মৌসুমি ফলে বাজার সরগরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম থেকে আসা আম, লিচু, কাঁঠাল, আনারসসহ বিভিন্ন মৌসুমি ফলে ভরে গেছে বাঘাইছড়ির বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা এসে ভিড় করেছেন। চাষিরা আশানুরূপ দাম পেয়ে সন্তুষ্ট। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ৩০১ একর বাগানে আম, ৩২১ একরে কাঁঠাল, ২৩৭ একরে চার জাতের লিচু এবং ১৩৫ একরে আনারস এবং ৫ একরে কাজুবাদামের চাষ হয়েছে। এ ছাড়া প্রতিটি গ্রামে বাড়ির আঙিনায় এসব মৌসুমি ফলের গাছ রয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার সারোয়াতলী, শিজক, উলুছড়ি শিলকাটা ছড়া, খেদারমারা ও দুরছড়ি গ্রামে লিচুর ফলন হয়েছে প্রচুর। ইতিমধ্যে দেশি ও চায়না থ্রি লিচু পাকা শুরু হয়েছে। কিছু এলাকায় পাইকারদের কাছ থেকে লিচু, আম ও কাঁঠাল বিক্রি শেষ করেছেন কৃষকেরা। ব্যবসায়ী ও চাষিরা জানান, অন্যান্য বছরের তুলনায় সরবরাহ বেশি থাকায় এ বছর মৌসুমি ফলের দাম বেশি। এতে চাষি ও ব্যবসায়ীরা উভয়ে লাভবান হচ্ছেন। ১০০ দেশি লিচু আকারভেদে ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর চায়না থ্রি ১০০ থেকে ২৫০ ও চায়না টু ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আমও জাতভেদে কেজি ৩৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁঠাল আকারভেদে ২০ থেকে ৩০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। আর আনারস জোড়া ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। উপজেলা মধ্যমপাড়া লিচু ব্যবসায়ী মো. বেলাল প্রথম আলোকে বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর ঢাকা-চট্টগ্রামে লিচুর চাহিদা বেশি। সে জন্য আমরা দাম দিয়ে কিনে নিচ্ছি। বিভিন্ন গ্রামে ঘুরে পুরো বাগান কিনলে বেশি লাভ হয়।’ বাঘাইছড়ি লিচুচাষি বাত্যে চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমার বাগানে এ বছর ২০ থেকে ২৫টি লিচুগাছে ফলন দিয়েছে। একটি লিচুগাছ পাইকারি ১৫ থেকে ২০ হাজার টাকা বিক্রি করেছি। গত বছর লিচুর দাম কম ছিল। লিচুর দাম থাকায় এ বছর অনেক চাষি লাভবান হয়েছেন বলে তিনি জানান। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহ আলম বলেন, ‘উপজেলায় মৌসুমি ফলের ফলন ভালো হয়েছে। কিছু এলাকায় আগাম মৌসুমি ফল পেকেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে পুরোদমে বিভিন্ন ধরনের ফলে পেকে যাবে।’