মৌসুমের প্রথম বৃষ্টিপাত
শীত বিদায় নেওয়ার পর গতকাল বুধবার সকালে চট্টগ্রামে মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসও বয়ে যায়। এই আকস্মিক বৃষ্টি ভ্যাপসা গরমে কিছুটা স্বস্তির পরশ এনে দিয়েছে নগরবাসীর মাঝে। এই বৃষ্টি যেন ঘোষণা করেছে কালবৈশাখীর আগমনী বার্তা।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ১৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিকে কালবৈশাখী বলে আখ্যায়িত করছেন আবহাওয়াবিদেরা।আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।গতকাল সকাল থেকে আকাশে মেঘ পুঞ্জীভূত হতে থাকে। সকাল আটটার দিকে আকাশ একেবারে কালো মেঘে ঢেকে যায়। নয়টার পর নামে ঝুমবৃষ্টি। থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টি চলে প্রায় আধা ঘণ্টা। আকস্মিক বৃষ্টিতে কর্মমুখী মানুষ পড়েন বিপাকে। কাকভেজা হয়েছেন কেউ কেউ।রিকশা-অটোরিকশাতে আগাম প্রস্তুতি হিসেবে কোনো পর্দার ব্যবস্থা ছিল না। ফলে বৃষ্টি থেকে রক্ষা মেলেনি এসব বাহনে বসা লোকজনেরও। তবে হঠাৎ বৃষ্টিতে বেশ মজা পেয়েছে স্কুলগামী কিশোর-কিশোরীরা। কেউ কেউ ইচ্ছা করেই ভিজেছে এই বৃষ্টিতে। বৃষ্টিতে দৌড়ঝাঁপ বেড়ে যায় শিশুদেরও। কাকভেজা হয়েই অনেকে গেছে স্কুলে।তবে সকালের বৃষ্টি থামার পর পরই আকাশের চেহারা ঠিক আগের অবস্থায় ফিরে আসে। দিনের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। অনুভূত হতে থাকে গরম। গতকাল সকালে চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।