মৌচাকে ঢিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছর আগের অঘটন, যা মনে পড়লে আনমনে আজও হেসে উঠি। তখন ডানপিটে ছিলাম। অনেকটা রবীন্দ্রনাথের ‘ছুটি’ গল্পের ফটিকের মতো। সে সময়ের একটি অঘটন আজও মনের জানালায় কড়া নাড়ে। সময়টা বর্ষাকাল। নরসিংদীর পাশঘেঁষে বয়ে চলা নদীটির নাম মেঘনা। আর সেই মেঘনার কূলঘেঁষা গ্রাম দিলারপুর। ভরা বর্ষায় গ্রামের চারদিক জলে ডুবে যেত। আমাদের বাড়ির পূর্ব দিকের ঝোপঝাড়ের পাশে দু-তিনটি নৌকা প্রায়ই বাঁধা থাকত। আমার কাজ ছিল জলে পা ডুবিয়ে সেই নৌকার গলুইয়ে বসে থাকা আর হাত দিয়ে পানিতে মিছে আলপনা আঁকা। একদিন নৌকায় বসে থাকা অবস্থায় ঝোপের ভেতর একটি মৌচাক দেখতে পেলাম। আকারে সেটি ছোট ছিল। মৌমাছি সম্পর্কে সে সময় আমার একটি বিশেষ ধারণা ছিল। তখন জানতাম, মৌচাকে ঢিল দিয়ে কান ধরে বসে পড়লে মৌমাছি পিছু নেয় না, হুলও ফোটায় না। অর্থাৎ তারা এটাকে আত্মসমর্পণ ভেবে নেয়। এই ধারণাকে পুঁজি করে সেদিন যা করেছিলাম! নির্ভয়ে নৌকার বৈঠা হাতে নিয়ে খুব সাবধানে মৌচাকে আঘাত করি। এতে চার-পাঁচটি মৌমাছি উড়তে থাকে। আমি আমার কাজ করি—কান ধরে গলুইয়ে বসে থাকি। মৌমাছিগুলোকে বোঝাতে থাকি, আমি ভুল করেছি। সেগুলো পুনরায় মৌচাকে গিয়ে বসে। আমি বুঝতে পারি, আমার ধারণা নির্ভুল। আবারও আঘাত করি। ফলাফল আগের মতোই। অর্থাৎ অনুকূল। তৃতীয় দফায় আঘাত করি। আবার কান ধরে বসে পড়ি। এবার ১০ বা তার চেয়ে বেশিসংখ্যক মৌমাছি আমার দিকে ছুটে আসে। ভয়ে চোখ বুজে থাকি। কিছুক্ষণ পর চেয়ে দেখি, মৌমাছিগুলো নেই। ভয় কেটে যায়। ভেতরে ভেতরে উত্তেজনা কাজ করতে থাকে। খেলাটা ভালো লেগে যায় আমার।এবার চতুর্থবারের মতো আঘাত করি। আগের চেয়ে এবার আঘাতের গতি বেড়ে যায়। আঘাতের ফলে মৌচাকটি ভেঙে পানির ওপর ভাসতে থাকে। এদিকে আমার কাজও আমি করে যেতে থাকি। কান ধরে গলুইয়ে বসে পড়ি। চেয়ে দেখি, মৌমাছিগুলো আমার দিকেই আসছে। আমি ভয় পেয়ে যাই! খোদাকে ডাকতে থাকি! মৌমাছিগুলো আমার মাথার ওপর ঘুরে ঘুরে উড়তে থাকে। একপর্যায়ে হুল বসিয়ে দেয়! আমি চিৎকার করে উঠি! আত্মরক্ষার্থে নৌকা থেকে নেমে জলে ডুব দিই। কিন্তু জলের নিচে আর কতক্ষণ থাকা যায়! শ্বাস নেওয়ার জন্য যখন ভেসে উঠি, আবার সেই মৌমাছির মধুর আপ্যায়ন! অবশেষে জল জলাঞ্জলি দিয়ে ডাঙায় উঠি। সেখানেও আবার একই যন্ত্রণা!অতীতের স্মৃতি বিস্মৃত হয়ে যায়ই। কিন্তু মৌমাছির মধুর আপ্যায়নের সেই স্মৃতিটা এখনো অম্লান।সালাম পাঠান