মৌসুমি ফলের ম-ম গন্ধ
বাজারে আসতে শুরু করেছে আম, কাঁঠাল, লিচু, আনারসসহ নানা ফল। চারদিকে এখন মৌসুমি ফলের ম-ম গন্ধ। নগরের ফলের আড়তগুলোতে তিন পার্বত্য জেলা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকভর্তি হয়ে আসছে এসব ফল। তবে সরবরাহ পর্যাপ্ত না হওয়ায় পাইকারির তুলনায় এখনো খুচরাতে দাম একটু বেশি। গতকাল শনিবার নগরের ফিরিঙ্গিবাজার ও বিআরটিসির ফলমণ্ডিতে গিয়ে দেখা যায়, ফলের আড়তগুলোতে কাঁঠালের সমাহার। ফল ব্যবসায়ীরা জানান, চার-পাঁচ দিন ধরে ফল আসতে শুরু করেছে। এর মধ্যে খাগড়াছড়ি থেকে আসছে কাঁঠাল, রাঙামাটি থেকে আনারস ও টেকনাফ থেকে আম। এসব ফলের পাশাপাশি এখনো তরমুজ, বাঙ্গি এবং বেলের দেখা মিলছে। তবে কয়েক দফা বৃষ্টি হওয়ায় তরমুজের চাহিদা কমে গেছে। ফিরিঙ্গিবাজারের ফলের আড়তে খাগড়াছড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছেন মো. ফরিদুল আলম। তিনি জানান, সাধারণত রাঙামাটি, বান্দরবান এবং কাপ্তাই থেকে চট্টগ্রামে কাঁঠাল আসে। খাগড়াছড়ির বিভিন্ন বাগানে কাঁঠাল পাকতে শুরু করেছে। ওই সব বাগান থেকেই চার হাজার টাকা শ হিসেবে কাঁঠাল কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা। ফরিদ বলেন, কেনা দামের সঙ্গে পরিবহন খরচ আছে। কিছু ফল নষ্টও হয়। তাই প্রতিটি কাঁঠাল ন্যূনতম ৭০ থেকে ৮০ টাকার নিচে বিক্রি সম্ভব নয়। বড় আকারের কাঁঠাল খুচরা বাজারে ২০০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানান তিনি। এখানকার চট্টগ্রাম ফার্মের ব্যবস্থাপক লিয়াকত হোসেন প্রথম আলোকে বলেন, মৌসুমি ফল মাত্র আসতে শুরু করেছে। আজ (শনিবার) দ্বিতীয় দিনের মতো কাঁঠালের চালান এসেছে। রাঙামাটি থেকে কিছু আনারস এসেছে। আর টেকনাফ থেকে এসেছে দেশি জাতের আম।রাঙামাটি থেকে আনারস কিনে এনেছেন ফল ব্যবসায়ী মোহাম্মদ আলী। তিনি বলেন, রাঙামাটির বাজারে ছোট আকারের আনারস ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এখানে এনে প্রতি এক শ আনারস বিক্রি করেছি এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায়। নগরের বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি ছোট আকারের আনারস বিক্রি হচ্ছে ২০ টাকায়। ফলের আড়তগুলোতে এখনো আম বলতে শুধুই টেকনাফ থেকে আসা দেশি আম। পাইকারিতে এসব আম বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ টাকায়। তবে বাজারে এক শ টাকার নিচে কোনো আম নেই। নগরের বিআরটিসির ফলমণ্ডিতে ভারতের বিভিন্ন জাতের আম প্রতি টুকরি (১৫ থেকে ১৬ কেজি) বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকায়। এ ছাড়া এসেছে রাঙামাটি ও টেকনাফের লিচু। তবে এসব লিচু একটু টক। আবার দামও চড়া।