জাল, পলোসহকারে সবাই মহা উৎসাহে নেমে পড়েছেন পানিতে। দেখতে না দেখতে ভরে উঠছে মাছ রাখার খালুই। যাঁরা জলে নামতে পারেননি, তাঁরাও বসে নেই। উৎসাহ দিয়ে চলেছেন মৎস্য শিকারিদের। তৈরি হয়েছে প্যান্ডেল। মওকা বুঝে দু-পয়সা লাভের আশায় জমায়েত হয়ে গেছে চা, বিস্কুট আর মিষ্টির দোকানদারেরাও। রীতিমতো হই হই কাণ্ড রই রই ব্যাপার। মাছ ধরার উৎসবের এই আবহ ছবি আর খবর হয়ে ধরা দিয়েছে বিশাল বাংলা পাতায় (সূত্র: পৃষ্ঠা-৫, প্রথম আলো, ১৬ অক্টোবর, ২০১১)। ঘটনাস্থল ঠাকুরগাঁওয়ের পুরোনো বুড়ির বাঁধ এলাকা।ঢাকার বাইরের জেলাগুলোতে কারেন্ট জাল সহযোগে নির্বিচারে জাটকা নিধনের মহোৎসবের কথা আমরা পত্রপত্রিকায় প্রায়ই শুনে থাকি। সেখানে ঠাকুরগাঁওয়ের এই উৎসব আদতেই ব্যতিক্রম। সব বয়সী মানুষজনের কাছে তার একান্ত নিজস্ব সরল আবেদন-গুণে এই উৎসব বিশেষভাবে দ্রষ্টব্য হয়ে ওঠে। আমাদের ‘মাছে-ভাতে বাঙালি’ হয়ে ওঠার সংস্কৃতিতে এই উৎসব নিশ্চয়ই একটা বিশেষ জায়গা পাবে। এ ধরনের মৌসুমি উৎসব আমাদের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষজনের নির্দোষ আনন্দেরও দারুণ এক উপলক্ষ তৈরি করে দেয়। উৎসব টিকে থাকুক যুগে যুগে। আনন্দ দীর্ঘজীবী হোক। — ইকবাল হোসাইন চৌধুরী