মৎস্যকন্যাদের সাঁতার প্রশিক্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াল্ট ডিজনির দ্য লিটল মারমেইড দেখে থাকলে মৎস্যকন্যা রাজকুমারী এরিয়েলের ডুবসাঁতারকে খুবই সহজ সাবলীল মনে হতে পারে। কিন্তু বাস্তবে কেউ যদি মৎস্যকন্যা হয়ে জল-রাজ্যে জলকেলি করতে চান? অক্সিজেন মাস্ক ছাড়া কতক্ষণই বা ডুব দিয়ে থাকা যাবে! আর দুই পা একত্রে বাঁধা থাকলে কেউ সাঁতারই বা কাটবেন কীভাবে? কিন্তু এ সব কিছুরই নাকি সমাধান দিচ্ছে যুক্তরাজ্যের বিনোদন ক্রীড়া প্রতিষ্ঠান ফ্রিডাইভ ইউকে। এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ফ্রিডাইভ ইউকের প্রশিক্ষণ কোর্সে সুজান গ্রিনউড। ছবি: অ্যালেস্টেয়ার স্কারলেট/দ্য গার্ডিয়ান
ফ্রিডাইভ ইউকের প্রশিক্ষণ কোর্সে সুজান গ্রিনউড। ছবি: অ্যালেস্টেয়ার স্কারলেট/দ্য গার্ডিয়ান

মৎস্যকন্যা হওয়ার বিষয়টা এখনকার দুনিয়ায় রীতিমতো একটা পেশা হয়ে উঠছে। আটলান্টিকের পাড় থেকে প্রশান্ত মহাসাগরের পাড় পর্যন্ত নানা দেশের বিলাসবহুল হোটেলগুলোতে কাজ করছেন পেশাদার মৎস্যকন্যারা। হোটেলের বড় বড় অ্যাকুরিয়ামের ভেতরে জলকেলি করে বেড়াতে দেখা যায় সেই মৎস্যকন্যাদের। কাচঘেরা স্বচ্ছ পানির মধ্যে ডুবসাঁতারে ঘুরে বেড়ানো রক্তমাংসের মৎস্যকন্যাদের দেখে চমৎকৃত হন হোটেলের অতিথিরা।

সমুদ্রপাড়ে অবকাশযাপন আর প্রমোদভ্রমণের জন্য বিখ্যাত ইংল্যান্ডের কর্নওয়েলের নিউকুয়ে শহরটি। এখানেই বিনোদন ক্রীড়াপ্রতিষ্ঠান ফ্রিডাইভ ইউকে। অন্য আরও অনেক কিছুর পাশাপাশি মৎস্যকন্যা হওয়ার প্রশিক্ষণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। একদিনের এই প্রশিক্ষণ কোর্সে দিনব্যাপী থাকা-খাওয়ার ব্যবস্থা করে থাকে প্রতিষ্ঠানটিই। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা আগে থেকে নাম নিবন্ধন করে আগের রাতেই চলে আসেন প্রশিক্ষণশিবিরে। এখানকার ডুবসাঁতারের প্রশিক্ষক ইয়ান ডোনাল্ড নিশ্চয়ই জাদু জানেন! নইলে মাত্র একদিনেই তিনি কীভাবে যে কাউকে মৎস্যকন্যা বানিয়ে দেন! কিন্তু ব্যাপারটি নিশ্চয়ই অতটা সহজ নয়।

ডুব সাঁতারের প্রশিক্ষণ দিচ্ছেন ইয়ান ডোনাল্ড। ছবি: অ্যালেস্টেয়ার স্কারলেট/দ্য গার্ডিয়ান
ডুব সাঁতারের প্রশিক্ষণ দিচ্ছেন ইয়ান ডোনাল্ড। ছবি: অ্যালেস্টেয়ার স্কারলেট/দ্য গার্ডিয়ান

মৎস্যকন্যাদের নতুন একটি ব্যাচের প্রশিক্ষণ শুরুর আগের রাতে পরিচিতি পর্বে ডোনাল্ড তাঁর শিক্ষার্থীদের বলছিলেন,‘আমি সব সময়ই চেষ্টা করি মানুষ যাতে মরে না যায়।’ এ কথা শুনে যে কারোরই অন্তরাত্মা কেঁপে ওঠার কথা। আসলে মৎস্যকন্যার মতো সাঁতার কাটা তো আর কেবল মুক্ত ডুবসাঁতার নয়, এখানে যে দুটো পা একত্রে বাঁধা থাকে। আর শরীরে ভারী লেজসহ কোমর পর্যন্ত একটা পোশাক পরে থাকতে হয়। আর অক্সিজেন মাস্ক ছাড়াই ডুব দিয়ে সাঁতরে বেড়াতে হয় জলদেশে।

জলদেশে মৎস্যকন্যা হয়ে ঘুরে বেড়াচ্ছেন সুজান গ্রিনউড। ছবি: অ্যালেস্টেয়ার স্কারলেট/দ্য গার্ডিয়ান
জলদেশে মৎস্যকন্যা হয়ে ঘুরে বেড়াচ্ছেন সুজান গ্রিনউড। ছবি: অ্যালেস্টেয়ার স্কারলেট/দ্য গার্ডিয়ান

ফ্রি ডাইভিং বা মুক্ত ডুবসাঁতারের গুরু স্থানীয় প্রশিক্ষক এই ইয়ান ডোনাল্ড। কোনো মাস্ক-চশমা ছাড়াই পানির নিচে ডুব দিয়ে এক নিঃশ্বাসে ২৫৩ মিটার নিচে নেমে যাওয়া। বর্তমান বিশ্ব রেকর্ড এটাই। কিন্তু যথাযথ প্রশিক্ষণ না থাকা কিংবা কারও শারীরিক সক্ষমতা না থাকলে এমন ডুবসাঁতারে কেউ অজ্ঞান হয়ে পড়তে পারেন। এমনকি এই পরিস্থিতিতে মৃত্যুও হতে পারে। তাই ডোনাল্ড তাঁর এক, দুই ও তিন দিনের কোর্সে গভীরভাবে নিঃশ্বাস নিয়ে ডুব সাঁতারের নানা কৌশল শিখিয়ে থাকেন। পাশাপাশি তিনি শেখান কী করে সাগরতল থেকে ঝিনুক কুড়াতে হবে, কী করে চোখে বিশেষ গগলস ছাড়াই সাগরতলের মনোরম দৃশ্য দেখতে হবে ইত্যাদি।

প্রশিক্ষণের সময় তিন শিক্ষার্থী তিন মৎস্যকন্যা। ছবি: অ্যালেস্টেয়ার স্কারলেট/দ্য গার্ডিয়ান
প্রশিক্ষণের সময় তিন শিক্ষার্থী তিন মৎস্যকন্যা। ছবি: অ্যালেস্টেয়ার স্কারলেট/দ্য গার্ডিয়ান

ডোনাল্ড বলেন,‘আমি আসলে মানুষকে এই ভাবনা থেকে দূরে সরাতে চাই যে, মুক্ত ডুবসাঁতার কেবলমাত্র একটা বিপদজনক কাজ। এটা যে যে চমৎকার আনন্দের হতে পারে সেটাও দেখাতে চাই আমি। এই ডুবসাঁতারকে ভীতিকর করে তোলার কোনো মানে নেই। যদি মৎস্যকন্যা সাজতে চেয়ে আরও বেশি মানুষ মুক্ত ডুবসাঁতারে আগ্রহী হয়ে ওঠে তাহলে তো সেটা দারুণ ব্যাপার।’