মৌসুম এখন ব্যাডমিন্টনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা নামতেই নগরের অভিজাত আবাসিক এলাকা থেকে শুরু করে পাড়ায় পাড়ায় তরুণদের ব্যস্ততা যেন বেড়ে যায়। খুঁটিতে বাল্ব লাগানো, নেট টানানো, কর্ক কেনা—কত কাজ। এরপর র‌্যাকেট হাতে কর্কযুদ্ধ। গভীর রাত পর্যন্ত খেলা। শীত এলেই এ আয়োজন চোখে পড়াটা স্বাভাবিক। কারণ, মৌসুমটা যে ব্যাডমিন্টনের। শুধু কি তরুণেরা, বয়স্করাও ভিড় করেন খেলতে।শীতের সঙ্গে এ খেলাটার যেন গভীর সখ্য। সব খানেই খালি জায়াগাটা এখন আর খালি থাকছে না। খেলায় মেতে উঠছে সবাই। ২ নম্বর গেট আল-ফালাহ গলি, ও আর নিজাম রোড, চান্দগাঁও, কাট্টলীসহ কিছু স্থানে চলছে টুর্নামেন্টও। এ রকম একটি টুর্নামেন্ট খেলতে গিয়ে হাত ভেঙে এখন দর্শক হয়ে অন্যের খেলা দেখে সময় কাটাচ্ছেন জাতীয় ব্যাডমিন্টন দলের খেলোয়াড় চট্টগ্রামের মোহাম্মদ জাবেদ। তিনি বলেন, ‘আমরা তো সারা বছর আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে খেলি। কিন্তু শীতের মৌসুমে পাড়ায় পাড়ায় টুর্নামেন্টগুলোতে খেলার মজাটাই আলাদা।’চান্দগাঁও এফআইডিসি সড়কের বাসিন্দা হাসান পারভেজ বলেন, ‘শীত মৌসুম আসার আগ থেকেই পাড়ার ছেলেদের নিয়ে প্রতিবছর ব্যাডমিন্টন খেলার আয়োজন করি। পাশাপাশি কোয়ালিটি স্পোর্টসের সহায়তায় প্রতিবছর ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়। আমাদের এখানে প্রতিদিন ছাত্র থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও খেলতে আসেন।’ ব্যাংক কর্মকর্তা মুহসীন উদ্দিন বলেন, ‘সারা দিন অফিস থাকায় খেলাধুলার তেমন একটা সুযোগ পাই না। তবে শীত মৌসুম এলে ঘণ্টা দুয়েক ব্যাডমিন্টন খেলার মজাটা তাই ছাড়তে চাই না।’বড়দের পাশাপাশি ছোটরাও ব্যস্ত ব্যাডমিন্টন কোর্টে। চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাকিব আবরারদের মতো একদল রয়েছে, যারা মা-বাবাকে বুঝিয়ে-কিছু টাকা তুলে খেলার আয়োজন করেছে। সাকিব বলে, ‘আমরা তো ছোট, বড় ভাইয়ারা আমাদের নেন না, তাই নিজেরা মিলে টাকা তুলে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করেছি।’ব্যাডমিন্টনের বর্তমান অবস্থা নিয়ে কথা হয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাবেক ব্যাডমিন্টন সম্পাদক ও নবনির্বাচিত যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘সিজেকেএসে আমাদের আমলে প্রতিবছরই ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছে। আমরা মাস তিনেক আগে স্কুল পর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। তা ছাড়া নভেম্বরে আয়োজন করেছি দ্বিতীয়বারের মতো ইউসুফ গণি স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট। তবে এটা ঠিক, একসময় ব্যাডমিন্টনের যে গৌরব চট্টগ্রামের ছিল, তা এখন আর নেই। হারানো গৌরব ফিরিয়ে আনতে আমরা বিভিন্ন কর্মসূচি নেব।’