মৌলবাদের কালো ছায়ায় ধূসর পহরচাঁদার সংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের নাম গরীব কেন মরে। মঞ্চায়ন হবে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মোস্তাক আহমেদের পরিচালনায় এ নাটকে অভিনয় করেন স্থানীয় তরুণেরা। গাঁটের পয়সা খরচ করে শত শত মানুষ এ নাটক উপভোগ করেন। তাঁদের জন্য বাড়তি পাওনা ছিল তখনকার জনপ্রিয় শিল্পী মায়া চৌধুরী ও বশির আহমেদের গান। ওই মাঠে নাটক মঞ্চায়নের ইতিহাস অনেক পুরোনো। এ ছাড়াও শহীদ মনছুর উদ্দিন প্রাথমিক বিদ্যালয়, মাতামুহুরীর নতুন বাজারে নাটক ও গানের আসর বসত। সেখানে গান গেয়ে দর্শকদের মন রাঙিয়েছেন আজকের হেডমাস্টরখ্যাত শিল্পী সিরাজুল ইসলাম আজাদ, বুলবুল আকতারসহ অনেক নামকরা শিল্পী। চকরিয়া উপজেলার পহরচাঁদা গ্রামটি মাতামুহুরীর তীরে, পাহাড়ের পাদদেশে। এ অঞ্চলে গ্রামটি সংস্কৃতির পাদপীঠ বললেও অত্যুক্তি হবে না। অনেক পুরোনো দিন থেকে এ গ্রামে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল। বিশেষ করে ভাদ্র-আশ্বিন মাসে পালাগান এবং শুষ্ক মৌসুমে নিয়মিত নাটক হতো। সমাজসেবী আজিমুদ্দীন সিকদার ও কালা মিয়া সিকদারের বাড়িতে গাইনের আনাগোনা থাকত। সোবহান গাইন, মোহন বাঁশি, তজু গাইনের গাজীর গানের ভাব আর রসে মেতে উঠত মানুষ। বিশেষ করে বর্ষায় আমন আউশ রোপণের সময় সম্পন্ন পরিবার বেয়ার (খাওয়ার বদলে এক বেলা কাজ) ডাকত। তখন গাইনের দল ধানের খেতে নেচে নেচে ভাইট্টালি গাইত। ছোট এই গ্রামে কোনো বছর একাধিক নাটকও মঞ্চস্থ হতো। দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ এসে উপভোগ করতেন এ নাটক। এ কর্মকাণ্ড পরিচালনা করতেন মাস্টার মাহবুব ছোবহান ও মোজাম্মেল হক চৌধুরী। শিক্ষিত-স্বল্পশিক্ষিত লোকজন জড়ো করে রাত দিন মহড়া দেওয়ার পর মঞ্চস্থ হতো নাটকগুলো। তবে সেখানে নারীর ভূমিকায় অভিনয় করতেন পুরুষ, নারীর পোশাক পরে। এ পুরোধাদ্বয় বয়োবৃদ্ধ হওয়ার পরে এঁদের পদাঙ্ক অনুসরণ করে হাল ধরেন এনামুল হক চিশতি ও মাস্টার নজরুল ইসলাম। তাঁরাও দীর্ঘদিন সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যান। আর সংগীতাঙ্গনের সামনে ছিলেন শিক্ষক ছাবের আহমেদ, মো. হারুন, রুহুল কাদেরসহ আরও কয়েকজন। তখন গ্রামের মানুষের মধ্যে এত ভেদাভেদ ছিল না, ছিল না দ্বন্দ্ব-কলহ। এ কারণে সংস্কৃতির সেবায় আত্মমগ্ন ছিলেন গ্রামবাসী। এ এলাকায় সর্বশেষ নাটক মঞ্চস্থ হয় মাস্টার নজরুল ইসলামের পরিচালনায় ২০০২ সালে। ইতিমধ্যে ধর্মান্ধ একটি রাজনৈতিক দল মাথাচাড়া দিয়ে ওঠে। বাধা আসতে থাকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে। তাঁদের মারমুখো অবস্থান দেখে সংঘাত এড়াতে পিছপা হন সংস্কৃতিসেবীরাও। সেই থেকে সাংস্কৃতিক বন্ধ্যাত্ব শুরু হয়। উল্লেখ্য, পহরচাঁদার পাশাপাশি আরও দুটো গ্রাম দক্ষিণে ভেওলা মানিক চর (বিএম চর) এবং উত্তরে হারবাং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রসর ছিল। বিএম চরের চেয়ে হারবাং ছিল এগিয়ে। হাব্বান চৌধুরী সাংস্কৃতিক কর্মকাণ্ডের পুরোধা ছিলেন। ওমর আলী প্রায় সময়ই পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হতেন। তাঁর মেয়ে সামসুন্নাহার মঞ্চে অভিনয় করতেন। এ এলাকায় নাটক প্রযোজনা, পরিচালনার কাজে সহায়তা করতেন মোহাম্মদ আলী, ছাবের আহমদ প্রমুখ। তবে কালের স্রোতে বিলীন হয়ে যাচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড, তার স্থান দখল করে বসেছে আকাশ-সংস্কৃতি। পাড়ায় পাড়ায়, দোকানে দোকানে প্রদর্শিত হচ্ছে অশ্লীল ছবি। দর্শকদের অধিকাংশই ২০-২২ বছরের তরুণ-যুবক। এটা আমাদের লোকসংস্কৃতির জন্য যেমন ক্ষতিকর, তেমনি নৈতিকতার মাপকাঠিতেও নৈরাজ্যকর।নজরুল ইসলাম: শিক্ষক, চকরিয়া কোরক বিদ্যাপীঠ।