ম্যাপলপাতার ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাপলপাতার ঋণ

কবীর শাহরিয়ার

জানালাটি খুলে দিয়ো কোন এক পৌষের কোলাহলে।
ইরেজারে মুছে দিয়ো সবগুলো কাল্পনিক খসড়া চিত্র,
অযথা সব আঁকাআঁকি, কাটাকুটি পুরো পৃষ্ঠাজুড়ে
বিটোফেনের বিষাদময় এক করুণ আবাহনের সুরে।

নূতন কোন পৃষ্ঠা বেছে নিয়ো।

প্রয়োজনে ব্যবহার কোরো সব নূতন রংপেনসিল,
শিখে রাখা সব কলাকৌশল
ভেবো না, নূতন ছবি এসে যাবে অবলীলায়
বলো কী আসে-যায়, পুরোনো খেরো খাতার
অচল হিসাব আজ মিলায় বা না মিলায়?

বসন্তে খোলস বদলিয়ে নিয়ো সিজনাল অজুহাতে।
চলে যেয়ো ঘোরপথে, নূতন অরণ্যের খোঁজে
অবসরে পূর্ণ করো শেষ বেলার প্রয়োজন
ব্যতিব্যস্ত হোয়ো চাতকী প্রাণে
যে ভালোবাসা না বোঝে।

ম্যাপল রাঙানো ধূসর রাস্তার বুকে
চুপিচুপি এঁকে দিয়ো শৈত্যিক পদচিহ্ন।
ঝরাপাতার সাথে আবার কোনো দিন
প্যাপিরাসের ছলকানো বাকলে শুধো
অবহেলার ঋণ।