ম্যাডামের কাছে যে চিঠি আমিও লিখিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় ম্যাডাম,আচ্ছা বলুন তো, মুখ থেকে বের হওয়া বুলি আর বন্দুক থেকে বের হওয়া গুলি কি ফেরত নেওয়া যায়? টিউবের প্যাকেট থেকে বের হওয়া পেস্ট আর হুট করে বাড়িতে চলে আসা অনাহূত গেস্টকে কি ফেরত পাঠানো যায়? যায় না, ম্যাডাম।কিংবা পাঁচ মাস আগে যে চিঠি আপনি লিখেছেন, এখন যদি আফসোস হয়, ইশ্, কেন পাঠালাম এই চিঠি, লাভ আছে কোনো?জানেন, এই রকম আফসোসে পড়েছিল আমাদের রাহাত। আমরা তখন ঢাকায় নতুন এসেছি। পড়তে। নতুন নতুন এলে যা হয়, সারাক্ষণ বাড়ির জন্য মন কাঁদে। তখনো মোবাইল ফোনটোনও এতটা সুলভ হয়নি। তখনো মানুষ চিঠি লিখত।নেপোলিয়ান একই সঙ্গে নাকি দুই হাতে দুটি চিঠি সমানতালে লিখতে পারতেন। হয়তো ডান হাত দিয়ে তিনি প্রেয়সীর কাছে প্রেমপত্র লিখছেন, ‘জানু, কেমন আছো ময়নাপাখি,’ আর বাঁ হাতে লিখছেন পাশের রাজ্যের রাজার উদ্দেশে, ‘ওরে শয়তান, তোর দিন শেষ, আমি আসছি আক্রমণ করতে!’ঠিক নেপোলিয়ানের মতো না হলেও আমাদের রাহাতও অনেকটা কাছাকাছি অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছিল। একই বসায় সে লিখেছিল সম্পূর্ণ ভিন্ন রকমের দুটো চিঠি। ব্যাকরণ বই থেকে দেখে দেখে লিখল: টাকা চাহিয়া পিতার নিকট পুত্রের পত্র। আর মাহফুজের লেখা পুরোনো প্রেমপত্র দেখে কপি করে লিখল লাভ লেটার। রাহাতের প্রেমিকা এবং বাবা দুজনই থাকত রংপুরে।চিঠি পোস্টটোস্ট করে এসে হুট করে রাহাতের মনে পড়ে গেল, মস্ত বড় ভুল হয়ে গেছে। প্রেমিকার খামে ঢুকিয়েছে বাবার চিঠি আর বাবার খামে প্রেমিকার! এরপর...। সেদিন রাহাতও খুব আফসোস করেছে, কেন পাঠালাম এই চিঠি, লাভ হয়েছে?আপনারটায় অবশ্য একটা লাভ হয়েছে। ওয়াশিংটন টাইমস নামের একটা পত্রিকা যে আছে, সেটা এই জাতি জানতে পেরেছে। তবে কিনা ম্যাডাম, নামের শেষে ‘ঠাকুর’ থাকলেই তো আর ‘রবীন্দ্রনাথ’ হয় না। তাই ‘টাইমস’ থাকলেই সেটি নামজাদা কোনো পত্রিকাও হয়ে যায় না। কারও নামের শেষে ‘হাসান’ থাকলেই কি আর সে ‘সাকিব আল হাসান’ হয়, বলেন!এমন একটা অখ্যাত পত্রিকায় আপনি যে চিঠিটি কিংবা যে নিবন্ধটি লিখেছেন কিংবা আপনার নামে ছাপা হয়েছে, সেটি এই পত্রিকার জন্য স্মরণকালের সবচেয়ে বড় সাফল্য বলে আমার অনুমান। যুক্তরাষ্ট্রের সেরা ১০০টি পত্রিকার তালিকাতেও না থাকা ওয়াশিংটন টাইমস-এ আপনার নামে ছাপা হওয়া লেখাটিতে প্রায় পৌঁনে ৭০০ মন্তব্য পড়েছে দেখলাম! এবং সেখানেও আওয়ামী বনাম বিএনপির ‘কমেন্ট যুদ্ধ’ চলছে! একেকজনের সে কী তর্জন-গর্জন। শাবাশ, বাঘের বাচ্চা একেকটা। দেখিয়ে দে পুরো বিশ্বকে বাংলায় ফেসবুক বা ব্লগে আসলে আমরা কী করি।সাড়ে আট শ শব্দের সেই লেখা পড়তে গিয়ে শুরুতেই অবশ্য হোঁচট খেয়েছি ম্যাডাম। এক্কেবারে পয়লা লাইনেই আপনি (কিংবা আপনার হয়ে কেউ) লিখেছেন, যুক্তরাষ্ট্র নাকি বিশ্বের সেই দেশগুলোর অন্যতম, যারা আমাদের স্বাধিকারের স্বীকৃতি শুরুর দিকেই দিয়েছিল! এ কী লিখলেন, ম্যাডাম! ‘তলাবিহীন ঝুড়ি’টার জন্ম ঠেকাতে সপ্তম নৌবহর কে পাঠিয়েছিল, বলুন তো? শুরুর লাইনটা পড়ে তাই সত্যিই মনে হয়েছিল, নাহ, এটা আপনার লেখা নয়। হতেই পারে না। বাংলাদেশের দুই-দুইবারের (মতান্তরে তিনবারের) প্রধানমন্ত্রী এই ইতিহাসটুকু জানেন না!শেষ প্যারার আগের প্যারার শুরুতে জিএসপি বাতিলের প্রচ্ছন্ন অনুরোধ আছে লেখাটায়। তবে সত্যি বলতে কি, আমি আপনার এই বাক্যের সঙ্গে মোটামুটি একমত, এটা নিয়ে এত শোরগোল কেন হচ্ছে বুঝতে পারছি না। আপনি তো ঠিক কথাই বলেছেন, শ্রমিকদের অধিকার যারা সমর্থন করে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যাদের রাজনৈতিক মতাদর্শ; তাদের সেই মতপ্রকাশের স্বাধীনতা না দেওয়া হলে বিশেষ বাণিজ্য-সুবিধা না রাখার চাপ তো দেওয়াই উচিত।তবে ওই প্যারার শেষেই আপনি যে লিখেছেন, ‘এভাবেই বিশ্বজুড়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যুক্তরাষ্ট্রের যে মিশন, সেটা অব্যহত থাকবে,’ এই বাক্যটা ঠিক হাজমোলা খেয়েও হজম করতে পারিনি, ম্যাডাম। যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে তৈরি গণতন্ত্র নামের ইঁদুরটাকে তো আমরা দেখছিই। আফগানিস্তানে, ইরাকে এবং হালের মিসরে। সেই ইঁদুরটা আঙ্কেল স্যামের পোষা বিড়ালের ভয়েই জবুথবু।পুরো লেখাটায় একটা লাইন অবশ্য আমার খুব ভালো লেগেছে, ম্যাডাম। লেখাটা আপনি পড়েছেন কি না, জানি না (কথাটা যদিও প্যারাডক্সের মতো শোনাচ্ছে, যাঁর লেখা, তাকেই কিনা বলা হচ্ছে, লেখাটা পড়েছেন? কী করব, আমরা ম্যাঙ্গো পিপলও প্যারাডক্সের মধ্যে যে আছি)। তবে অষ্টম প্যারার এক জায়গায় আপনি লিখেছেন, বাংলাদেশ যদি পুরোটাই একটি পরিবারের শাসনের জালে বন্দী হয়ে যায়, সেটা হবে বড় ক্ষতি।ঠিকই বলেছেন, ম্যাডাম। শুধু একটা ব্যাপার এর সঙ্গে যুক্ত করতে চাই: বাংলাদেশ যদি পুরোটাই দুটি পরিবারের শাসনের জালে বন্দী হয়ে যায়, সেটাই হবে সবচেয়ে বড় ক্ষতি!ভালো থাকুন, ম্যাডাম।আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।ইতিবাংলাদেশের এক আমজনতা