মোহন দাশ চট্টগ্রাম জিপিও মাত্র ২৯ টাকা বেতনে শুরু
১৯৭৪ সালে মোহন দাশের নিয়োগ হয় ডাকটিকিট বিক্রেতা হিসেবে। বেতন ছিল ২৯ টাকা। ১৯৮৪ সালে ডাকপিয়ন হিসেবে পদোন্নতি হয়। এরপর বেতন দাঁড়ায় এক হাজার ২০০ টাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম জিপিওতে ডাকপিয়ন। ৩৫ বছর ধরে চাকরি করছেন মোহন। সম্প্রতি জিপিওর বিলি কক্ষে কথা হয় তাঁর সঙ্গে। চাকরির একাল-সেকালের কথা বললেন তিনি। ‘আগে চিঠি বিলি করতাম হেঁটে, এখনো তা-ই করি। তবে আগে রাস্তা ছিল কাঁচা, এখন পাকা হয়েছে। কিন্তু কষ্ট কমেনি। আগেও নালা-ডোবা মাড়িয়ে চিঠি বিলিতে কষ্ট ছিল, এখন তা চার-পাঁচগুণ বেড়েছে। বহুতল ভবনের বিভিন্ন তলায় দৌড়ঝাঁপ করতে হয়। আর অসংখ্য অলিগলি তো আছেই।’ এখন মোহনকে কাজ করতে হয় দুটি বিট (৬ ও ১০ নম্বর) এলাকায়। জুবিলি রোডের একাংশ নিয়ে ৬ নম্বর বিট এলাকা, আর ১০ নম্বর বিট এলাকা হলো স্টেশন রোড। তিনি বলেন, ‘রোদ-বৃষ্টি মাথায় নিয়ে সারা দিন মানুষের দরজায় কড়া নাড়ি। এতেই সুখ, এতেই শান্তি। আমাদের মূলমন্ত্র—সেবাই আদর্শ!’আলোকিত প্রতিবেদক