ম্যাডোনা বনাম মালাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পপ তারকা ম্যাডোনা তাঁর সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে আফ্রিকার দেশ মালাবির দুটি শিশুকে দত্তক নিয়েছেন, তা নিশ্চয় অনেকেরই জানা। কিন্তু ওই দেশটিতে দাতব্য কাজকর্ম নিয়ে কোনো কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে তাঁর সম্পর্কের যে টানাপোড়েন চলছে, সে খবর সেভাবে আলোয় আসেনি। তবে এবার একটি ঘটনায় খোদ মালাবির প্রেসিডেন্ট ‘রেগে আগুন’ হওয়ায় তা প্রচারমাধ্যমে শিরোনাম হয়েছে। ব্যাপার কি না, ম্যাডোনার সাম্প্রতিক এক সফরের পর কড়া সমালোচনা করে এক বিবৃতি দিয়েছিল মালাবির প্রেসিডেন্ট জয়েস বান্দার দপ্তর। তাতে বলা হয়, ম্যাডোনা তাঁর সফরের সময় রাষ্ট্রীয় সম্মানের জন্য মালাবি সরকারকে চাপ দেন। কিন্তু পরে জানা গেছে, প্রেসিডেন্ট নাকি সেই বিবৃতি সম্পর্কে কিছুই জানতেন না! ওই বিবৃতির ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বলা হয়েছে, এ নিয়ে ‘রাগে খেপে আগুন’ হয়েছেন প্রেসিডেন্ট বান্দা। ম্যাডোনা মালাবিতে বিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন জনহিতকর কাজ করছেন। এ কাজের অংশ হিসেবে সম্প্রতি মালাবি সফর করেন তিনি। তাঁর সফরের পর ১০ এপ্রিল প্রেসিডেন্ট বান্দার দপ্তর থেকে ওই বিবৃতি দেওয়া হয়। ওই বিবৃতিতে অভিযোগ করা হয়, ম্যাডোনার প্রত্যাশা, মালাবিতে অবদানের বিনিময়ে তাঁকে ভিআইপি মর্যাদা দেওয়া হবে। তিনি মনে করেন, মালাবি সরকারের উচিত ছিল তাঁকে লালগালিচা সংবর্ধনা ও ২১ বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো। বিবৃতিতে মন্তব্য করা হয়, ‘ম্যাডোনা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা, এটা ঠিক। কিন্তু তা একটি সরকারের ওপর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করে না।’মালাবির বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) বোর্ডপ্রধান এমিলি বান্দা বলেছেন, প্রেসিডেন্ট বান্দার অজ্ঞাতেই তাঁর দপ্তর থেকে ওই বিবৃতি দেওয়া হলেও এ ‘ভুলের’ জন্য দুঃখ প্রকাশ করা হবে না। তিনি (এমিলি বান্দা) মনে করেন, কিছু ক্ষেত্রে ম্যাডোনার বিরুদ্ধে এ সমালোচনা ঠিকই আছে।পপ তারকা ম্যাডোনা ‘রেইজিং মালাবি’ নামের একটি প্রকল্পের মাধ্যমে দেশটিতে শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাচ্ছেন। মালাবি সরকারের বিবৃতির পরদিন ওই প্রকল্পের পক্ষ থেকে বলা হয়, ম্যাডোনা কখনোই বিমানবন্দর বা অন্য কোনো জায়গায় বিশেষ মর্যাদা দাবি করেননি। প্রকল্পের বিবৃতিতে বলা হয়, মালাবির কাসুনগু প্রদেশে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন তৈরি করা হচ্ছে। প্রকল্পের প্রধান ট্রেভর নিয়েলসন জানান, এতে খরচ হচ্ছে চার লাখ ডলার। বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এখন গাছের নিচে ক্লাস করে। ভবনগুলো নির্মাণ করা হলে অন্তত চার হাজার শিশু ভালোভাবে পড়াশোনা করার সুযোগ পাবে। গোড়ায় ম্যাডোনার লক্ষ্য ছিল দেড় কোটি ডলার ব্যয় করে মেয়েদের জন্য একটি পূর্ণাঙ্গ একাডেমি প্রতিষ্ঠা করা। কিন্তু আজ থেকে দুই বছর আগে ম্যাডোনা মালাবিতে তাঁর প্রকল্পের কার্যালয় বন্ধ করে দেন। তখন ওই প্রকল্পের প্রধান ছিলেন প্রেসিডেন্ট বান্দার বোন আনজিমাইল মিলা-ওপোনিয়ো। তিনি এখন মালাবির শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন। দেশটির শিক্ষামন্ত্রী ইউনিস কাজাম্বে এ প্রসঙ্গে একটু খোঁচা দিয়েই মন্তব্য করেছেন, ‘ম্যাডোনা মালাবিতে পুরো বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন না, শ্রেণীকক্ষ নির্মাণ করছেন মাত্র।’ মাহফুজার রহমান, সূত্র: বিবিসি