মৌচাকে ঢিল
আমাদের স্কুলের পাশে একটি বিরাট বটগাছ আছে। আমি যখন প্রাথমিকের ছাত্র, তখন ওই বটগাছে একটি বড় মৌচাক ছিল। ছেলেরা প্রায়ই দুষ্টুমি করে মৌচাকে ঢিল মারত। মৌচাক অনেক ওপরে হওয়ায় আমাদের পিচ্চি দুষ্টুগুলোর ঢিলে মৌমাছির পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যেত না। কিন্তু সাড়া পেলে যে কী অবস্থা হয়, তা হাড়ে হাড়ে টের পেলাম একদিন। ক্লাস শেষ করে বের হলাম। দেখলাম, আমাদেরই ক্লাসের কয়েকজন ছেলে মৌচাকটিতে ঢিল মারছে। মৌমাছিগুলো বোধ হয় তেমন ‘ডিস্টার্ব ফিল’ করছিল না। আমি কিন্তু কোনো দিন এই ঢিল মারার কাজটি করিনি। সেদিন কেন জানি মনে হলো আমিও একটু চেষ্টা করে দেখি। ক্রিকেট খেলায় বোধ হয় থ্রো করাটাই ভালো পারি। ইট নিয়ে সরাসরি থ্রো করলাম মৌচাকটিতে। ইটটা একদম মৌচাকটির এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে মৌমাছির দল দেরি না করে আউটের আবেদন জানানোর জন্য আমাদের কাছে হাজির। সে আবেদনের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। মৌমাছি তার হুল যে আমাদের শরীরেই ফোটাবে, তা কে জানত? তখন এমন দৌড় দিলাম যে উসাইন বোল্টও ফেল! স্কুলে তখন নির্মাণকাজ চলছিল। পরে জানতে পারি মৌমাছিগুলো কয়েকজন নির্মাণশ্রমিকেরও অবস্থার অবনতি ঘটিয়েছে। আমার চোখের ওপরের অংশে হুল ফুটেছিল। পরিস্থিতি শান্ত হওয়ার পর আবার স্কুলে ফিরে যাই। কয়েকজনকে দেখলাম হুল ফোটানোর জায়গায় হাত দিয়ে চেপে ধরে কাতরাচ্ছে। সত্যিই সেদিন ভীষণ খারাপ লেগেছিল। আমার মতো হতচ্ছাড়ার ঢিলের কারণেই তো সবাইকে এত কষ্ট পেতে হলো। যন্ত্রণা যে কতটা ছিল, সেটি আমার যন্ত্রণা থেকেই বুঝতে পেরেছিলাম। বটগাছটি পেরিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। যখন বাড়িতে যাই, বটগাছটির নিচে গেলেই ওই ঘটনাটা মনে পড়ে। ওপরে একবার না একবার তো তাকাবই। মৌচাক থাকলে কি আবার ঢিল মারার প্রবণতা জাগত? নিশ্চয়ই না। ন্যাড়া কি দুবার বেলতলায় যায়!সঞ্জয় সরকার সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম