ত নেন মোসলেম। কিছু টাকা তো জমানো দরকার আগে। বিভিন্ন এলাকা ঘুরে পাঁচ বছর কাটল। ভাবলেন এবার দেশে ফিরবেন। জমানো টাকার অর্ধেক দিয়ে বাড়ির সবার জন্য কেনাকাটা করলেন। তারপর যে উপায়ে এসেছেন সে উপায়েই নিজের দেশে ফেরার সিদ্ধান্ত। সন্ধ্যার দিকে পৌঁছান সীমান্তের কাছে। মোটামুটি সব প্রস্তুতি শেষ। তক্ষে তক্ষে আছেন। প্রহরীরা একটু অন্যমনস্ক হলেই ঢুকে পরবেন ভারতে। তারপর বাংলাদেশ-ভারত সীমান্ত পার হয়ে নিজ দেশে, বাবা-মায়ের কাছে। যদিও তিনি কোথায় আছেন, কেমন আছেন এত দিনে কিছুই জানাননি কাউকে। তবুও কল্পনার চোখ দিয়ে মোসলেম বুঝে ফেলেন, বাড়িতে সবাই তাঁর অপেক্ষায়। গেলে ঠিকই মা তাঁকে বুকে জড়িয়ে ধরবেন। তাই যেতেই হবে তাকে। কল্পনা করতে করতেই তিনি সীমান্তের তারকাঁটা বেড়ার পাশে এসে দাঁড়ান। মাথাটা গলিয়ে দেবেন বেড়ার ফাঁকে ঠিক তখনই দূর থেকে একটা বলিষ্ঠ কণ্ঠ ভেসে আসে, ‘তুমলোক ইন্ডিয়ান জাসুস?’অতঃপর ভারতের চর হিসেবে পাকিস্তানি সীমান্তরক্ষীদের হাতে আটক হন মোসলেম। নিজের পরিবারের কাছে তত দিনে তিনি ‘মৃত’। জেল থেকে বলছিপাকিস্তান সীমান্তে অবৈধভাবে প্রবেশের দায়ে আটকের পর পরই মোসলেমের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়। ভারতের গুপ্তচর হিসেবে আটক হওয়ার ফলে তার ওপর নেমে আসে নির্যাতনের খড়গ। নির্যাতনে সামনের দুটি দাঁত হারান মোসলেম। আর কোথাও কি কোনো চিহ্ন আছে? মোসলেম পেছন থেকে শার্ট উঁচু করে দেখান। খালি চোখেই দেখা যায়, পিঠের ওপর অসংখ্য কালো দাগ। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে মোসলেমের চোখ ভিজে ওঠে। কিছুক্ষণ থেমে পরনের লুঙ্গির এক কোনা দিয়ে চোখ মুছে আবার শুরু করেন, ‘ভারতের গুপ্তচর হিসেবে আটক হওয়ার পর আমাকে আদালতে নেওয়া হয়। আদালত ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়। আমি চোখে আশার আলো দেখি। ছয় মাস পরেই তো দেশে যেতে পারব। জেলখানায় যাওয়ার পর নির্যাতনের মাত্রা কমে আসে। কিন্তু খাওয়া-দাওয়ার কষ্ট শুরু হয়। খাবারের তালিকায় চলে আসে শুধু রুটি আর ডাল। কিন্তু সব সময় ভাত-মাছ খেয়ে বড় হওয়া মুখে কি আর সহজে রুটি-ডাল রোচে! তবুও কয়েক মাসের মধ্যে সে খাবারেও অভ্যস্ত হয়ে পড়ি। কিন্তু শরীর দুর্বল। নিজেকে বোঝাই ছয় মাস পরেই তো মুক্তি পাচ্ছি। কিসের ছয় মাস। কত ছয় মাস চলে যায় অথচ এই চার দেয়াল থেকে আমার মুক্তি মেলে না। প্রতিবছর একবার করে আদালতে নিয়ে যায় বন্দী কয়েদিদের। আমাকে দেখে জেল পুলিশকে উদ্দেশ করে বিচারক বলেন, “একে মুক্তি দিচ্ছ না কেন? দেশে এর সংসার কি তুমি চালাও?” তবুও আমার মুক্তি মেলেনি। বছরের পর বছর আমার গ্রামের বাড়ির ঠিকানায় চিঠি লিখেছি। সে চিঠি পৌঁছেছে কি না জানি না। ওইখানে বাংলাদেশি দূতাবাসে চিঠি লিখেছি। সেখান থেকেও কোনো উত্তর পাইনি। আশা ছেড়েই দিয়েছিলাম। এ জীবনে আর দেশে যেতে পারব না। মায়ের মুখ দেখার সৌভাগ্য আমার মতো হতভাগার আর হবে না। কিন্তু ছয় মাসের জেল যখন সাড়ে ১৫ বছরে গিয়ে ঠেকল তখন ভাগ্য আমার ওপর সহায় হলো। ’ একনাগাড়ে কথাগুলো বলে থামেন মোসলেম। মাটির দিকে তাকান। আমরা বুঝি এই মাটির যে ভালোবাসা তা দেশের বাইরে গেলেই বেশি করে বোঝা যায়। আর বিদেশের জেলখানায় বন্দী থাকলে...যেভাবে ফিরে আসাপ্রায় দুই মাস আগে ফুলবাড়িয়া উপজেলার ৪ নং রাঙামাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম সারোয়ারের মুঠোফোনে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, তাঁর ইউনিয়ন পরিষদের বিষ্ণুরামপুর গ্রামের মোসলেম উদ্দীন নামের এক ব্যক্তি পাকিস্তান জেলে আটক আছেন। পরিবার চাইলে তাঁকে ফেরত আনতে পারে। চেয়ারম্যান সঙ্গে সঙ্গে একই গ্রামের ইউনিয়ন পরিষদ সচিব নুরুল ইসলামকে বিষয়টি জানান। নুরুল ইসলাম জানান মোসলেমের বড় ভাই সেকেন্দার আলীকে। তাঁরা চেয়ারম্যানের দেওয়া নম্বরে যোগাযোগ করতে গিয়ে ব্যর্থ হন। কোনোভাবেই কথা বলতে পারেন না। ব্যর্থ হয়ে তাঁরা যোগাযোগ করেন এপির সাংবাদিক জুলহাস উদ্দিনের সঙ্গে। তাঁর গ্রামের বাড়িও এখানেই। তিনি তাঁদের যোগাযোগ করিয়ে দেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির সঙ্গে। রেডক্রস তাদের বিস্তারিত জানিয়ে একটি আবেদনপত্র জমা দিতে বলেন। আবেদনপত্র জমা দেওয়ার পর পুরো বিষয়টি ট্রেসিং ফিল্ড অফিসার রুখসানা জাহানের তত্ত্বাবধানে চলে আসে। যোগাযোগ করে দেখেন নম্বরটি পাকিস্তানে বাংলাদেশি দূতাবাসের। সত্যি সত্যি মোসলেম নামের একজন পাকিস্তানের করাচি জেলে আটক রয়েছেন ১৫ বছরেরও বেশি সময় ধরে। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় মোসলেমের পরিবারকে। তখনো তাঁরা বিশ্বাস করতে পারেননি, দুই দশক ধরে যে মানুষটির কোনো খবর পাননি, জানেন না কোথায় আছে, ধরেই নিয়েছেন তিনি আর পৃথিবীতে নেই! মায়ের চোখের পানি ঝরতে ঝরতে যখন শুকিয়ে গেছে প্রায় তখনই আবার অশ্রুর বাঁধ ভাঙে নতুন করে। ভাইয়েরা আশায় দিন গোনেন। এরই মধ্যে পাকিস্তানে যোগাযোগ এবং জেলখানা থেকে ছাড়িয়ে আনার প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে রেডক্রস। মোসলেম উদ্দিনের আসার দিনক্ষণ ঠিক করেন ২১ জুলাই। কিন্তু অনিবার্য কারণে সেটি পিছিয়ে যায় ৩০ তারিখ পর্যন্ত। করাচির জেলখানায় আটক মোসলেম তখন জানেন না তিনি দেশে ফিরছেন। ৩০ জুলাই রাতের খাবার খাওয়ার আগে আগে তাঁকে জানানো হয় তাঁর মুক্তি মিলবে আজ। তিনি দেশে যেতে পারছেন। উচ্ছ্বসিত মোসলেম সারা দিন রোজা রাখলেও খাওয়ার কথা ভুলে যান। মোসলেম বলছিলেন, ‘রাত ১১টার দিকে পুলিশের গাড়িতে করাচি বিমানবন্দরে আসি। কাপড়-চোপড়সহ একটা ব্যাগ ছিল সঙ্গে। জেলখানা থেকে বেরুনোর সময় বারবার চেক করছিল বলে ওটা রাগ করে রেখে আসি। তারপর মধ্যরাতের দিকে বিমানে উঠি। বিমানেই সেহির খাই। আর চিন্তা করি আমাকে কি কেউ চিনতে পারবে? আমি কি কাউকে চিনতে পারব! কেমন আছে আমার মা-বাবা, ভাই-বোন। কত বড় হয়েছে ভাতিজাটা। ওর বয়স কত হলো এখন।’ এদিকে করাচি থেকে মোসলেমকে বহনকারী বিমান এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ৩১ জুলাই সকাল সাড়ে আটটায়। দেশি-বিদেশি অসংখ্য সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে দীর্ঘ ২৩ বছর পর দেশের মাটিতে পা রাখেন বিষ্ণুরামপুরের ভাগ্যবিড়ম্বিত যুবক মোসলেম উদ্দীন। গায়ে পাকিস্তানি কায়দার পোশাক। দাড়িতে ভর্তি মুখটা দেখে পুরোনো চেহারা মেলানো যায় না সহজে। ধীরপায়ে এদিক-সেদিক তাকিয়ে তিনি বেরিয়ে আসেন। তিনি ধরেই নেন অন্য সবার মতো কেউ নেই তাঁর অপেক্ষায়। এদিকে চেনার সুবিধার্থে রেডক্রস আগেই মোসলেমের বর্তমান সময়ের এক কপি ছবি দিয়ে রেখেছিল স্বজনদের কাছে। ছবি হাতে বিমানবন্দরে মোসলেমের জন্য অপেক্ষা করেন তাঁর দুই ভাই, তিন ভাতিজা ও রেডক্রসের কর্মী। বড় ভাই দূর থেকে দেখেই চিনতে পারেন। কাছে গিয়ে চোখের দিকে তাকান। মোসলেমের বয়সের ছাপ পড়া চোখ গলে পানি পড়া শুরু। দুই হাত বাড়িয়ে ছোট ভাইকে বুকে জড়িয়ে নেন সেকেন্দার আলী। ছোটভাই খানিকটা অভিমানেই নিজেকে লুকিয়ে রেখেছিলেন এতক্ষণ। তবুও এত দিন পরে ভাইকে পেয়ে সব ভুলে যান তিনি। আনন্দ অশ্রুতে তিনি আছড়ে পড়েন ভাইয়ের বুকে। সাড়ে তিন বছর বয়সী যে ভাতিজাকে মোসলেম রেখে গিয়েছিলেন সেই ভাতিজা এখন দুই সন্তানের জনক। তাঁকেও বুকে নেন তিনি। বিষ্ণুরামপুরের বাড়িরেডক্রসের গাড়িতে করেই রওনা হন গ্রামের বাড়ি বিষ্ণুরামপুরের দিকে। পথে মাওনা নেমে মোসলেমের ১৫ বছরের দাড়ি-গোঁফ কাটিয়ে নেন। বাকি পথটুকু অনেক দীর্ঘ মনে হয় মোসলেমের কাছে। এই দীর্ঘ সময়েই তিনি অনুধাবন করেন দেশে কম পরিবর্তন হয়নি। যে মাটির রাস্তায় তিনি বাবার হাত ধরে হেঁটে বেড়িয়েছেন সেই রাস্তা এখন পাকা। শাঁ শাঁ করে গাড়ি যায়-আসে। যে পথ দিয়ে একসময় সাইকেল চালানোই কঠিন হয়ে যেত সেই পথ দিয়ে গাড়িসমেত একদম বাড়ির কাছে গিয়ে নামেন মোসলেমসহ সবাই। বাড়িতে গিড়ে দাঁড়াতেই অন্য রকম একটি ঘটনা ঘটে যায়। মোসলেমকে দেখেই মা জ্ঞান হারিয়ে ফেলেন। প্রায় ৩০ মিনিট পর তাঁর জ্ঞান ফেরে। ছেলেকে কাছে নিয়ে তিনি হাত-পা নেড়ে দেখেন। মাথায় হাত বুলান। ছেলের গায়ের ক্ষতচিহ্নগুলো ছুঁয়ে দেখেন আর কাঁদেন। ছেলে মায়ের দিকে তাকান। মায়ের শরীরের চামড়ায় ভাঁজ পড়েছে। অথচ পুরোনো প্রিয় গন্ধটা এখনো যায়নি। মায়ের কোলে মাথা রাখেন মোসলেম। এরই মধ্যে বিষ্ণুরামপুরসহ আশপাশের গ্রামের সব মানুষ দেখতে আসেন মোসলেমকে। ছেলেকে বুকে জড়িয়ে খানিকটা গর্বভরেই ৮৫ বছর বয়সী মা জয়নব বেগম বলেন, ‘দেখছ, আমার ছেলে ঠিকই আমার কাছে ফিরে আসছে।’মোসলেম উদ্দীনরা চার ভাই, দুই বোন। ছোটবেলা থেকে প্রচণ্ড চঞ্চল তিনি। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বিষ্ণুরামপুর গ্রামের বাড়ির পাশেই বড়বিলা নামের একটি বিল। সেখানে মানুষ মাছ ধরে। আর মোসলেম শিকার করে আনে পাখি। তাও আবার কোনো প্রকার ফাঁদ বা বন্দুক ছাড়াই। তার সম্পর্কে বড় ভাই সেকেন্দার আলী বলেন, ‘মোসলেম ছোটবেলা থেকে অনেক চঞ্চল আর চটপটে। পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। কিন্তু ওরে আমরা বেশি পড়াইতে পারি নাই। প্রাইমারি পর্যন্ত পড়ছে।’ মোসলেমের বাবা কৃষিকাজ করে সংসার চালাতেন। অভাবের সংসারে কোনো ছেলেকেই তিনি প্রাইমারির গণ্ডি পার করাতে পারেননি। বাবার ওপর মোসলেমের অভিমান জমা ছিল। এখন বাবা নেই। মারা গেছেন বড় এক ভাইও।মোসলেমের ফিরে আসাকে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস তুলনা করেছে ১৯৮২ সালে ফ্রান্সে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা দি রিটার্ন অব মার্টিন গোয়ের-এর সঙ্গে। একইভাবে বিশ্ব সংবাদমাধ্যম বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে মোসলেমের দীর্ঘ জেলজীবন ও ফিরে আসার সংবাদ। ফিরে আসার পর মোসলেম কেমন আছেন জানতে আমরা গিয়েছিলাম তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিষ্ণুরামপুর গ্রামে। মোসলেমের বড় ভাতিজা মোহাম্মদ খায়ের বলেন, ‘দেশে আসার পর দেখি চাচা অনেক অসুস্থ ও দুর্বল। এ কারণে তাঁকে ডাক্তার দেখাই। ওষুধ খাওয়ানোর পর থেকে তিনি খানিকটা সুস্থ হয়েছেন। তা ছাড়া দাদি তো চাচাকে ভালো ভালো খাওয়ানোর চেষ্টা করছেন। কিন্তু আমরা অভাবী মানুষ চাইলেও তো আর ভালো খাওয়াতে পারি না।’ ছবি: এপি ও হোমায়েদ ইসহাক২৩ বছর পর সুখের ঈদদীর্ঘ ২৩ বছর পর দেশে স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করলেন মোসলেম উদ্দীন। ঈদের আগের দিন উপহার পেয়েছেন নতুন সাদা রঙের পাঞ্জাবি, প্যান্ট, গেঞ্জি, শার্ট। সকালবেলা সারা দিন খরচ করার জন্য পেয়েছেন বেশ কিছু টাকা। সেখান থেকে আবার বাড়ির ছোটদের ঈদের সেলামিও দিয়েছেন তিনি। ঈদের সারা দিন কী করলেন জানতে চাইলে তিনি বলেন, ‘সকালে উঠে গোসল সেরে সেমাই খেয়ে পাশেই অনন্তপুর ঈদগাহ মাঠে নামাজ পড়তে গিয়েছিলাম। ঈদগাহে অনেক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। নামাজ শেষে সবার সঙ্গে কোলাকুলি করেছি। ঈদগাহে সবাই আমাকে আলাদাভাবে যত্ন করেছে। তারপর বাড়িতে এসে সেমাই, পিঠা ও গরুর মাংস দিয়ে পোলাও খেয়েছি। দুপুরের দিকে অনেক আত্নীয়-স্বজন আমাকে দেখতে এসেছে। তাদের সঙ্গে সময় কাটিয়েছি। বিকেলের দিকে আমি নিজেই পাশের গ্রামে এক আত্মীয়বাড়ি বেড়াতে গিয়েছিলাম।’ পাকিস্তানে থাকতে কেমন ঈদ কাটিয়েছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘ওই দিনগুলোর কথা আর মনে করতে চাই না। প্লিজ ওগুলো আর জানতে চাইয়েন না।’