মৎস্য কিনিব খাইব সুখে
আজকাল একেবারে ঘর থেকে বের হলেই পেয়ে যাচ্ছি সব। কিন্তু খটকা তো আর কাটছে না! টাটকা মাছ কোথায় পাই? তবে কোথায় গেলে টাটকা বা তাজা মাছ পেতে পারেন, দেখেশুনে ভালো মাছ কিনতে পারেন, জেনে নিন সেই সব বাজার বা মাছের আড়তের খোঁজ।ভৈরববাজারপ্রতিদিন সন্ধ্যার পর ভৈরববাজার মাছের আড়তে মাছ বিক্রি শুরু হয়। এখান থেকে মেঘনা নদীর টাটকা মাছ আপনি দেখে কিনে আনতে পারবেন। রুই, চিতল, কাতল, পাবদা, চিংড়ি, পাঙাশ, ইলিশ ইত্যাদি সবই আছে। একেবারে তাজা। তবে সে জন্য আপনাকে বিকেলে রওনা হতে হবে। এখানে সারা রাত বাজার চলে। আর ভৈরবের বাস গুলিস্তান থেকে আধা ঘণ্টা পর পর ছেড়ে যাচ্ছে।সিরাজদিখান খেয়াঘাটএখানে সূর্য ওঠার পরপরই মাছের বাজার শুরু হয়। সকাল আটটার মধ্যে বিক্রি শেষ। সে জন্য আপনাকে ফজরের আজান ধরে বের হতে হবে। মূলত এখানে ইছামতী নদীর মাছ বিক্রি হয়। সব ধরনের মাছই এখানে পাবেন, ইলিশ বাদে। সিরাজদিখান যেতে হবে গুলিস্তান বা বাবুবাজার থেকে বাসে চেপে। নিজস্ব বাহন নিয়েও যেতে পারেন।বালাসুর বাজারবালাসুর শ্রীনগরের কাছের একটি গ্রাম। এখানে বালাসুর বাজার মোড়ে প্রতিদিন মাছের বাজার বসে বিকেল বেলা, ঠিক পাঁচটার পর। দাম একটু বেশি হলেও আপনি নিশ্চিত টাটকা মাছ পাবেন। এখানকার মাছের মধ্যে অন্যতম হলো: ইলিশ, বাঘাইড়, রিঠা, পাঙাশ, আইড়, চিংড়ি, চিতল, পাবদা, টাটকিনি ইত্যাদি। বালাসুর যেতে হলে আপনাকে গুলিস্তান থেকে আরাম বাসে চড়ে বসতে হবে। আর নিজস্ব বাহন হলে তো কথাই নেই। মাওয়া লঞ্চঘাট পদ্মার তীরবর্তী মাওয়া লঞ্চঘাটে প্রতিদিন সকালে বিশাল মাছের আড়ত বসে। এখানে পদ্মার ইলিশ আগের মতো পাওয়া না গেলেও চাঁদপুরের ইলিশ আপনি পাবেনই। মাওয়া লঞ্চঘাটে একবেলা বাজার বসলেও মাওয়া সি-বোট ঘাটে সারা দিনই বাজার বসে। এখানে যাতায়াতের জন্য নিজস্ব বাহন হলে ভালো, নইলে গুলিস্তান, বাবুবাজার বা যাত্রাবাড়ী থেকে মাওয়ার বাসে চড়ে বসুন।রিকাবীবাজাররিকাবীবাজার মাছের আড়তের খুব নাম-ডাক। ঢাকার খুব কাছে মুন্সিগঞ্জের কাছে রিকাবীবাজার। লঞ্চে বা বাসে যেভাবেই যান, যেতে হবে সাতসকালে। এখানে অন্য সব মাছের চেয়ে ইলিশ আর চিতল মাছটা বেশি পাওয়া যায়।নয়াবাজারনয়াবাজারে সারা দিন বিকিকিনি হলেও মাছ কিনতে হলে আপনাকে সকাল নয়টা থেকে দুপুর ১২টার মধ্যে সেখানে চলে যেতে হবে। এখানকার মাছ দেখে নিশ্চিত আপনার মন ভরবে। সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। যাতায়াতে খুব সুবিধার রিকশা বা বাসে চলে যেতে পারবেন। আর নিজস্ব বাহন হলে তো কথাই নেই!তা ছাড়া ঢাকার কাছের ভাগ্যকুল বাজার, মান্দ্রাগাঁও, টঙ্গিবাড়ীর হাঁসাইল বাজার, ঢাকার সোয়ারীঘাট, যাত্রাবাড়ী, কারওয়ান বাজারে মাছ পাবেন প্রতিদিন সকালে। আর যদি কেবল ইলিশের খোঁজ করেন, তাহলে সোজা বালাসুর বাজার, মাওয়া লঞ্চঘাট বা সি-বোট ঘাট, রিকাবীবাজার আর টঙ্গিবাড়ীর হাঁসাইলে চলে যান। দেশের সবচেয়ে বড় ইলিশের বাজার হচ্ছে চাঁদপুর। চাঁদপুর রেলস্টেশন লাগোয়া চাঁদপুর ইলিশের বাজার। এখানে প্রায় ৪০টি আড়তঘর আছে। আপনাকে যেতে হবে ময়ূর বা ইগল লঞ্চে চেপে, রাতে বা দিনে যখন ইচ্ছা।