মৌসুমি কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুমছে চলছে ঈদের কেনাকাটা। বিপণিবিতানগুলোয় ‘তিল ঠাঁই আর নাহি রে’ অবস্থা। ক্রেতারা যেমন ব্যস্ত, তেমনি ব্যস্ত বিক্রেতারাও। এই ব্যস্ত বিক্রয়কর্মীর মধ্যেও কিছু কিছু তরুণ-তরুণীকে আলাদাভাবে চেনা যায়। দেখলেই বোঝা যায় তাঁরা শিক্ষার্থী। ছুটির অবসরে কাজ করছেন বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে। এমনই একজন তানিয়া সুলতানা। কাজ করছেন ফ্যাশন হাউস বিবিআনায় আর পড়াশোনা করছেন মিরপুর বাঙলা কলেজে স্নাতক প্রথম বর্ষে। ‘ক্লাস বন্ধ আছে প্রায় এক মাস। তাই সময়টাকে কাজে লাগাচ্ছি। দু পয়সা আয়ও হলো, আবার সেই সঙ্গে অভিজ্ঞতার ঝুলিটাও সমৃদ্ধ হলো।’ ঈদের এই মৌসুমি কাজে যোগ দেওয়ার কারণটা এভাবেই ব্যাখ্যা করলেন তানিয়া। এ রকম মৌসুমি কাজ করছেন তানজিম, শাকিল, শিখা, মিথিলা, মীম, দীপা, আইরিন, রায়হান, সাদ্দাম, পঙ্কজ, তানভীর ও কায়সার আহমেদ। সবাই কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। ঈদকে সামনে রেখে প্রতিবছরই ব্যস্ততা বাড়ে ফ্যাশন হাউসগুলোর। তাই এই সময়টায় অতিরিক্ত বিক্রয়কর্মী নিয়োগ না দিয়ে উপায় থাকে না তাদের। আর সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছেন তানিয়ারা।যদিও কাজটা একই, তবে কাজে যোগ দেওয়ার কারণটা কিন্তু এককজনের একেক রকম। যেমন সময় কাটবে না বলে কাজে যোগ দিয়েছেন প্রিংকু চাম্বুগং। তিতুমীর কলেজের এই শিক্ষার্থী বলেন, ‘এমনি এমনি কি সারা দিন বাসায় বসে থাকা যায়! তার মধ্যে আবার ক্লাস নেই। সময় কাটবে কী করে। এমনটা ভাবতে ভাবতেই “রঙ”-এ কাজ করা পরিচিত একজন জানালেন “সময়টা কাজে লাগাতে পারো। ঈদ উপলক্ষে আমাদের শোরুমে কিছু বিক্রয়কর্মী নেওয়া হবে।” এ শুনেই লুফে নিলাম সুযোগটা।’নিজের কাজ করার কারণ সম্পর্কে দীপা বলেন, ‘প্রত্যেক বছর মা-বাবার কাছে থেকেই ঈদের কেনাকাটার টাকা নিতে হয়। ভাবলাম এবার নিজের ব্যবস্থাটা নিজেই করি। তাই কজে নেমে পড়লাম।’ এবারই প্রথম এ রকম মৌসুমি কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম। ফ্যাশন হাউস ইনফিনিটির হয়ে কাজ করছেন তিনি। বলেন, ‘পাড়াশোনার পাশাপাশি একটা কিছু করার তাগিদ অনুভব করছিলাম বেশ আগে থেকেই। সুযোগটা মিলে গেল এবার। আমি দারুণ খুশি। প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি।’নতুন জায়গা নতুন অভিজ্ঞতা— সময়টা মন্দ কাটছে না তাঁদের। পড়ার ফাঁকে এমন কাজের সুযোগ নিলে ক্ষতি কি?