মোহরার মানচিত্র পাল্টে দিচ্ছে হালদা
নগরের উত্তর মোহরায় হালদা পাড়ের বাসিন্দাদের চোখে এখন ঘুম নেই। প্রতিদিনই হালদার ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে কারও না কারও বাড়িঘর-ফসলি জমি। হালদার ভাঙনে ১৮ বছরে গৃহহারা হয়েছে এখানকার প্রায় এক হাজার পরিবার। ভাঙন রোধে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে ভিটেমাটি হারানোর আতঙ্কে ভুগছে উত্তর মোহরার আরও দুই হাজার পরিবার।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম বলেছেন, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে উত্তর মোহরার বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর মোহরা এলাকায় হালদার ভাঙন রোধে কোনো প্রকল্প তাঁদের হাতে নেই। তহবিলও নেই।তবে স্থানীয় সাংসদ (চট্টগ্রাম-৭) মাঈন উদ্দিন খান বাদল মুঠোফোনে প্রথম আলোকে জানান, সংসদীয় এলাকা চট্টগ্রাম-৭-সহ রাউজান, বোয়ালখালী এলাকায় হালদার ভাঙন রোধে ১৮০ কোটি টাকার একটি সমন্বিত প্রকল্প ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে চলে গেছে। খুব শিগগির এটি জাতীয় অর্থনৈতিক কমিটি একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এক প্রশ্নের উত্তরে সাংসদ জানান, ২০-৩০ লাখ টাকা খরচ করে ব্লক বসিয়ে লাভ নেই। করতে হলে দীর্ঘমেয়াদি টেকসই কাজ করতে হবে। আলোচ্য প্রকল্পটি পাস হলে হালদার ভাঙন রোধ হবে। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আবু তাহের ২৩ অক্টোবর প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তাঁর এলাকায় হালদার ভাঙন বিষয়ে আমাদের অবহিত করেছেন। তিনি এলাকাবাসীর কাছ থেকে লিখিত একটি আবেদন আমাদের দেওয়ার কথা বলেছেন, তবে এখনো তা দেননি।’এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আজম প্রথম আলোকে জানান, ‘১৯৯২ সালে তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম জহির উদ্দিন খান ভাঙন রোধে অর্থ বরাদ্দ দেওয়ার পর ৪০০ মিটার পর্যন্ত ব্লক বসানো হয়েছিল। এরপর গত ১৯ বছরে সমস্যা সমাধান হয়নি।’ পানি উন্নয়ন বোর্ডে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্বাক্ষর করা একটি আবেদন শিগগির পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে দেব।’সরেজমিনে দেখা যায়, হালদার অব্যাহত ভাঙনে মোহরা পানি শোধনাগার প্রকল্প এলাকা থেকে উত্তরে ছায়াচড় এলাকা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। তাজ মাঝির বাড়িতে গিয়ে দেখা গেছে, হালদায় তলিয়ে যাচ্ছে বসতঘর-ভিটেমাটি ও গাছপালা। এই বাড়ির বাসিন্দা শামসুল আলম জানান, ‘তিন মাস ধরে তীব্র বেগে ভাঙছে হালদা। এই পর্যন্ত এই বাড়ির পাঁচটি ঘর তলিয়ে গেছে হালদায়। হালদার ভাঙনে হুমকির মুখে পড়েছে উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টারটিও।হালদায় সব হারিয়ে এখন যাযাবর জীবনযাপন করছেন আলী মিয়া চৌধুরী বাড়ির লোকমান মিয়া। তিনি বলেন, ‘পৈতৃক সূত্রে আমার ৩০ শতক ভিটে ও জমি ছিল। সব গিলে খেয়েছে হালদা। আজ আমি নিঃস্ব। বউ-বাচ্চা নিয়ে পথে পথে ঘুরছি।’ হালদার ভাঙন পর্যবেক্ষণ করতে এলাকায় সাংবাদিক এসেছে—এ খবর পেয়ে স্থানীয় বাজারে দৌঁড়ে এলেন রাজা মিয়া সুকানির বাড়ির বাসিন্দা রফিক উদ্দিন, আবুল হক, সেলিম রহমান । তাঁরা বলেন, ‘২০ বছর ধরে ভাঙছে হালদা। ভেঙেছে আমাদের কপাল। ভিটেমাটি হারিয়ে আমরা পরিবার নিয়ে অন্যের ঘরে ভাড়ায় থাকছি।’জানা গেছে, গত ২০ বছরের ভাঙনে উত্তর মোহরার পোর্ট সারাংয়ের বাড়ি, সাক্কারের বাড়ি, আজিজ মিয়ার বাড়ি, গনু মুন্সির বাড়ি, করিম মাঝির বাড়ি, আলী সুকানির বাড়ি, চাঁন মিয়ার বাড়ি, রহিমার বাপের বাড়ি, এরশাদুর রহমানের বাড়ি, মিজ্জির বাড়ি, আফজল চৌধুরীর বাড়ি, নজরুল ইসলামের বাড়িসহ আরও অন্তত ২০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘হালদার তাণ্ডবে ক্রমেই সংকুচিত হয়ে আসছে উত্তর ও মধ্যম মোহরাসহ আশপাশের জনপদের মানচিত্র । সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনই সমন্বিত এবং কার্যকর পদক্ষেপ না নিলে ইতিহাসের পাতায় ঠাঁই হবে এই এলাকার।’