মৌসুমীর ঈদ-রান্না
ইলিশ রান্নার গন্ধ। নিশ্চয়ই সানীর মা আজ সরষে ইলিশ রান্না করছেন। সঙ্গে থাকবে পোলাও। জিবে পানি চলে আসে। ওজন বাড়ার ভয়ডর সব দূরে রেখে প্লেটটা চেটেপুটে খান। ওই দিনই বিকেলে শাশুড়ির কাছে বায়না ধরেন। রান্নাটা শেখাতে হবে। এক শুক্রবার মৌসুমীর শুটিং ছিল না। বাজার থেকে বড় বড় দুটো ইলিশ আনালেন। শুরু হলো তাঁর রান্না শেখা। শুধু সরষে ইলিশই নয়, রান্নায় মৌসুমীর হাতযশ নারকেল চিংড়ি, মুরগি ভুনা এমন অনেক কিছুতেই। নারকেল চিংড়িউপকরণ: এক গ্লাস দুধ। দুই কাপ নারকেল কুরানি। আধা কাপ চিনি। তিন কাপ তেল। বড় বড় চিংড়ি এক কেজি। পরিমাণমতো হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, মরিচবাটা ও লবণ। প্রস্তুত প্রণালি: প্রথমে চিংড়ি ধুয়ে নিন। পানি নিংড়ে চিংড়িগুলো চালুনির ওপর রেখে দিন। এবার চুলা জ্বালিয়ে কড়াই গরম করে তেল ছেড়ে দিন। তারপর মসলা দিয়ে চিংড়িগুলো ভালো করে মাখিয়ে নিন। এবার গরম কড়াইয়ের তেলের মধ্যে চিংড়িগুলো ছেড়ে দিন। চিংড়িগুলো ভাজা হতে হতে যখন লালচে আকার ধারণ করবে, তখনই চুলা থেকে নামিয়ে নিন। ইচ্ছে করলে এই ভাজা চিংড়িও আপনি বেশ স্বাদ নিয়েই খেতে পারেন। আবার যদি এই চিংড়িকে আরও বেশি সুস্বাদু করে তুলতে চান, তাহলে কড়াই গরম করে দুধটা কড়াইতে ছেড়ে দিন। এরপর নারকেল কুরানি ও চিনি ছেড়ে দিন দুধের মধ্যে। তারপর নাড়তে থাকুন। যখন নারকেল-মিশ্রিত দুধ ঘন হয়ে আসবে, তখন সেখানেই ভাজা চিংড়িগুলো ছেড়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার নামিয়ে ফেলুন। নারকেল-মিশ্রিত দুধটুকু হয়ে যাবে চিংড়ির ঝোল। তারপর পাত্রে নিয়ে খেতে পারেন নারকেল চিংড়ি। দারুণ মজার খাবার!সরষের ইলিশ ভুনাউপকরণ: দুটো বড় আকারের ইলিশ। এক কাপ তেল। মিহি করে সরিষাবাটা এক কাপ। পেঁয়াজবাটা এক কাপ। পরিমাণমতো লবণ, বাটা হলুদ, আদা, জিরা ও রসুন। শুকনো মরিচের গুঁড়া, পাঁচটি কাঁচা মরিচ। পরিমাণমতো পানি।রান্নার প্রক্রিয়া: প্রথমেই মাছ দুটো কেটেকুটে ধুয়ে নিন। এরপর মিহি করে সরিষা, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, জিরাবাটা দিয়ে মাছের টুকরোগুলো মাখিয়ে নিন। এভাবেই রেখে দিন কিছু সময়। তারপর তেল ঢেলে দিন মাখানো মাছে। লবণ ছিটিয়ে দিন তার ওপর। এরপর একটু পানি ঢেলে ফ্রাইপ্যানের মুখ ঢাকনা দিয়ে আটকে দিয়ে চুলার ওপর বসিয়ে দিন। ধীরে ধীরে যখন পানি টেনে আসবে, তখন চুলা থেকে ফ্রাইপ্যান নামিয়ে এর ঢাকনা খুলে তাতে কাঁচা মরিচ চিড়ে ছড়িয়ে দিন আপনার সরষের ইলিশ ভুনার ওপর। হয়ে গেল ইলিশ ভুনা। পোলাওর সঙ্গে খেতে দারুণ মজা।‘রান্নাটা শেখার পর থেকে ঈদে আমি সরষে ইলিশ ভুনাটা তৈরি করি। আমার ছেলে এবং সানী বেশ মজা করেই খায়। আর আত্মীয়স্বজন তো বলে, “তুমি সময় পাও কী করে এত কিছু করার?” এ ছাড়া বাসায় বন্ধুবান্ধব এলেও এই রান্নাটা করে ফেলি ঝটপট। ফেরদৌস আর ঋতুপর্ণা সেনগুপ্ত আমার বাসায় আসবে। শুনেই তৈরি করে ফেললাম ইলিশের এই রান্নাটা। ঋতু তো খেয়ে মুগ্ধ।’ বলছিলেন মৌসুমী।মুরগির ভুনাউপকরণ: দুটি দেশি মুরগি। এক কাপ ভোজ্যতেল। পরিমাণমতো বাটা আদা, রসুন, পেঁয়াজ, জিরা, হলুদ, মরিচ। পরিমাণমতো লবণ ও পানি।প্রস্তুত প্রণালি: একটি দেশি মুরগিকে পাঁচ টুকরা করতে হবে। দুই রান ও সামনের দুই পাখার দুটি টুকরো। মাঝখানের অংশ এক টুকরা। এভাবেই দুটি মুরগি থেকে ১০ টুকরা মাংসের টুকরো ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি থেকে মাংস তুলে পানি নিংড়ে নিতে হবে। মসলা সব একসঙ্গে মাখিয়ে নিয়ে সেগুলো মাংসের সঙ্গে মিশ্রণ করে নিতে হবে। এরপর আধা ঘণ্টা রেখে দিন। তারপর পাতিলের মধ্যে পরিমাণমতো (মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু) পানি দিয়ে সেই মসলামিশ্রিত মাংস বসিয়ে দিন। পাতিলের মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে দিন। দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগতে পারে। তবে চুলার জ্বালটা কমিয়ে দিন। আধা ঘণ্টা পর একবার মাংসটা নেড়ে দিয়ে দেখুন, মাংস সেদ্ধ হয়েছে কি না। যদি সেদ্ধ না হয় এবং পানি কমে আসে, তবে একটু পানি ঢেলে দিন। এরপর চেখে দেখেলবণ কম হলে সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন। তারপর আবার ঢাকনাটা বন্ধ করে দিন। ২০ মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলুন মুরগির ভুনা। ঈদের দিনে পোলাওর সঙ্গে এমন গরম গরম মুরগির ভুনা কার না খেতে ভালো লাগবে। ‘এই রান্নাটা আমার ছেলে ফারদীনের খুব পছন্দ। মুরগির ভুনা পেলে ও মনের আনন্দে খাওয়াদাওয়া করে।’ বলছিলেন মৌসুমী।