মোহাম্মদ সেলিম রাঙামাটি ডিভি পেয়ে কী আনন্দ আদিবাসী তরুণীর!
১৮ বছরের চাকরিজীবনে সুখ-দুঃখের কত স্মৃতি জমা! সেই কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ডাকপিয়ন মো. সেলিম (৩৯)। সংসারের টানাটানি তাঁকে মানুষের সেবার দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারেনি। তবে দুঃখ একটাই, জীবনে কত হাজার সুখ-দুঃখের বার্তা বহন করেছেন, কিন্তু তাঁর বার্তা (খবর) কেউ নিলেন না।মো. সেলিম জানান, তিনি রাঙামাটি শহর ও শহরতলিতে চিঠি বিলি করেন। শহরতলিতেই আছে গভীর বন। ইন্টারনেটের যুগেও চিঠি আসে শত শত, তা ঘরে ঘরে পৌঁছে দেন। এখন চিঠির সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। তবে সরকারি ও বাণিজ্যিক চিঠির সংখ্যা আগের চেয়ে বেড়েছে বলে জানান তিনি। মো. সেলিম বলেন, স্মৃতি হাতড়ে বলেন, ‘আট বছর আগে আসাম বস্তির এক আদিবাসী মারমা তরুণীকে আমেরিকার ডিভি লটারি পৌঁছে দিই। এটা পেয়ে ওই তরুণী আত্মহারা হয়ে যান। ফিরে আসার প্রস্তুতি নিতেই তরুণী ছুটে এলেন, চোখের পানি মুছে হাসতে হাসতে আমাকে বাড়ির ভেতর নিয়ে যান। মিষ্টি খাওয়ান।’দুঃখের কথা বলেন সেলিম—মাত্র এক হাজার টাকার জন্য চাকরি হারাতে বসেছিলেন। তখনকার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) কৃষ্ণচন্দ্র চাকমার কারণে তিনি অভিযোগ থেকে রেহাই পেয়েছিলেন। তিনি জানান, রাঙামাটি শহর হলেও বিভিন্ন পাড়া-মহল্লায় হেঁটে চিঠি বিলি করতে হয়। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি