মৌসুমি ফলে ভরে গেছে টেকনাফের হাটবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমি ফলে ভরে গেছে টেকনাফের হাটবাজার। আম, কাঁঠাল, বাঙ্গি, তরমুজ, বেল, আনারস, লিচুর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।চাষিরা জানান, এবার তাঁরা উৎপাদিত ফল বাজারে আগাম এনে ভালো দাম পেয়েছেন। এ বছর কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটায় আম, লিচু, কাঁঠালের ফলন আশাতীত ভালো হয়েছে। গত বছর এসব ফলের দাম ছিল অনেক কম। প্রতিদিন বাজার ও গ্রাম থেকে পাইকারি ব্যবসায়ীরা ট্রাক ও পিকআপ ভর্তি করে আড়তে নিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমের শুরু থেকে এসব ফলের দাম বেশি পাওয়া যাচ্ছে বলে তাঁরা জানান।সরেজমিনে দেখা গেছে, টেকনাফের নতুন পল্লানপাড়া, পুরান পল্লানপাড়া, তুলাতুলি, লম্বরী, মাঠপাড়া, জাহালীয়াপাড়া, ডেইলপাড়া, হাতিয়ারঘোনা, রাজারছড়া, মিঠাপানির ছড়া, মহেশখালীয়াপাড়া, গোদারবিল, নাইট্যংপাড়া, বাহারছড়ার শীলখালী, জাহাজপুরা, মাথাভাঙ্গা, বড় ডেইল, নিলার পানখালী, রঙ্গিখালী, আলীখালী, উলুচামারী, ফুলের ডেইল, দমদমিয়া, মৌলভী বাজার, হোয়াইক্যংয়ের নয়াবাজার, কানজরপাড়া, সাতঘরিয়াপাড়া, রক্ষইম, লম্বাঘোনা, দৈঘ্যাকাটা ও চাকমারকূল এলাকায় এবার বিভিন্ন জাতের ফলের ব্যাপক উৎপাদন হয়েছে। কয়েক সপ্তাহ আগে থেকে এলাকার হাটবাজারগুলোতে এসব ফলের স্তূপের পাশাপাশি দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন।টেকনাফ পুরোনো বাস টার্মিনাল এলাকার লিচু ব্যবসায়ী ছৈয়দ করিম জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গড়ে এক শ টাকায় সংগ্রহ করে তিনি ১৫০-২০০ টাকায় লিচু বিক্রি করছেন। সাবরাং আছারবনিয়ারপাড়ার তরমুজচাষি আবদুর রশিদ জানান, গত বছর যে তরমুজ ৩০-৬০ টাকায় বিক্রি করেছিলাম সেই তরমুজ এবার বিক্রি হচ্ছে ৫০-১০০ টাকায়। বাজারে তরমুজ আসার পর থেকে প্রচণ্ড গরমের কারণে তরমুজের দাম অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। টেকনাফ সদর ইউনিয়নের হাতিরঘোনা গ্রামের আমবাগানের মালিক জাকির হোসেন বলেন, ‘বাড়ির আঙিনায় ১৫টি গাছে প্রচুর ফলন হয়েছে। সেখান থেকে পাঁচটি গাছের কাঁচা আম বিক্রি করে এক লাখ ৫৮ হাজার ২৩০ টাকা পেয়েছি। বাকি ১০টি গাছে পাকা আম বিক্রি করছি তিন সপ্তাহ ধরে। সেখান থেকে প্রায় ৫৬ হাজার টাকা পেয়েছি।’ গত বছর এসব গাছ থেকে প্রায় আড়াই লাখ টাকার আম বিক্রি করা হলেও চলতি মৌসুমে প্রায় চার লাখ টাকার আম বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই ইউনিয়নের রাজারছড়া গ্রামের আমবাগানের মালিক আবদুল কাদের বলেন, আগাম দেশীয় পাকা আম বাজারে আসায় পাইকারি ক্রেতারা বাগান থেকে আম সংগ্রহ করে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। এতে বাগানমালিকেরা বেশ লাভবান হচ্ছেন। টেকনাফ সদর ইউনিয়নের সুলতান আহমদ (৫০) বাহারছড়া ইউনিয়নের চাকমাপাড়া এবং নোয়াখালী গ্রামের রায়মং চাকমা (৪৮) ও কবির আহমদ (৪৫) জানান, তাঁদের বাড়ির আঙিনা ও পাহাড়ি এলাকার গাছগুলোতে এবার প্রচুর কাঁঠাল ধরেছে। গত বছর যেখানে প্রতি শ কাঁঠাল তিন-চার হাজার টাকায় বিক্রি হয়েছিল তা এবার বিক্রি হচ্ছে সাত-আট হাজার টাকায়। হোয়াইক্যং লম্বাঘোনার আনারসচাষি তপন চাকমা ও মিনু চাকমা বলেন, তাঁরা এবার পরীক্ষামূলকভাবে পাহাড়ের পাদদেশের পতিত জমিতে আনারসের চাষ করেছেন। ফলনও হয়েছে প্রচুর, দামও পাওয়া যাচ্ছে ভালো, তাই আগামী বছর আরও বেশি করে আনারস চাষ করার আশা প্রকাশ করেছেন। কাঁঠাল ও আমবিক্রেতা মোহাম্মদ আলম ও ফরিদ আলম জানান, ‘উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আম-কাঁঠাল সংগ্রহ করি। ইতিমধ্যে তিন ট্রাক আম-কাঁঠাল ঢাকার কারওয়ান বাজারের আড়তদারের কাছে বিক্রি করে ভালো মুনাফা করেছি।’ এখন ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন ব্যাপারিরা টেকনাফ এসে কাঁঠাল ও আম নিয়ে যাচ্ছেন বলে তাঁরা প্রথম আলোকে জানান।ঢাকার কারওরান বাজার ও চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের পাইকারি আড়তদার মিয়া মোহাম্মদ সোলেমান ও সাইফুল ইসলাম বলেন, ‘এ বছর মৌসুমের শুরু থেকে টেকনাফ থেকেই আম, কাঁঠাল, তরমুজ ও লিচুর ব্যবসা করছি। ফলের মৌসুম শুরু হওয়ার আগেই বাজারে এসব ফলের সমাহার। কারণ এ রকম আগাম ফল আর কোথাও পাওয়া যায় না। এখান থেকে ফল কিনে ঢাকা ও চট্টগ্রামে নিয়ে দ্বিগুণ লাভে বিক্রি করছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে টেকনাফে বিভিন্ন জাতের ফলের ফলন ভালো হয়েছে। আম, কাঁঠাল, আনারস, তরমুজ, বাঙ্গি ও লিচু প্রতিদিন দেশের বিভিন্ন জেলা সদরে সরবরাহ করা হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, এখানকার প্রতিটি বাড়ির আঙিনায় ছোট-বড় আম-কাঁঠাল ও লিচুগাছে ব্যাপক ফলন হয়েছে। প্রতিদিন টেকনাফের বাস স্টেশনে নির্দিষ্ট হাট না থাকায় রাস্তার পাশে এসব রসালো ফল বিক্রি করছেন স্থানীয় চাষি ও বাগানমালিকেরা। রাস্তার ওপর হাট বসায় চলাচল করতে অসুবিধা হলেও তা মেনে নিতে হচ্ছে।