ম্যালেরিয়ার ঝুঁকিতে ১২ লাখ মানুষ
কক্সবাজারের ছয়টি উপজেলা—টেকনাফ, উখিয়া, সদর, রামু, পেকুয়া ও চকরিয়ায় ১২ লাখের বেশি মানুষ ম্যালেরিয়া ঝুঁকিতে বাস করছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করেন, গত দুবছরে এসব উপজেলার ঘরে ঘরে প্রায় এক লাখ ৮২ হাজার কীটনাশকযুক্ত মশারি বিতরণ ও হাতের কাছে রক্ত পরীক্ষার কেন্দ্র স্থাপন এবং প্রতিষেধক ওষুধ সহজলভ্য হওয়ায় ঝুঁকির পরিমাণ ক্রমান্বয়ে কমে যাচ্ছে। দুবছর আগে এসব এলাকায় ম্যালেরিয়ার ঝুঁকির পরিমাণ ৮০ শতাংশ হলেও এখন ১০ শতাংশ কমে ৭০ শতাংশে নেমে আসে। এ হিসাবেও ছয় উপজেলায় ১২ লাখের বেশি মানুষ ম্যালেরিয়ার ঝুঁকি নিয়ে পাহাড় ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় বাস করছেন। এই ছয় উপজেলার লোকসংখ্যা প্রায় ১৮ লাখ। সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, পাহাড় এবং সমুদ্র উপকূলীয় এলাকা হওয়ায় এই ছয় উপজেলায় মশার উৎপাত বেশি। তাই ঝুঁকির পরিমাণ বেশি ধরা হয়। ম্যালেরিয়া সম্পর্কে লোকজনকে সচেতন, বিনা মূল্যে ঘরে ঘরে কীটনাশকযুক্ত মশারি বিতরণ ও দুর্গম গ্রামে সুষ্ঠু চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করায় মৃত্যুহার বহুগুণ কমে এসেছে। সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় ঘোষ জানান, জেলার অপর দুই উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া ম্যালেরিয়ার জন্য ঝুঁকিপূর্ণ হলেও সেখানে প্রতিরোধের কোনো কার্যক্রম হাতে নেওয়া হয়নি। সূত্র জানায়, সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ২০০৭ সাল থেকে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেটসহ ১৩ জেলার ৭০টি উপজেলার ১২০টি ইউনিয়নে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। সূত্র জানায়, এ ১৩ জেলার মোট জনসংখ্যার ৯৮ শতাংশ মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে বাস করছেন। এর মধ্যে ৮০ শতাংশ ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ জেলা চারটি—কক্সবাজার ও তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি। কক্সবাজার সদর ও রামু উপজেলায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি। মুক্তি এই দুই উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই পর্যন্ত বিনা মূল্যে ৬৯ হাজার কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করে। অন্যদিকে হিতৈষী বাংলাদেশ টেকনাফে বিতরণ করে ২৫ হাজার ৩০০, ‘ঘরণী’ উখিয়ায় ২০ হাজার ৫২০, একলাব চকরিয়ায় ৪২ হাজার ও পেকুয়াতে ২৪ হাজার ৬৮০টি (মোট—এক লাখ ৮১ হাজার ৫০০) কীটনাশকযুক্ত মশারি বিতরণ করে। ম্যালেরিয়ার ঝুঁকি কমাতে সুইডেন সরকার পাহাড়ি এলাকায় বসবাসরত গরিব মানুষকে বিনা মূল্যে এই কীটনাশকযুক্ত মশারি সরবরাহ দিচ্ছে। এগুলোর মেয়াদকাল পাঁচ বছর। আবার ঘরে ঘরে গিয়ে ৯৬ হাজার মশারিতে কীটনাশক মেশানো (ভেজানো) হয়। এসব মশারির স্থায়িত্বকাল ছয় মাস। মুক্তির ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রকল্পের তদারকি কর্মকর্তা খোরশেদ আলম জানান, ‘মশারি ব্যবহারের মূল কাজ হচ্ছে মশার আচরণ পরিবর্তন করা। মশারির সঙ্গে স্পর্শ লাগলেই দুর্বল হয়ে মশা মারা যায়। ফলে আক্রান্তের হার কমে যাচ্ছে।’ মুক্তির ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রকল্প কর্মকর্তা বিমলচন্দ্র দাস জানান, ২০০৮-১০ সাল পর্যন্ত গত তিন বছরে তাঁরা সদর ও রামু উপজেলার ৯৮ হাজার ৪৫০ পরিবারের মোট ৪০ হাজার ৫৩৯ জনের রক্ত পরীক্ষা করেন এবং তার মধ্যে ছয় হাজার ৬৫০ জনের ম্যালেরিয়া ধরা পড়ে। জেলার ছয়টি উপজেলায় এ পর্যন্ত (গত তিন বছরে) এক লাখ ৬৭ হাজার ৯১২ জনের রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া পাওয়া গেছে ১৯ হাজার ৭৭৭ জনের মধ্যে। মুক্তির হিসাব অনুযায়ী, ২০০৮ সালে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যান ৬৩ জন। ২০০৯ সালে ৪২ জন। ২০১০ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র একজনে। তবে মাঠের চিত্র ভিন্ন দাবি করেন স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি। তাঁরা জানান, প্রতিবছর ম্যালেরিয়া আক্রান্ত হয়ে শুধু রামু উপজেলাতেই দেড় শতাধিক নারী ও শিশুর মৃত্যু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য জানান, রামুর পাহাড়ি এলাকা ঈদগড়, কচ্ছপিয়া, গর্জনীয়া, কাউয়ারখোপ, টেকনাফের পল্লানপাড়া, মোরাপাড়া, নাইট্যংপাড়া, সদরের নাজিরাটেক, বড়ছড়া, হিমছড়ি, আদর্শগ্রাম, কলাতলীর ঘরে ঘরে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। বহু শিশু সর্দি-কাশি জ্বরের পাশাপাশি ম্যালেরিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। উখিয়া ও রামুর চাষি আমিনুল ইসলাম ও নবাব মিয়া জানান, কীটনাশক মেশানো মশারি ব্যবহারের ফলে শিশুদের ডায়রিয়াসহ নানা পেটের পীড়া দেখা দিচ্ছে। পুকুরে মশারি ধুতে গিয়ে অনেকের হাজার হাজার টাকার মাছ মারা গেছে। বিষাক্ত মশারি যাতে শিশুদের সংস্পর্শে না আসে, তার জন্য লোকজনকে সচেতন করতে এনজিওগুলো বিপুল পরিমাণ নারী কর্মী নিয়োগ দিলেও এঁদের খুঁজে পাওয়া যায় না। মুক্তির কর্মকর্তা খোরশেদ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, গর্জনিয়া, কচ্ছপিয়াসহ রামুর কয়েকটি পাহাড়ি এলাকাকে ম্যালেরিয়ার জন্য ৯০ শতাংশ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে কাজ চালানো হচ্ছে। মুক্তির ৯০ নারী কর্মী প্রতিদিন ঘরে ঘরে যাচ্ছেন কি না—তা-ও তদারকি করা হচ্ছে।