ম্যারিলিন অমলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোরমা জিন মোর্টেনসন থেকে তিনি হয়ে উঠেছিলেন ম্যারিলিন মনরো৷ মাত্র ৩৬ বছরের জীবনকালে খ্যাতি, সমালোচনা, রহস্যময়তা—সবই ছিল৷ আগামী ১ জুন কিংবদন্তি এই তারকার জন্মদিন৷

মার্কিন অভিনেত্রী ম্যারিলিন মনরোকে নিয়ে পৃথিবীজুড়ে যত লেখালেখি হয়েছে, যত প্রতিভাধরই হোন না কেন, অন্য কোনো অভিনেত্রী তাঁর ধারেকাছেও আসতে পারেননি৷

চেনা রূপে ম্যারিলিন
চেনা রূপে ম্যারিলিন

ম্যারিলিনের জন্ম ১৯২৬ সালের ১ জুন, লস অ্যাঞ্জেলেস কাউন্টি হাসপাতালে৷ নাম রাখা হয়েছিল নোরমা জিন মোর্টেনসন৷ মা গ্ল্যাডিস পার্ল বেকার৷ নামায়ন দেখে মনে হতেই পারে, গ্ল্যাডিসের স্বামী মার্টিন অ্যাডওয়ার্ড মোর্টেনসনই নোরমার বাবা৷ আসলে অবৈধতার গ্লানি থেকে মেয়েকে রক্ষা করার জন্য গ্ল্যাডিস মেয়ের নামের সঙ্গে মোর্টেনসন জুড়ে দিয়েছিলেন৷ অখ্যাত নোরমা কিংবা বিশ্বখ্যাতিস্নাত রূপান্তরিত ম্যারিলিন কখনোই মোর্টেনসনকে বাবা বলে মেনে নেননি৷ তাঁর স্মৃতিতে সরু গোঁফওয়ালা একজন পুরুষের ফটোগ্রাফ—মা-ই তাঁকে দেখিয়ে বলেছেন, এ-ই তোর বাবা৷ তাঁর নাম চার্লস স্ট্যানলে গিফোর্ড৷ দেখতে অনেকটা সরু গোঁফের অধিকারী অভিনেতা ক্লার্ক গ্যাবলের মতো৷ ম্যারিলিন ক্লার্ক গ্যাবলের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করলেও তাঁকেই ভাবতেন ‘বাবা’৷ মনরো বলেন, ‘ক্লার্ক গ্যাবল যখন মারা গেলেন, আমি টানা দুদিন কেঁদেছি৷ খেতে পারিনি, ঘুমাতে পারিনি৷’
ম্যারিলিন মনরোর এই কথা তাঁর মনোজগতের অনিঃশেষ হাহাকার এবং অন্তর্গত কান্নাকেই যেন তুলে ধরেছে৷
ছোট্ট নোরমা জিন যে শৈশব কাটিয়েছেন, তা স্বাভাবিক শিশুর নয়; একের পর এক বদলেছে তাঁর প্রতিপালনগৃহ, বদলেছে প্রতিপালকও৷ একজন বাবা পাওয়ার প্রত্যাশায় যতবারই পরিবারের সমর্থ পুরুষটির দিকে ঝুঁকে পড়েছেন, ততবারই স্বপ্নভঙ্গ হয়েছে তাঁর— তিনি যৌন নিপীড়নের শিকার হয়েছেন৷ ‘দেহসর্বস্ব’ একটি ফাঁপা জীবনের ধারণা তাঁকে তাড়িয়ে বেড়িয়েছে৷
ম্যারিলিন মনরো বলেছেন, ‘আমি কখনো ম্যারিলিন হতে চাইনি, এটা ঘটে গেছে৷ ম্যারিলিন হচ্ছে নোরমা জিনকে ঢেকে রাখা একটি অবগুণ্ঠন, আমি যা পরে আছি৷’
অভিনেত্রী, মডেল, সংগীতশিল্পী ম্যারিলিন ১৯৫০ ও ১৯৬০ দশকের শুরুতেই মিথে পরিণত হন৷ সে সময়ের প্রধান ‘সেক্স সিম্বল’ হয়ে দাপটে রাজত্ব করেন৷ তিনি খোলামেলাভাবেই বলেছেন, সব প্রচ্ছদ থেকে এলিজাবেথ টেলরকে হটিয়ে নিজেকে বসাবেন৷
‘টোয়েনটিথ সেঞ্চুরি ফক্স’-এর সঙ্গে অভিনয়ে চুক্তিবদ্ধ হন ১৯৪৬ সালে৷ ১৯৫০ সালে পর্দায় আসে দুটো ছবি দি অ্যাশফল্ট জাঙ্গাল ও অল অ্যাবাউট ইভ৷ তাঁকে খ্যাতিমান করে তোলে জেন্টলম্যান প্রেফার্স ব্লন্ডস (১৯৫৩) ও হাউ টু ম্যারি অ্যা মিলিয়নিয়ার (১৯৫৩); ১৯৫৯-এর ছবি সাম লাইক ইট হট তাঁকে এনে দেয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড৷ শেষ ছবি ক্লার্ক গ্যাবলের সঙ্গে দ্য মিসফিটস (১৯৬১) তাঁর স্বামী বিখ্যাত নাট্যকার আর্থার মিলারের চিত্রনাট্যে নির্মিত৷ হোম টাউন স্টোরি, অ্যাজ ইয়ং অ্যাজ ইউ ফিল, লেটস মেক ইট লিগ্যাল, লাভনেস্ট, দ্য ফায়ারবল, লাভ হ্যাপি তাঁর আরও কটি ছবি৷ লরেন্স অলিভিয়ারের সঙ্গে অভিনয় করেছেন দ্য প্রিন্স অ্যান্ড দ্য শো গার্ল ছবিতে৷

জন এফ কেনেডির সঙ্গে
জন এফ কেনেডির সঙ্গে

ম্যারিলিন মনরো তিনবার বিয়ে করেছেন৷ প্রথম স্বামী জেমস ডোহার্টি, দ্বিতীয় জো ডিম্যাজ্জিও এবং তৃতীয় আর্থার মিলার৷ তালাকেই সমাপ্তি ঘটে তিনটি বিয়ের৷ তাঁদের মধ্যে দুজন তাঁর অন্তরঙ্গ বন্ধু, বিয়ে করে সেই সম্পর্কের ইতি টেনেছেন৷ রবার্ট স্ল্যাটজারের সঙ্গেও স্বল্পস্থায়ী বিয়ের কথা উঠে এসেছে৷
প্রেসিডেন্ট জন ফিটজেরাল্ড কেনেডির জন্য ম্যারিলিনের মোহগ্রস্ততা অনেক কাহিনির জন্ম দিয়েছে৷ রবার্ট কেনেডিকে নিয়েও একই কাহিনি৷ ১৯৬২ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনে ম্যাডিসন স্কয়ার গার্ডেনসে ম্যারিলিন গেয়েছেন: ‘হ্যাপি বার্থডে মিস্টার প্রেসিডেন্ট’৷
জন তাঁকে অনেকটাই প্রশ্রয় দেন, আবার পিছিয়েও যান৷

ম্যারিলিন মনরো (১ জুন ১৯২৬–৫ আগস্ট ১৯৬২)
ম্যারিলিন মনরো (১ জুন ১৯২৬–৫ আগস্ট ১৯৬২)

এক সময় ৩৬ বছর বয়সী ম্যারিলিনের নার্ভাস ব্রেকডাউন ঘটে, আসক্ত হয়ে পড়েন মাদকে৷ তাঁর ক্রমাগত বিলম্বে উপস্থিতি এবং কখনো কখনো অনুপস্থিতি শুটিং শিডিউলে বিপর্যয় ঘটাতে শুরু করে৷ প্রিয়জন ও শুভানুধ্যায়ীদের সঙ্গেও দূরত্ব বাড়তে থাকে৷
১৯৬২ সালের ৫ আগস্ট ভোর চারটা ২৫ মিনিটে ম্যারিলিনের মনোরোগ চিকিৎসক রালফ গ্রিনসন ফোন করে জানান, ম্যারিলিন মনরো লস অ্যাঞ্জেলেস শহরের ব্রেন্টউডে ফিফথ হেলেনা ড্রাইভের বাসায় নিষ্প্রাণ পড়ে আছেন৷ কারও মতে নির্বসন অবস্থায়, পাশে পড়ে আছে বারবিচুরেট ট্যাবলেটের শূন্য বোতল৷ মৃত্যু তাঁকে বিশ্বজুড়ে শিরোনামে নিয়ে আসে৷
আপাতদৃষ্টিতে আত্মহত্যা মনে হলেও যুগপৎ প্রচারিত হতে থাকে তিনটি তত্ত্ব:
হত্যাতত্ত্ব
বহু নারী-আসক্ত প্রেসিডেন্ট জন এফ কেনেডির প্রশ্রয়ে ম্যারিলিন ফার্স্ট লেডি হওয়ার স্বপ্ন দেখতে থাকেন, যা প্রেসিডেন্টকে বিব্রত করে৷ রবার্ট কেনেডির সঙ্গে সম্পর্ক বিতর্ককে আরও উসকে দেয়৷ প্রেসিডেন্টই তাঁকে হত্যার আয়োজন করেন৷ কিংবা হোয়াইট হাউসকে বিব্রতদশা থেকে রক্ষা করার জন্য সিআইএ ম্যারিলিন মনরোকে হত্যা করে৷
দুর্ঘটনাতত্ত্ব
ডাক্তার হাইমেন এঙ্গেলবার্গ তাঁকে স্বল্পমাত্রায় বারবিচুরেট নেওয়ার ব্যবস্থাপত্র দিয়েছিলেন৷
কিন্তু বারবিচুরেট অতিমাত্রায় প্রয়োগের

কারণে তাঁর মৃত্যু ঘটে৷
আত্মহত্যাতত্ত্ব
এটিই অধিকতর গ্রহণযোগ্য৷ সর্বশেষ স্বামী আর্থার মিলারের উপেক্ষা এবং নিজের মানসিক বৈকল্য তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করে৷ম্যারিলিন মনরোর দ্বিতীয় স্বামী জো তাঁর মরদেহ গ্রহণ করেন৷ শেষকৃত্য শেষে ওয়েস্টউড ভিলেজ মেমোরিয়াল পার্ক সিমেট্রিতে সমাহিত করেন৷ মনে হলো, ম্যারিলিনের সঙ্গে পৃথিবীর সব সৌন্দর্য সমাহিত হয়ে গেছে!
সূত্র: ম্যারিলিন মনরোর বিভিন্ন সাক্ষাৎকার ও তাঁর বই মাইস্টোরি

.
.

‘বিশাল পৃথিবীতে আমি এক ছোট্ট বালিকা’
আপন আয়নায় ম্যারিলিন
 আমি ভালো, তবে আমি দেবশিশু নই৷ আমি পাপ করি, কিন্তু আমি শয়তান নই৷ বিশাল পৃথিবীতে আমি এক ছোট্ট বালিকা৷ আমাকে ভালোবাসার মতো কাউকে খঁুজে বেড়াই৷
 আমারও অনুভূতি আছে৷ আমি এখনো মানুষ৷ আমার নিজের জন্য, আমার মেধার জন্য আমি যা চাই, তা হলো ভালোবাসা৷
 আমি জানি, আমার ঠিকানা জনগণ, আমি গোটা বিশ্বের৷ এটি আমি মেধাবী, এমনকি সুন্দরী—সে জন্য নয়৷ বরং আমি যে কারোরই ছিলাম না, কোনো কিছুরই না, সেই জন্য৷
 সব সময়ই আমি একটি সন্তান চেয়েছি৷