মৌচাকের শালবনে আনন্দযজ্ঞের প্রস্তুতি

আবার অনুষ্ঠিত হচ্ছে প্রথম আলো বন্ধুসভার জাতীয় সমাবেশ, সারা দেশের বন্ধুদের মিলনমেলা। বন্ধুদের এই মিলনমেলা অন্য যেকোনো অনুষ্ঠানের চেয়ে আলাদা, অন্য রকম। চারদিকে শালবন, উন্মুক্ত প্রকৃতি, শালবনের মাঝে অসংখ্য তাঁবু। পুরোনোকে পেছনে ফেলে সেখানেই শুরু হবে বন্ধুদের নতুন বছরের প্রথম দিন।
‘আমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর মাত্র চার দিন পর আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথম আলো বন্ধুসভার জাতীয় সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে সারা দেশের বন্ধুদের মধ্যে শুরু হয়েছে উৎসাহ-উদ্দীপনা।
আগামী ১ ও ২ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে প্রথম আলো বন্ধুসভার জাতীয় সমাবেশ। সমাবেশের আয়োজন করা হয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে বাংলাদেশ স্কাউটের প্রশিক্ষণকেন্দ্রে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশেই পুরো এলাকা শালবনে ঘেরা বাংলাদেশ স্কাউটের প্রশিক্ষণকেন্দ্রে জাতীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলছে। এরই মধ্যে অনেক কাজ শেষও হয়েছে। শালবনের ভেতরে তাঁবুবাস, আর সেখানেই হবে সারা দেশের বন্ধুদের মিলনমেলা। এবারও বন্ধুসভার জাতীয় সমাবেশ গাজীপুরের মৌচাকের শালবনে হচ্ছে জেনে গাজীপুরের বন্ধুসভার সদস্যদের আনন্দ যেন একটু বেশিই।
এদিকে মৌচাকের স্কাউট প্রশিক্ষণকেন্দ্রের কাজগুলো তদারকি করার জন্য বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি জান্নাতুল বাকের, মানব সম্পদবিষয়ক সম্পাদক সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পাঁচ সদস্যের একটি দল কাজ শুরু করছে। দলের সদস্যরা হলেন ঢাকা মহানগর বন্ধুসভার সৈয়দ মুনির, বাবুল হোসেন, নাজমুল হোসাইন, সাগর মণ্ডল ও নুরুন্নবী শাকিল। তাঁদের সহযোগিতা করছেন গাজীপুর বন্ধুসভার সভাপতি রাজিব সরকার ও কালিয়াকৈর বন্ধুসভার সভাপতি বিপুল রানা সরকার ও জি এম রুবেল।
মৌচাকের শালবনে প্রচণ্ড শীত উপেক্ষা করে বন্ধুসভার সদস্যরা কাজ করে যাচ্ছেন। বন্ধুসভার সদস্যরা সকালের নাশতা সেরেই শুরু করেন তাঁবু টানানো, বাথরুম, পানির লাইন সংযোগ দেওয়ার জন্য লোক নিয়োগ করা। পাঁচ-ছয় দিন ধরে চলে শালবনের ভেতরে দেড় শ তাঁবু টানানোর কাজ। তাঁবু টানানো শেষে এর ভেতরে খড় ও খড়ের ওপর চাটাই দেওয়া হয়েছে। কোন বন্ধুসভার জন্য কোন তাঁবু, এর জন্য সব তাঁবুর সামনেই বন্ধুসভার নাম লেখা থাকছে। কাজের শুরু থেকেই মৌচাকের স্কাউট প্রশিক্ষণকেন্দ্রের কর্মকর্তারা আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন। মৌচাক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রথম আলোর সঙ্গে থাকতে পেরে তাঁরা গর্বিত। মৌচাকে প্রথম আলো বন্ধুসভার জাতীয় সমাবেশ একসঙ্গে থেকে সফল করতে সার্বিক সহযোগিতা করা হবে।
শালবনের ভেতরে টানানো দেড় শ তাঁবুতে থাকবেন সারা দেশের বন্ধুরা। সারা দেশের বন্ধুদের নিরাপত্তার জন্য থাকছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সমাবেশ শুরু হতে আর বাকি আছে মাত্র চার দিন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। সারা দেশের বন্ধুরা দিনটির জন্য অপেক্ষা করছেন।