২৬ নভেম্বর, বিকেল পাঁচটা। গুলশানের একটি বাসায় আমন্ত্রিত হয়ে জাদু দেখাতে এসেছি। আমি, আমার স্ত্রী রুখসানা ও আমাদের সহকারী খোরশেদ আলম। বাড়ির হলরুমটি রং-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে। শিশুদের নানা খেলার আয়োজন। বাউন্সিং ক্যাসেল, বল পুল, স্লাইড ইত্যাদি। একজন মিকি মাউস সেজে ঘোরাঘুরি করছে। অন্যদিকে রয়েছে আইসক্রিমের ভ্যান, পপকর্ন ও হাওয়াই মিঠাইওয়ালা। দেশি-বিদেশি শিশুরা নানা রঙের পোশাক পরে আনন্দ উৎসবে মেতে উঠেছে, খেলাধুলা করছে। স্পিকারে চিলড্রেন রাইমস বেজে চলেছে। দেশি-বিদেশি ভদ্রলোক ও ভদ্রমহিলারা আছেন নানা রঙের পোশাক-পরিচ্ছদে।আজ আমার জীবনের একটি স্মরণীয় জাদু প্রদর্শনী করতে যাচ্ছি। কারণ, আজ থেকে প্রায় ৩০ বছর আগে বারিধারার একটি বাড়িতে আমন্ত্রিত হয়ে একটি ছোট্ট ছেলের জন্মদিনে জাদু প্রদর্শন করেছিলাম আমি ও রুখসানা। ছেলেটির নাম রহিম। আজ জাদু প্রদর্শন করতে এসেছি সেই ৩০ বছর আগেকার রহিমের মেয়ে এমেলিয়ার জন্মদিনে। এমেলিয়ার বয়স এখন চার বছর। আমি জাদু প্রদর্শন করার সময়ে জীবনে কখনো কোনো হ্যাট পরিনি। কিন্তু এমেলিয়া তার দাদু রাজু মুরাদকে বলেছে, যে ম্যাজিশিয়ান কখনো হ্যাট পরে না, সে কোনো ম্যাজিশিয়ানই নয়। তাই এমেলিয়ার অনুরোধে জীবনে এই প্রথম আমি একটি টপ হ্যাট পরে এসেছি। এ দুই কারণে শোটি আমার জীবনের অন্যতম স্মরণীয় জাদুর শো।উলফাৎ কবীরজাদুশিল্পী