মোহাম্মদ আলী সড়কে বখাটের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল থেকেই আনাগোনা শুরু হয় তাদের। কেউ আসে দামি গাড়ি হাঁকিয়ে। জেলা শিল্পকলা একাডেমীর দুই পাশে মোহাম্মদ আলী (এমএম আলী) সড়কজুড়ে বিচরণ তাদের। শিল্পকলার দক্ষিণে ফুটপাত বা সড়কে রাখা গাড়ির পাশে জটলা করে আড্ডা জমায় তারা। কিন্তু তাদের শ্যেনদৃষ্টি থাকে শিল্পকলায় আসা নারীদের প্রতি। বিশেষ করে তরুণীদের দেখলেই অশ্লীল বাক্যবাণ ছোড়ে তারা। উত্ত্যক্ত করে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের দেশি-বিদেশি ছাত্রীদেরও।সংস্কৃতিচর্চার অন্যতম প্রধান কেন্দ্র জেলা শিল্পকলা একাডেমী এলাকায় চলছে বখাটেদের এমন উৎপাত। অনেক সময় শিল্পকলায়ও ঢুকে পড়ে তারা। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ শিল্পকলায় আসা সংস্কৃতিকর্মী ও তাদের অভিভাবকেরা।‘নারীদের উদ্দেশে অশোভন মন্তব্য করে বখাটেরা, বিশেষ করে তরুণীদের দেখলেই হৈ হৈ করে ওঠে। তারা শিস বাজায়, আপত্তিকর অঙ্গভঙ্গি করে, বিকট সুরে গান করে। অনেক সময় ইচ্ছে করেই নারীদের গায়ে ধাক্কা দেয়। মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছাড়ে। সন্ধ্যায় ওদের আনাগোনা বাড়ে। মনে হয় ওরা বড়লোকের বখে যাওয়া সন্তান।’ বললেন সংস্কৃতিকর্মী শিউলি শবনম। অভিভাবক ফারহানা আক্তার বলেন, ‘এমএম আলী সড়কে হাঁটলেই বখাটেদের সামনে পড়তে হয়। মেয়েকে নিয়ে তাদের সামনে দিয়ে হাঁটতে গেলে বিব্রত হতে হয়। মেয়ের সামনে এমন সব মন্তব্য করে শুনে কানে আঙুল দিতে হয়। একজন অশ্লীল মন্তব্য করার সঙ্গে দলের সবাই অট্টহাসিতে ফেটে পড়ে।’ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ছাত্রী নিপা শারমিন জানান, ‘ডাইনিংয়ের খাবার পছন্দ না হওয়ায় একদিন সন্ধ্যা সাতটার দিকে টিএমটি হোটেলে খাবার কিনতে যাচ্ছিলাম। হোটেলের বিপরীত দিকে আড্ডারত কিছু বখাটে আমাকে নিয়ে বাজে মন্তব্য করে।’ শিল্পকলার আশপাশে বখাটেদের উৎপাতের কথা স্বীকার করলেন সংস্কৃতিকর্মী ও সংগঠকেরা। তথ্য অধিদপ্তরের আলোকচিত্রী সুমন দাশ, চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান, কবি আইউব সৈয়দ, নাট্যকর্মী জাহাঙ্গীর কবির, চট্টগ্রাম নাট্য ফেডারেশনের সভাপতি আলোক মাহমুদ বখাটেপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।আলোক মাহমুদ জানান, ‘শুধু শিল্পকলার বাইরে নয়, শুক্রবারে শিল্পকলায় ক্লাস চলার সময়েও বখাটেদের আনাগোনা দেখা যায়।’ সুমন দাশ বলেন, ‘শিল্পকলার আশপাশে রাস্তাঘাটে নারীরা বখাটেদের হাতে যেভাবে হেনস্তা হচ্ছেন—এটা আমাদের মাথা নিচু করে দেয়।’অধ্যাপক জিল্লুর রহমান জানান, ‘আইনের ফাঁক দিয়ে অপরাধীরা ছাড় পেয়ে যায় বলে ইভ টিজিং বন্ধ হচ্ছে না।’ এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দীন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘জেলা শিল্পকলা একাডেমির অভ্যন্তরে বখাটেদের উৎপাত রয়েছে—সুনির্দিষ্টভাবে এরকম কেউ আমাদের কাছে অভিযোগ করেননি।’ তবে প্রতিষ্ঠানের বাইরে এমএম আলী সড়কে বখাটেদের উৎপাত রয়েছে স্বীকার করে তিনি বলেন, ‘ইভ টিজিং প্রতিরোধে পুলিশ সবসময় সজাগ রয়েছে। এ ধরনের তৎপরতা চললে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’