ম্যানহোল শনাক্তকারী গুগল ম্যাপ চেয়ে দরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বরাবর
কর্ণধার
গুগল ম্যাপ বিভাগ, গুগল
বিষয়: বাংলাদেশের জন্য ‘ম্যানহোল’ শনাক্তকারী গুগল ম্যাপ কামনা প্রসঙ্গে।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা ডিজিটাল বাংলাদেশের সাধারণ নাগরিক। আমরা এখন নিজেদের ঘরে ফিরতেও আপনাদের ম্যাপ অর্থাৎ গুগল ম্যাপ ব্যবহার করি। আপনাদের এই ম্যাপ কত পথহারাকে পথ দেখায়, কত পথভ্রষ্টকে ‘লাইনে’ আনে!
দুঃখের বিষয় হলো, আমাদের দেশের ঢাকা ও চট্টগ্রাম শহরে বৃষ্টিবাদলের সময় রাস্তাঘাট অদৃশ্য হয়ে যায়। যার ফলে আমরা রাস্তাঘাটের অ্যানালগ ম্যানহোলে পতিত হই। নৈতিক পতনের চেয়েও এই পতন বড় ভয়ানক! আর ম্যানহোলে পতিত হলে একজন ডিজিটাল নাগরিকের জীবন-যৌবন তো বটেই, সঙ্গে পকেটের স্মার্টফোন, ব্যাগের ল্যাপটপ, ট্যাব থেকে শুরু করে পাওয়ার ব্যাংকও ইহলীলা সাঙ্গ করে! এমতাবস্থায় চলাচলের সুবিধার্থে ম্যানহোল শনাক্তকারী শহরের মানচিত্র আমাদের বড়ই প্রয়োজন।

অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, বিষয়টি সুবিবেচনা করে সমাধান করলে আমরা আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব।
নিবেদক
বাংলাদেশের ডিজিটাল নাগরিকবৃন্দের একাংশ