মোহাম্মদ করিম চকবাজার ডাকঘর স্নাতক পাস ডাকপিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা বড় চাকরির স্বপ্নই ছিল মোহাম্মদ করিমের। সেই সঙ্গে পরিবারের অভাব ঘোচানোর। ১৯৯৪ সালে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে চাকরির জন্য অনেক পরীক্ষা দিয়েছেন। টাকা বা মামার জোর না থাকায় বড় চাকরি হয়নি। অবশেষে নিজের জোরেই চাকরি হলো—১৯৯৯ সালের ২২ মার্চ যোগ দেন ডাক বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে ডাকপিয়ন পদে। বর্তমানে তিনি চকবাজার ডাকঘরে কর্মরত। করিমের কথা ‘আমি হাসিমুখে দারিদ্র্য বরণ করেছি’। এখন বেতন পাই সাত হাজার ১৫ টাকা। এর অর্ধেক খরচ হয়ে যায় চাকরির পেছনে। প্রতিদিন বাসে করে পটিয়ার বাড়ি থেকে আসি নগরের কার্যালয়ে। বাসভাড়া, দুপুরের খাওয়া ও পার্সেল বিলিতে খরচ হয় ১০০ টাকার বেশি। এ আয় দিয়ে সংসার চালানো কঠিন। এরপরও কষ্ট করে পড়াচ্ছেন দুমেয়েকে। সিরাজুম মনিরা ও সিরাজুম নাদিয়া পড়ে প্রথম শ্রেণী ও নার্সারিতে। তাদের উচ্চশিক্ষিত করাই তাঁর লক্ষ্য। তিনি বলেন, ‘সপ্তাহে দুদিন বাজার করি। মাছ-মাংস কেনা হয় ঈদে-চাঁদে।’ এ তো গেল সংসারের কষ্ট। চাকরিতেও হাড়ভাঙা খাটুনি মোহাম্মদ করিমের। সকাল সাতটায় বাড়ি থেকে বাদুরঝোলা হয়ে নগরে আসেন। চকবাজার ডাকঘরে পৌঁছেন নয়টায়। চিঠির বোঝা নিয়ে প্রাপকের খোঁজে বের হন ১০-১১টায়। তিনি চিঠি বিলি করেন কেবি আমান আলী সড়ক, রাহাত্তারপুল, বজ্রঘোনা, বড় কবরস্থান ও ওয়াইজ্যারপাড়ায়। প্রতিদিন ২০০-৩০০টি সাধারণ চিঠি, ৭০-১০০টি নিবন্ধন করা (রেজিস্টার্ড) চিঠি ও পার্সেল বিলি করতে হাঁটতে হয় ১৪-১৭ কিলোমিটার। করিম জানান, ‘৮-১০ বছর আগেও প্রতিদিন ৭০০ থেকে এক হাজার চিঠি বিলি করতেন। তখন এখনকার মতো ভোগান্তি ছিল না। এখন আবাসিক এলাকা ও বহুতল ভবন বেড়ে যাওয়ায় ডাকপিয়নদের একই এলাকায় কয়েকগুণ কাজ বেশি করতে হয়। চিঠি বিলিতে আছে নানা বিড়ম্বনা।’ করিম বলেন, ‘৪-১০ কেজি ওজনের পার্সেলের প্যাকেট পরিবহনের জন্য দেওয়া হয় শুধু এক টাকা। এক টাকা দিয়ে এখন কী হয়? একটা পানও পাওয়া যায় না!’ মহি উদ্দিন কাদের