সমুদ্রে কী কী মাছ থাকে? মিঠা পানিতে কী কী মাছ চাষ করা হয়? অথবা পুকুরের মাছগুলো বড় হচ্ছে না কেন?—এ রকম হাজারো প্রশ্নের জবাব খুঁজতে দিন-রাত পড়াশোনা করে চলেছেন আল্পনা, ফারুখ, পূজা ও পান্নারা। আবার তত্ত্বীয় পড়াকে বাস্তবের সঙ্গে মেলানোর জন্য ছুটে চলেছেন কক্সবাজার সমুদ্রের পাড়ে, সুন্দরবনের ভেতরকার নদীগুলোর বাস্তুসংস্থান জানতে কিংবা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের হ্যাচারিগুলোয়।আল্পনা, ফারুখ, পান্না, পূজা—সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। মৎস্যবিষয়ক বিস্তারিত জ্ঞানার্জনের জন্য এত আয়োজন করতে হয় তাঁদের। কেমন লাগছে এ বিষয়ে পড়তে? এমন প্রশ্নের উত্তরে আল্পনা বলেন, ‘আমার ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ে বায়োলজিক্যাল সায়েন্সে পড়া। আর মৎস্যবিজ্ঞান যেহেতু বায়োলজিক্যাল সায়েন্সের অংশ, তাই অনেক ভালো লাগছে এ বিষয়ে পড়তে।’ আর এ বিষয়ে পড়তে হচ্ছে বলে মধুর যন্ত্রণা পোহাতে হয় ফাতেমাকে। তিনি বললেন, ‘মৎস্যবিজ্ঞানে ভর্তি হওয়ার পর প্রথম প্রথম মা প্রায়ই বলতেন, “ছেলেমেয়ে সায়েন্সে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, আর আমার মেয়ে নাকি জেলে হবে।” যদিও তাঁরাই তখন বেশি প্রেরণা জোগান।’সারা বছর শুধু ক্লাস করা, ল্যাবরেটরিতে কাজ করা, আর টিউটোরিয়াল পরীক্ষা দেওয়া—এর মধ্যে সীমাবদ্ধ থাকছে তাঁদের পড়ালেখা। সুযোগ হলেই বেরিয়ে পড়ছেন শিক্ষাসফরে। এ প্রসঙ্গে ফারুখ বলেন, ‘আমাদের সুন্দরবনের ট্যুর অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে থাকে। সাত দিন ধরে বনের ভেতরে থাকা, তা-ও আবার জাহাজে করে। নদীর ধারে কাদার মধ্যে ঘুরে ঘুরে জায়গাগুলো পর্যবেক্ষণ করা। এতে সাপ-পোকামাকড়ের ভয় তো আছেই, সেই সঙ্গে বাঘের ভয়ও আছে।’ তবে পূজার আকর্ষণ অবশ্য পার্বত্য জেলাগুলোর প্রতি। হ্যাচারি পরিদর্শনে গিয়ে পাহাড়ের সঙ্গে মিতালিটা কম হয় তাঁর। মৎস্যবিজ্ঞান বিভাগে পড়তে এসে মামুনের প্রথম আউটডোরে যাওয়াটা ছিল একটু ভিন্ন বিষয়কেন্দ্রিক। যেতে হয়েছিল বন্যাকবলিত এলাকায় কী কী মাছ ধরা পড়ছে তা জানতে, আর আগে কী কী মাছ পাওয়া যেত এর সঙ্গে মিলিয়ে নিতে। মামুন বলেন, ‘বন্যাকবলিত থাকায় সবাই যায় ত্রাণ দিতে। আর আমরা যাই মাছের খবর নিতে।’আনন্দের মধ্য দিয়েই হচ্ছে পড়াশোনা। ৫ জুন ছিল বিভাগের যুগপূর্তি। ১২ বছরে মৎস্যবিজ্ঞান বিভাগের প্রাপ্তি ও প্রত্যাশার কথা জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান দেওয়ান আলী আহসান বলেন, ‘প্রাপ্তি তো প্রত্যাশাকে কখনোই পুরোপুরি ছুঁতে পারে না। তবে এই ১২ বছরে যা অর্জিত হয়েছে, তাও একেবারে কম নয়। এখন আমরা পর্যাপ্ত ল্যাবরেটরির সুবিধা দিতে পারছি। স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের গবেষণার বিষয় বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হচ্ছে। আবার তাঁদের মধ্যে থেকে কয়েকজন সফলভাবে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করছেন এখানে থেকে। এও বা কম কী?’