ম্যানগ্রোভ বন রক্ষায় প্রথম শ্রীলঙ্কা

বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে নিজ দেশের সব ম্যানগ্রোভ বনের সুরক্ষায় বহু পাক্ষিক সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে শ্রীলঙ্কা। বনজীবী জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানে প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণসহ পুনর্বনায়নের প্রকল্প রয়েছে এই পদক্ষেপে। দেশটি এমন এক সময়ে এই পদক্ষেপ গ্রহণ করল যখন এমন বনাঞ্চলগুলো দুনিয়াজুড়েই হুমকির মুখে রয়েছে এবং গত এক শতকেই বিশ্বের স্পর্শকাতর ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের অর্ধেকেরও বেশি বিলীন হয়ে গেছে। বিবিসি এ খবর জানিয়েছে।
সমন্বিত পদক্ষেপ
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এই সংরক্ষণ পদক্ষেপ সম্পর্কে বলেছেন, ‘ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সুরক্ষার দায়িত্ব ও প্রয়োজনীয়তা সবার। এ জন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, গবেষক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

ম্যানগ্রোভ বনাঞ্চল সুরক্ষার এই পদক্ষেপে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে দুটি দেশি-বিদেশি এনজিও। এগুলো হলো এখন ‘সুদিসা’ নামে সক্রিয় দেশটির এক সময়ের ক্ষুদ্র মত্স্যজীবীদের ফেডারেশন এবং বৈশ্বিক এনজিও ‘সিকোলজি’।
শ্রীলঙ্কার এই ম্যানগ্রোভ সুরক্ষা পদক্ষেপ তিন ভাগে বিভক্ত। বেশ কিছু রাষ্ট্রীয় আইন পাস ও কার্যকরের মধ্য দিয়ে বনাঞ্চলে নতুন স্থাপনা নির্মাণ ও পরিবেশ-প্রতিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধ করা, প্রয়োজনে আগের নানা অবকাঠামো ভেঙে ফেলা ও পরিবেশ উপযোগী করা। উপকূল এলাকার বিপুল সংখ্যক মানুষকে এসব আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বন সুরক্ষায় উত্সাহী করতে তাঁদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণের ব্যবস্থা করা। পাশাপাশি ম্যানগ্রোভ নার্সারি স্থাপন করে এই বাস্তুতন্ত্রের পরিবেশ রক্ষায় পুনর্বনায়নের ব্যবস্থা সচল রাখা।
সিকোলজির নির্বাহী পরিচালক ডুয়ান সিলভারস্টেইন বিবিসিকে বলেছেন, শ্রীলঙ্কার এই ম্যানগ্রোভ সুরক্ষা পদক্ষেপের মডেল হিসেবে ব্যাপক গুরুত্ব রয়েছে এবং ‘বিশ্বজুড়ে এমন মডেল অনুসরণ করা যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘ইতিহাসে কোনো জাতিই কখনো নিজ দেশের সম্পূর্ণ ম্যানগ্রোভ বনাঞ্চলকে এমন সুরক্ষার আওতায় আনেনি এবং শ্রীলঙ্কা সেটাই করতে যাচ্ছে।’

কার্বন মজুত ও সুরক্ষা প্রাচীর
সিকোলজির নির্বাহী পরিচালক জানান, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘ মেয়াদে কার্বন ডাইঅক্সাইড ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ম্যানগ্রোভ বনাঞ্চল। কেননা, অন্যান্য বনাঞ্চলের তুলনায় ম্যানগ্রোভ বনাঞ্চল বেশি মাত্রায় কার্বন মজুত রাখতে সক্ষম।
কেবল বেশি মাত্রায় কার্বন মজুতই নয় ম্যানগ্রোভ বনাঞ্চল উপকূলীয় অঞ্চলের জন্য প্রাকৃতিক সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে থাকে। ২০০৪ সালে ভারত মহাসাগরের প্রলয়ংকরী সুনামির পর শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলে আবারও সেই প্রমাণ পাওয়া যায়।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ওই সুনামির ১২ মাস পর প্রকাশিত এক প্রতিবেদনে শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলের দুটি বসতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরে। এতে দেখা যায়, নিবিড়ভাবে ম্যানগ্রোভ বনাঞ্চল পরিবেষ্টিত একটি গ্রামীণ বসতিতে মাত্র দুজন নিহত হয়েছে। আর ম্যানগ্রোভ পরিবেষ্টিত নয় এমন বসতিটিতে প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছে।
পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণে সোচ্চার আন্দোলনকর্মীরা আশা করছেন, অন্যান্য ম্যানগ্রোভ সমৃদ্ধ জাতিগুলোও শ্রীলঙ্কার এই সংরক্ষণ মডেল অনুসরণ করবেন। ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনাঞ্চলগুলো দুনিয়াজুড়েই প্রাণবৈচিত্র্যের বিশেষ আধার। এসব বনাঞ্চলের বিশেষ বাস্তুতন্ত্রও অত্যন্ত স্পর্শকাতর। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের বড় অংশই বাংলাদেশের অন্তর্গত। সম্প্রতি বাংলাদেশের সুন্দরবনে তেলবাহী নৌযান ডুবিতে মারাত্মক পরিবেশ বিপর্যয় নিয়ে দুনিয়াজুড়ে ম্যানগ্রোভ বন সুরক্ষায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।