ফারহা বুঝে উঠতে পারছে না তার এখন কী করা উচিত। রিকশা কিংবা অটোরিকশা নেওয়া যেতে পারে। ইন্টারভিউয়ের জন্য হাতে এখনো ১৫ মিনিট আছে। হেঁটে গেলে রিকশাভাড়াটা বেঁচে যাবে।বোকামি হয়েছে। একটা ছাতা নিয়ে আসা উচিত ছিল। শ্রাবণ মাস। এরই মধ্যে দুবার ঝিরঝিরে বৃষ্টিতে ফারহাকে খানিকটা ভিজতে হয়েছে। মামাকে একটা ছাতার কথা বলতে গিয়ে ফারহা বলেনি। ফারহা ফুটপাত দিয়ে হাঁটছে। আয়েসি হাঁটা। হাতে ফাইল আছে। ফাইলে কাগজপত্র। মাধ্যমিকে ৩.৫০। উচ্চমাধ্যমিকে ৩.৭০ আর অনার্স বাংলায় সেকেন্ড ক্লাস। শিক্ষা নামক যুদ্ধের ময়দানে এই ফল আজকাল খুব হাস্যকর। চাকরি পাওয়ার জন্য আরও হাস্যকর। চাকরিটা বেশি কিছু না। এমআইসি ইন্টারন্যাশনাল কোম্পানিতে ফাইল-পত্র রক্ষণাবেক্ষণের চাকরি। বেতন শুরুতে ছয় হাজার। ফারহার জন্য অনেক মূল্যবান একটা সংখ্যা।পাশ দিয়ে গাড়ি যাচ্ছে অনেক। ফারহা মাঝে মাঝে সেদিকে তাকাচ্ছে। জীবনের কষ্ট ভোলার জন্য এরা কম চেষ্টা করেনি। কালো কাচ তুলে দিয়েছে। ২০ টাকার জায়গায় ৫০ টাকার টুথব্রাশ কিনেছে। দামি সুগন্ধি সেপ্র করেছে শার্টের এখানে-সেখানে। তার মামার দুঃখ ভোলার পদ্ধতিটা আবার অন্য রকম; টাক মাথায় চিরুনি বোলানো। হাস্যকর পদ্ধতি।শ্রাবণের মেঘ উড়ে যাচ্ছে। কখনো ফারহার ছায়া পড়ছে, কখনো পড়ছে না। ফারহা ভয়ে ভয়ে ছিল সুলতানপুর গ্রামের সালমার মতো এখানেও তাকে ‘ও সখিনা শুইনি যা’ ধরনের বাক্য শুনতে হবে। আশ্চর্য, এখানে সবাই ব্যস্ত। খুব ব্যস্ত।এরই ভেতর কুদ্দুসের সঙ্গে দেখা ফারহার। জ্যাম বেঁধেছিল গাড়ির। সে এই রোদ-ছায়ার ভেতরেই এক গাড়ি থেকে ছুটে যাচ্ছিল আরেক গাড়িতে। উদ্দেশ্য, কিছু কদম ফুল বিক্রি করা। তবে, কেউ কিনবে বলে মনে হচ্ছে না।ফারহা কী মনে করে দুটো কদম ফুল কিনে ফেলল। কুদ্দুস ফুল বিক্রি করেই দিল দৌড়। ফারহা আশা করেনি এটা। নাটক-সিনেমায় দেখা যায়, ফেরিওয়ালারা নায়িকা ফুল কিনলে ‘আফা, আপনে খুব ভালো। কই যাইবেন?’ জাতীয় কথা বলে।ফারহা উপলব্ধি করল, জীবনটা টিভি-সিনেমার চেয়ে অনেক আলাদা। ফারহা যখন ইন্টারভিউ বোর্ডে পৌঁছাল, তখন তার সাত মিনিট দেরি হয়ে গেছে। ইন্টারভিউ বোর্ডে আছেন তিনজন। দুজন বৃদ্ধ লোক, একজন বৃদ্ধ মহিলা। সবার সামনেই সূর্যমুখী ফুল আঁকা কাপ। ফারহার সামনেও আছে। কিন্তু কোনো কারণে কেউই মগ ছুঁয়েও দেখছে না। এটাই সম্ভবত ভদ্রতা।বৃদ্ধ মহিলা গলা খাঁকারি দিলেন। বললেন, ‘আপনি ১০ মিনিট লেইট।’—সরি...মানে আমি সাত মিনিট লেইট ম্যাম্। (মামাতো বোন শীলা তাকে ম্যাম বলা শিখিয়েছে। ইন্টারভিউ বোর্ডে এটা অতিগুরুত্বপূর্ণ ব্যাপার।)—যাক, আমি ভাবলাম আপনার হাতে ঘড়িই নেই। ওয়েল, কারণটা কী বলা যায়?—জি, মানে স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছিল।—ও। আচ্ছা, আপনার সিভি দেখলাম। আপনি কি জানেন, আপনার এডুকেশনাল রিপোর্ট এই চাকরির জন্য সুইটেবল না?—সরি ম্যাম। জানতাম না।—আপনি এই চাকরি করতে চাইছেন ভালো কথা। কিন্তু...—ম্যাম। আমি চাকরিটা করতে পারব। ১৬ বছর বয়সে বিয়ের পিঁড়ি থেকে পালিয়ে ঢাকায় মামার বাসায় আসতে পেরেছি, এটাও পারব।ফারহাকে পরে দেখা করতে বলা হলো। সবাইকে যা বলা হয়।ফারহা হাসিমুখে চেয়ার ছাড়ল। বেরিয়ে আসার আগে বয়স্ক মহিলাকে বলল, ম্যাম, ম্যাজিক দেখবেন? ভদ্রমহিলা কুঞ্চিত ভুরু নিয়ে তাকালেন। ফারহা দেরি না করে খালি হাতের ভেতর থেকে চোখের পলকে একটা কদম ফুল বের করে বৃদ্ধ মহিলার হাতে দিল।বলল, ‘ধরুন, ধরুন, কী হলো? আসলে কি জানেন? আমাদের দেশে শিক্ষা হলো ম্যাজিক। ম্যাজিক দেখে আমরা বেশির ভাগ শিক্ষার্থীই মুগ্ধ হই। ম্যাজিশিয়ান হয় কয়েকজন। আর বাকিরা হয় মুগ্ধ দর্শক।’ ভদ্রমহিলা চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। সম্ভবত তার ধারণা হলো ফারহা নামের এই মেয়েটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। ফারহা যখন বোর্ড থেকে বাইরে বেরিয়ে এল বাইরে তখন ঝুম বৃষ্টি। ফারহার হাতে তখনো একটা কদম ফুল আছে। এটা সুমনের জন্য। সে হাত সাফাইয়ের কাজ ভালো শেখায়। জন এ্যাভিল মণ্ডলমুখার্জিপাড়া, মেহেরপুর।