ম্যারাডোনার জাদু, পেলের সঙ্গে সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাদু, স্রেফ জাদু। ম্যারাডোনাকে কেন বলা হয় ঈশ্বরের বরপুত্র, আর ও যে পৃথিবীব্যাপী কত জনপ্রিয়, তা ওর খেলা সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না। মাঠের ২১ জন খেলোয়াড় একদিকে আর ম্যারাডোনা একদিকে। ও বল পেলে পুরো গ্যালারি হইহই করে উঠছে; আবার ওকে প্রতিপক্ষের ডিফেন্ডার ফেলেদিলে সবাই একসঙ্গে বিশাল চিত্কার করে উঠছে। ম্যারাডোনা বল পেলে প্রতিপক্ষের সমর্থকেরাও সোল্লাসে চিত্কার করছে। আর খেলার কথা কী বলব; ও বল পায়ে ছোঁয়ালেই বল যেন জাদুর মতো প্রাণ পেয়ে অদ্ভুত সব বাঁক নিচ্ছে শূন্যে। সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এটা বলছি ’৯০ বিশ্বকাপের সেমিফাইনালের কথা। ইতালি হেরে গেল; রাস্তায় রাস্তায় ইতালির সমর্থকদের নির্বাক দাঁড়িয়ে কাঁদতে দেখলাম। বিশ্বকাপের আসল মজাটাই হলো মাঠের বাইরে। কত রকম বর্ণের ভাষার মানুষ যে দেখা যায়। খেলার দিন খুব সকাল থেকেই মানুষের ঢল নামে রাস্তায়। নানা বরণের নানান বয়সের মানুষ; হরেক রকম সাজসজ্জা তাদের; যেদিকে তাকাই, দেখি একেক রকমের পতাকা এবং মজার ব্যাপার হলো, কেউ পর্যটকদের মতো গোমড়া মুখ নিয়ে হাঁটছে না; কেউ দলবেঁধে কোরাস গাইছে, কেউ নাচছে; এক দেশের সমর্থকেরা অন্য দেশের সমর্থকদের গালে নকশা এঁকে দিচ্ছে; হাসিমুখ ছাড়া কেউ নেই। তবে তাদের মাঝেও ব্যতিক্রম হলো ইংরেজ আর ব্রাজিলের সমর্থকেরা। ব্রাজিলিয়ানরা যেখানে—সেখানেই ছোটখাটো উত্সব; কি মাঠে, কি মাঠের বাইরে। সারাক্ষণ সাম্বা নৃত্য। আর ইংরেজ সমর্থক মানেই ত্রাসের রাজত্ব। নব্বই বিশ্বকাপেরই ইংল্যান্ড-জার্মানি ম্যাচ দেখতে রোম থেকে রওনা দিলাম তুরিনে যাব বলে। ট্রেনে আমাদের বগিতেই উঠে পড়ল একদল মাতাল ইংরেজ সমর্থক। দুটো মেয়ে ছাড়া সবাই পাঁড় মাতাল। আমাদের দেখে অকারণেই শুরু করে দিল অশ্রাব্য ভাষায় গালিগালাজ। অন্য দেশের সমর্থকদের ওপরও চড়াও হলো। যে মেয়ে দুটো মাতাল ছিল না, ওরাই তাদের বারবার সামলে নিচ্ছিল, আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছিল। সেই ম্যাচ শেষে তাদের জন্য নিরাপত্তার অদ্ভুত কড়াকড়ি দেখলাম। খেলা শেষে মাইকে ঘোষণা দিয়ে বলা হলো ইংরেজ সমর্থকদের সবার শেষে গ্যালারি ত্যাগ করতে। অন্যরা মাঠ ত্যাগ করার পর নিরাপত্তাকর্মীদের দেখলাম অস্ত্রের মুখে তাদের ঘিরে ধরে বের করে দিতে। ১৯৯৪-এর বিশ্বকাপে আবার ইতালির মতো অত মজা হয়নি। আমেরিকানরা নিজেদের নিয়ে এতই মশগুল যে ফুটবল বিশ্বকাপ নিয়ে তাদের তেমন মাতামাতি দেখিনি। ফাইনাল শেষে এক দোকানে গিয়ে বিশ্বকাপের টি-শার্ট চাইলাম; অবাক হয়ে আমার দিকে চেয়ে বলল, ‘সেটা আবার কী!’ তবে একটা মজার অভিজ্ঞতা বলি, রোজ বাউল স্টেডিয়ামের বাইরে একটা বড় জায়গা আলাদা করে সংরক্ষিত দেখলাম। কী কারণে এতখানি জায়গা খালি, ভেবে পাচ্ছিলাম না। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে দেখি, একে একে ব্যক্তিগত হেলিকপ্টার এসে নামছে সেখানে। গাড়ি পার্ক করার মতো করে বাপ-ছেলে কিংবা বন্ধুবান্ধব মিলে নিজেরাই হেলিকপ্টার চালিয়ে এসে পার্ক করে স্টেডিয়ামে ঢুকছে। ২০০২-এ জাপানেও ঠিক একই রকম অভিজ্ঞতা। মাঠের বাইরে কোথাও বোঝার উপায় নেই যে এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে এখানে। শুধু হোটেলের সামনে একটা বড় ফুটবল বানানো। ফ্রান্স বিশ্বকাপে আবার খুব আনন্দ-উত্সব দেখেছি। বিশ্বকাপের বাইরে অনেক ‘গ্রেটদের’ সঙ্গে সামনাসামনি দেখা বা কথা হয়েছে আমার। ২০০৩ সালে জার্মানি বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। খুব ইচ্ছে হলো, পেলের সঙ্গে কথা বলব। সালাউদ্দিন ভাই বললেন, ‘পারবে না বোধ হয়।’ আমি সুযোগের অপেক্ষায় রইলাম। হঠাৎ দেখি, পেলের আসন খালি। সন্দেহ হলো, টয়লেটে গেলেন কি না। সব দরজায় ফরাসি ভাষা লেখা। আন্দাজ করে ঢুকে পড়লাম একটা দিয়ে। পেলে নেই কোথাও। তবু কয়েকজন নিরাপত্তাকর্মী দেখে অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। আমাকে অবাক করে দিয়ে পেলে বেরিয়ে এলেন একটু পর। আমি পরিচয় দিয়ে ছবি তুলতে চাইলাম। নিরাপত্তাকর্মীদের নিষেধ সত্ত্বেও পেলে ‘আসো আসো, বাংলাদেশি বন্ধু’ বলে একরকম আমাকে জড়িয়ে ধরেই ছবি তুললেন। ম্যারাডোনার সঙ্গে আমার দেখা হয় কলকাতায়। প্রথম দিন তো অনেক চেষ্টা করেও দেখা করতে পারলাম না। দ্বিতীয় দিন দেখা হলো। যাকে দেখতে শুধু বিমানবন্দরেই হাজির ছিল লাখো মানুষ। সেই অসম্ভব জনপ্রিয় ম্যারাডোনা আমার সামনে—বিশ্বাসই হচ্ছিল না। তিনিও আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলেন। নব্বই থেকে শুরু করে পাঁচটি বিশ্বকাপই আমি দেখতে গিয়েছি; অনেক কিংবদন্তি খেলোয়াড়কে কাছ থেকে দেখেছি। এত অভিজ্ঞতা থেকে আমার একটাই অনুধাবন—এত যুদ্ধ-সংঘাত, এর মাঝেও সারা বিশ্বে একমাত্র বিশ্বকাপ ফুটবলই পারে সবাইকে এক নির্মল ভ্রাতৃত্বের বন্ধনে আবৃত করতে।’ অনুলিখন: শাহাদাৎ তুহিন