ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির অনুষ্ঠান হলেই মিলনায়তনভর্তি দর্শক থাকবেন—এটা যেন নিয়মে দাঁড়িয়ে গেছে। চট্টগ্রামের এই গুণী বংশীবাদক স্রোতাদের মন জয় করতে পারেন কী অবলীলায়, সেটা আরও একবার দেখা গেল। ৬ ডিসেম্বর নগরের ষোলশহরের এলজিইডি মিলনায়তনে দর্শক যেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছে আজিজুল ইসলামের বাঁশির সুর। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় বাঁশরিসন্ধ্যা নামের এই অনুষ্ঠানের আয়োজন করেছিল শব্দনোঙর।
সন্ধ্যা সাড়ে ছয়টায় আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান। শুরুতেই স্বাগত বক্তব্য দেন শব্দনোঙর আবৃত্তি সংগঠনের সভাপতি হাসান জাহাঙ্গীর। শুভেচ্ছা বক্তব্য দেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি তিন কড়ি চক্রবর্তী। এরপর ‘চিকিৎসাবিজ্ঞানের আলোকে সুস্থতা ও শুদ্ধতায় সুরের প্রভাব’ শিরোনামে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। আলোচনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন আগ্রাবাদ শাখার উপদেষ্টা হাবিব জালাল উদ্দিন আহমেদ। আলোচনা শেষে ছিল শব্দনোঙর আবৃত্তি সংগঠনের বৃন্দ আবৃত্তি পরিবেশনা। বৃন্দ আবৃত্তি শেষে ওস্তাদ আজিজুল ইসলামকে সম্মাননা জনানো হয়। এরপর সুর সাগরে অবগাহনের পালা। আজিজুল ইসলাম বাঁশিতে তুলতে থাকেন সুর। আর তা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকেন শ্রোতারা। শুরুতেই তিনি বাঁশিতে তুলেন রাগ ইমন। সুরের ইন্দ্রজালে ছড়িয়ে যায় সমগ্র মিলনায়তনে। প্রায় ২০ মিনিট ধরে চলে এই পর্ব। এরপর রাগ দরবারি কানাড়া বাজিয়ে শোনান তিনি। এরপর একে একে আজিজুল ইসলাম তাঁর বাঁশিতে তোলেন রাগ তিলু ঠুমরি, পাহাড়ি ঠুন ও ভাটিয়ালী ঠুন।
প্রায় দেড় ঘণ্টা বাঁশির সুরের মায়াজালে আবিষ্ট থাকার পর শেষ হয় অনুষ্ঠানের। বাঁশি বাজানো শেষে কোয়ান্টাম ফাউন্ডেশনের চট্টগ্রাম সেন্টারের উপদেষ্টা সমন্বয়ক মুহাম্মদ মুজিবুর রহমান শিল্পীকে ধন্যবাদ জানান।