ম্যালেরিয়া থেকে বাঁচতে নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। ম্যালেরিয়াজনিত মৃত্যুর সংখ্যা শূন্যের কাছাকাছি নামিয়ে আনাই হচ্ছে এবারের মূল লক্ষ্য।
২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে টেকনাফ ও সাতকানিয়ায় আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘সুন্দর ভবিষ্যতের জন্য ম্যালেরিয়া শেষ করুন’।
টেকনাফ: ম্যালেরিয়া দিবস উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা টেকনাফ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক আতাউর রহমান। বক্তব্য দেন মো. ছিদ্দিক হোসেন, জিয়াউল হক প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাতকানিয়া: সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি শোভাযাত্রা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১টায় জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. হাসান মুরাদ। প্রধান অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ঘরণীর প্রকল্প ব্যবস্থাপক মো. শাহগীর আলম। বক্তব্য দেন ব্র্যাকের উপজেলা শাখা ব্যবস্থাপক উজ্জ্বল কুমার সরকার, স্বাস্থ্য পরিদর্শক চন্দন কুমার শর্মা, ব্র্যাক ওয়াশ উপজেলা শাখা কর্মসূচি সংগঠক নুরুল আলম, সাংবাদিক মো. জাহেদ হোসাইন প্রমুখ।