ফটিকছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিছু কিছু এলাকার পানি ক্রমে নামতে শুরু করেছে। তবে অধিকাংশ এলাকার মৎস্য খামার ও ধানখেত এখনো পানির নিচে ডুবে আছে। রাস্তাঘাটের অবস্থাও অপরিবর্তিত রয়েছে।প্রশাসন সূত্র জানায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শনিবার থেকে সৃষ্ট বন্যায় উপজেলার প্রায় ৪০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তারা আর্থিক কষ্টে পড়ে। উপজেলার ১৮টি ইউপি ও একটি পৌরসভার ৬০ শতাংশ ধানি জমি এবং কাঁচা-পাকা সড়কের ৫০ শতাংশ নষ্ট হয়ে গেছে। দৌলতপুর গ্রামের মৎস্য চাষি মো. জিয়াউদ্দিন বাদশা বলেন, ‘আসন্ন ঈদের চাহিদা বিবেচনা করে দুটি মৎস্য খামারে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেছিলাম। আশা ছিল ঈদের আগে মাছ বিক্রি করে বিনিয়োগের একটি অংশ তুলে নেব।’ কিন্তু বন্যা তাঁর সে আশা নষ্ট করে দিয়েছে।রোসাংগিরী গ্রামের কৃষক নুরুল আলম বলেন, ‘রোসাংগিরী বিলে দুই একর জমিতে ধানের বীজতলা করেছিলাম। কিন্তু সেই বীজতলা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় এখন আমি দিশেহারা।’সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদুল আজম বলেন, ইউনিয়নের অর্ধেক এলাকা এখনো পানির নিচে। যোগাযোগ এখনো বন্ধ। গ্রামের অভ্যন্তরীণ সড়কগুলো ভেঙে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে।সূত্রমতে, বন্যায় উপজেলার প্রধান প্রধান সড়ক নাজিরহাট-কাজিরহাট, হেঁয়াকো-নারায়ণহাট, বিনাজুরী-বিবিরহাট, মাইজভান্ডার-নানুপুর এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যোগাযোগব্যবস্থা সোমবার পর্যন্ত বন্ধ ছিল। এতে পানির তোড়ে প্রায় ৫০ কিলোমিটার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিরাট ক্ষতিগ্রস্ত হয়।এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এ পর্যন্ত কম-বেশি ৪০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কাঁচা ৬০ কিলোমিটার এবং পাকা ২০ কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খুরশিদুল আলম চৌধুরী জানান, উপজেলার সড়ক যোগাযোগ বিধ্বস্ত হওয়ায় বৃহস্পতিবার (১৯ জুলাই) পর্যন্ত সব বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, উপজেলার কম-বেশি সব ইউনিয়নে অন্তত ৫০ শতাংশ ধানি জমি ও বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে স্থানীয় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।এদিকে হালদাসহ বিভিন্ন খালে পানিপ্রবাহ কমতে শুরু করায় নদী ও খালপারের এলাকাগুলোতে পানি কমতে শুরু করেছে। তবে রোসাংগিরী, নারায়ণহাট, দৌলতপুর, লেলাং, সমিতির হাট, সুন্দরপুর, আবদুল্লাহপুরের নিচু এলাকায় এখনো পানি জমে আছে বলে নিজ নিজ ইউপির চেয়ারম্যানরা জানিয়েছেন।১৬ জুলাই চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান, উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তাঁরা নৌকায় এবং সড়কপথে সুন্দরপুর, রাঙ্গামাটিয়া, রোসাংগিরীসহ বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ এবং নগদ অর্থ প্রদান করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান প্রথম আলোকে বলেন, উপজেলার প্রায় ৪০ হাজার পরিবার কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১০০ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক ও দুই শতাধিক পুকুরের মৎস্যসম্পদ পানিতে তলিয়ে গেছে। বর্তমানে বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন খাদ্যশস্য এবং ২৭ হাজার টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। ক্ষয়ক্ষতিপূর্ণ এলাকা নির্ণয় করে আরও সাহায্যের জন্য জেলা প্রশাসকের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চিড়া, বিস্কুট, চিনি ও পাউরুটি সরবরাহ করা হয়েছে।