মৌ চাষে মালেকের সুদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর আগে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা পথিকৃৎ-এর সহায়তায় মৌচাষের ওপর এক মাসের প্রশিক্ষণ নেন। এরপর একজন মৌচাষির সহকারী হিসেবে কাজ করেন দুই বছর। পরবর্তী সময়ে বিসিক ও প্রশিকা থেকে আরও প্রশিক্ষণ নিয়ে পুরোদমে আত্মনিয়োগ করেন মৌ চাষ এবং খাঁটি মধু সংগ্রহে। নিরলস পরিশ্রম আর অধ্যবসায়ের ফলে আজ তিনি স্বাবলম্বী। চলতি বছর মধু সংগ্রহ ও বিক্রি করে প্রায় পাঁচ লাখ টাকা আয় করেছেন তিনি।

তাঁর নাম মালেক চৌধুরী। লোহাগাড়ার চুনতি বাজারের পাশের বাসিন্দা মালেক চৌধুরীকে এলাকার মানুষ ডাকে সিকো ভাই নামে। এক সময় কাপড়ের ব্যানার তৈরি এবং খোদাইশিল্পী হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি। আলাপচারিতায় তিনি জানান মৌ চাষে তাঁর সাফল্যের কাহিনি।

মালেক চৌধুরী জানান, দুই ধরনের মৌচাক থেকে মধু সংগ্রহ করা যায়। একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট বন্য মধু এবং অপরটি দেশীয় জাতের মৌ চাষ। সাধারণত বন্য মৌমাছিরা গাছের ডালে এবং বনজঙ্গলের চাকে মধু ছাড়ে। অপর দিকে দেশীয় মৌ চাষ হয় কাঠের তৈরি বাক্সের মধ্যে। মধু তৈরির উপকরণসহ একটি কাঠের বাক্স স্থাপনে প্রায় চার হাজার টাকা খরচ হয়। উভয় পদ্ধতিতে মৌ চাষ করেছেন তিনি।

লোহাগাড়া, সাতকানিয়া, চকোরিয়ার বিভিন্ন গ্রামের বিভিন্ন বাড়িতে প্রায় ১০০টি কাঠের বাক্স স্থাপন করেছেন তিনি। সংশ্লিষ্ট বাড়ির মালিকেরা সংগৃহীত মধুর অর্ধেক নিজেরা রেখে বাকি অর্ধেক তাঁকে (মালেককে) দিয়ে দেন। সাধারণত এপ্রিল থেকে মে মাস অর্থাৎ বসন্তকালে বেশি মধু সংগ্রহ করা যায়। লোহাগাড়া সদরের মেজর নাজমুল হক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, ‘দুই মাস আগে মালেকের স্থাপিত কাঠের বাক্সে মৌ চাষ করে চার কেজি মধু সংগ্রহ করেছি। এলাকার অনেকে এভাবে মধু উৎপাদন করছেন।’

 মালেক চৌধুরী জানান, চলতি বছর এ পর্যন্ত ৫০০ কেজি মধু সংগ্রহ করেছেন তিনি। এর মধ্যে বন্য মৌচাক থেকে ২০০ কেজি এবং দেশীয় মৌচাক থেকে ৩০০ কেজি মধু সংগ্রহ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

তিনি বলেন, ‘মধু বিক্রির আয় থেকে ইতিমধ্যে নিজের দুই মেয়েকে বিয়ে দিয়েছি। বাকিদের লেখাপড়া শেখাচ্ছি। পাশাপাশি ছয় লাখ টাকা খরচ করে একটি পাকা বাড়িও করেছি।’

লোহাগাড়ার উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মালেক চৌধুরীর মৌ চাষ অবশ্যই একটি ভালো উদ্যোগ। আমরা তাঁকে সার্বিক পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।’