মোড়কে মুড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: নকশা
ছবি: নকশা

দারুণ একটা উপহার কেনা হলো প্রিয়জনের জন্য। সেটা তার হাতে তুলে দেওয়ার আগে তো চাই একটু আনুষ্ঠানিকতা। সুন্দর একটা মোড়কে মুড়ে দিলে আন্তরিকতার প্রকাশটা যেন আরও বেশি পায়।
মোড়কের জন্য বাজারে প্রধানত দুই ধরনের র্যাপিং পেপার পাওয়া যায়। একটা প্লাস্টিকের, অন্যটা কাগজের। বলছিলেন আড়ংয়ের আউটলেট সুপারভাইজার
মো. আতিকুল ইসলাম। তিনি জানান, আড়ংয়ে প্রায় ৭০টি নকশার দুই ধরনের পেপার পাওয়া যাচ্ছে। একটি মসলিন এবং অপরটি মসলিনের সঙ্গে কাগজের মিশেলে তৈরি। এগুলোর মধ্যে রয়েছে গামছা, জামদানি, ফুলেল ও নানা রকম নকশার প্রাধান্য।
প্রকৃতির কোলে পড়ে থাকা বিভিন্ন উপকরণ থেকে প্রাকৃতিক রং ব্যবহার করে হাতেই তৈরি করা হচ্ছে নান্দনিক সব র্যাপিং পেপার। জানালেন ঢাকার আসাদগেটে অবস্থিত প্রকৃতি নামক প্রতিষ্ঠানের পরিচালক সুরাইয়া চৌধুরী। কচুরিপানা, আনারসের পাতা, পাটের আঁশ, সিল্ক সুতা প্রভৃতি উপকরণ দিয়ে তাঁরা গ্রামের নারীদের দিয়ে তৈরি করান চমৎকার সব পেপার। এসব পেপারের নকশার ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা। কোনোটায় হয়তো গোলাপ পাপড়ি ছড়ানো, কোনোটায় বাগানবিলাসের পাপড়ি। আবার কোনোটায় দূর্বাঘাস অথবা অন্য কোনো গাছের পাতা। এ ছাড়া রয়েছে ময়ূর, কলকি, ফুলসহ হরেক নকশার বাহার।
সুরাইয়া চৌধুরী আরও জানান, বড়দিন, বিয়ে, জন্মদিন, পয়লা বৈশাখসহ বিভিন্ন দিবসের কথা ভেবেই তাঁরা রং ও নকশা তৈরি করে থাকেন। দাম ৪৫ থেকে ৫০ টাকা।
এ ছাড়া বিভিন্ন রকমের র্যাপিং পেপার পাওয়া যায় নিউ মার্কেটের আলী ব্রাদার্স, এভারগ্রিন, ক্যাপিটাল স্টেশনারি, গিফট কর্নারসহ বিভিন্ন দোকানে। এখানে টিস্যু পেপার, প্লাস্টিক আর কাগজ—এই তিন ধরনের র্যাপিং পেপার পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন গিফট আইটেমের দোকানগুলোতেও মিলবে চমৎকার রং ও নকশার পেপার।