মোড়ে মোড়ে মাইকের উৎপাত
নগরের লালদিঘি মাঠে জামায়াতে ইসলামীর জনসভার এক সপ্তাহ আগে থেকেই শহরের ব্যস্ততম মোড়ে মাইক লাগিয়ে চলে সভার প্রচারণা। শহরের অলিগলিতেও জামায়াতের একদল কর্মী সিএনজি অটোরিকশায় মাইক বেঁধে প্রচারণা চালান।অন্য রাজনৈতিক দলগুলোও জনসভার প্রচারণা চালান একই কায়দায়। এ ছাড়া রিকশায় মাইক লাগিয়ে রাস্তায় রাস্তায় ‘সর্বজ্ঞানের বই’ বিক্রি, ফুটপাতে ‘সর্বরোগের ওষুধ’ বিক্রি তো আছেই। মাইকে গান বাজিয়ে ওরসের চাঁদাও তোলা হয়। এভাবে পথচারী ও যানবাহনের যাত্রীরা শব্দদূষণের শিকার হচ্ছেন প্রতিদিন। সময়ে-অসময়ে মাইকের অত্যাচারে তাঁরা অতিষ্ঠ। প্রচণ্ড শব্দে ক্ষতি হচ্ছে মানুষের কানের পর্দা ও মস্তিষ্কের। নগরের বড় মোড়গুলোতে যখন যানজট হয় তখন পথচারী ও যাত্রীদের ‘ছেড়ে দে কেঁদে বাঁচি’ অবস্থা হয়। লাউড স্পিকারের উচ্চমাত্রার শব্দের প্রচারণা হজম করতে হয় বাধ্য হয়ে । উচ্চমাত্রার শব্দে মানুষের কানের পর্দা ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন। তিনি বলেন, ‘মাত্রাতিরিক্ত শব্দদূষণের ফলে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।’দিনের পর দিন এভাবে শব্দ দূষণ চললেও তা রোধে পরিবেশ অধিদপ্তরের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ সংশ্লিষ্টদের। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান আখন্দ বলেন, ‘পলিথিন, যানবাহনের কালো ধোঁয়া ও হাইড্রলিক হর্নের বিরুদ্ধে অভিযান পরিচালনা ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারভুক্ত করা হয়েছে। কিন্তু রাজনৈতিক সভা-সমাবেশের প্রচারণায় উচ্চমাত্রার মাইক ব্যবহার রোধ করার এখতিয়ার নেই।’ শব্দদূষণ বিধিমালা ২০০৬ অনুযায়ী, নীরব এলাকায় শব্দের গ্রহণযোগ্য মাত্রা দিনের বেলায় (ছয়টা-নয়টা) ৪৫ ডেসিবল, রাতে (নয়টা থেকে সকাল ছয়টা) ৩৫ ডেসিবল। একইভাবে দিনে আবাসিক এলাকায় ৫০ ডেসিবল ও রাতে ৪০ ডেসিবল। মিশ্রণ এলাকায় (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকা হিসেবে একত্রে ব্যবহূত এলাকা) দিনে ৬০ ডেসিবল, রাতে ৫০ ডেসিবল, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ডেসিবল, রাতে ৬০ ডেসিবল, শিল্প এলাকায় দিনে ৭৫ ডেসিবল, রাতে ৭০ ডেসিবল। পরিবেশ আইন সংকলন তফসিল-৪ অনুযায়ী হাসপাতালে বা শিল্পপ্রতিষ্ঠান বা সরকার দ্বারা চিহ্নিত, চিহ্নিতব্য, বিশেষ বিশেষ প্রতিষ্ঠান স্থাপনা থেকে ১০০/ব্যাসার্ধের এলাকা নীরব হিসেবে চিহ্নিত। পুলিশের নগর বিশেষ শাখা সূত্রে জানা যায়, লালদিঘি মাঠে মাসে ১৫-২০টি রাজনৈতিক ও ধর্মীয় সভা-সমাবেশের আয়োজন হয়। এ ছাড়া, জমিয়তুল ফালাহ মাঠ, প্যারেড মাঠেও নানা আয়োজন থাকে। মোড়ে মোড়ে মাইকে এসব অনুষ্ঠানের প্রচারণা চলে।অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, ‘সভা-সমাবেশের জন্য মাইক ব্যবহার একটি গণতান্ত্রিক অধিকার। তবে অনুষ্ঠান শুরু হওয়ার চার-পাঁচ দিন আগে থেকে মাইকে প্রচারণার বিষয়টি নিয়মের মধ্যে নিয়ে আসা উচিত। মাইকের শব্দ যাতে উচ্চমাত্রার না হয় সেদিকে খেয়াল করতে হবে।’এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সভা-সমাবেশে মাইক ব্যবহারের জন্য পুলিশ কমিশনারের অনুমতি নিতে হয়। কিন্তু অনেকে এ নিয়ম মানেন না।’জানা যায়, নগরে কী মাত্রার শব্দদূষণ হচ্ছে এর সঠিক কোনো পরিসংখ্যান নেই পরিবেশ অধিদপ্তরে। শব্দ পরিমাপের জন্য যন্ত্র আছে তবে এর ব্যবহার নেই। পরিবেশ আইন অনুযায়ী উচ্চমাত্রার শব্দ ব্যবহারকারী সংস্থা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচ থেকে ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। মাইকের বিকট শব্দে কান ঝালাপালা হয়ে যায়। ক্রেতাদের সঙ্গে কথা বলা যায় না। অনেক সময় কানে আঙুল দিয়ে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু এসব নিয়ন্ত্রণ করছে না কেউ।একইরকম বক্তব্য দিয়েছেন মুরাদপুর মোড়ের ফলব্যবসায়ী ফোরকান মিয়া।নগর আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য নুরুল ইসলাম বলেন, ‘সভায় জনসমাগম ঘটাতে লাউড স্পিকারের পরিবর্তে বড় বড় ব্যানার বিভিন্ন জায়গায় টাঙিয়ে প্রচারণা চালানো যায়। অহেতুক মানুষকে কষ্ট দিয়ে বা উচ্চমাত্রার শব্দদূষণ ঘটিয়ে মাইক ব্যবহার করে প্রচারের প্রথা থেকে বেরিয়ে আসতে হবে।’ নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জনসভার প্রচার-প্রচারণায় উচ্চশব্দের লাউড স্পিকার ব্যবহারে নাগরিক ভোগান্তি হয়—এ কথা স্বীকার করে বলেন, ‘উচ্চমাত্রার শব্দে লাউড স্পিকার ব্যবহার আমি নিজেও সমর্থন করি না। জনসভাকে সার্থক করে তুলতে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মিসভা কিংবা গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হলে মানুষের কষ্ট হবে না। শব্দদূষণও হবে না।