চন্দনাইশ ও সাতকানিয়ায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে অধিকাংশ এলাকার সবজিখেত এখনো পানির নিচে ডুবে আছে। রাস্তাঘাটের অবস্থাও শোচনীয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।সর্বশেষ তথ্য অনুয়ায়ী, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় দুই উপজেলার ৬০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে প্রায় ৪০ শতাংশ অভ্যন্তরীণ সড়ক ও ৮০ শতাংশ খেতের ফসল। এতে কৃষকসহ ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন আর্থিক কষ্টে পড়েছেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চন্দনাইশ উপজেলায় পৌরসভা ও নয়টি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।অন্যদিকে সাতকানিয়া উপজেলায় ৫০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ৮০ শতাংশ সবজিখেত সম্পূর্ণ এবং কাঁচা ও পাকা সড়কের ৪০ শতাংশ নষ্ট হয়ে গেছে।মৎস্য ব্যবসায়ীরা জানান, চন্দনাইশ ও সাতকানিয়ার প্রায় পাঁচ শতাধিক পুকুর ও মৎস্যখামার পানির নিচে তলিয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। চন্দনাইশের মৎস্যখামারি আবুল কালাম, জামাল উদ্দীন জানান, তাঁরা আসন্ন রমজানের চাহিদা বিবেচনা করে চারটি মৎস্যখামারে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেছিলেন। তাঁদের আশা ছিল রমজানে মাছ বেচে বিনিয়োগের একটি অংশ তুলে নেবেন। কিন্তু বন্যা তাঁদের সে স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে। সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের সবজিচাষি নুরুল হক, মোহাম্মদ মোজাম্মেল ও লেদু মিয়া জানান, তাঁরা শঙ্খচরে কয়েক একর জমিতে বর্ষাকালীন সবজির চাষ করেছিলেন। কিন্তু সেই খেত ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় তাঁরা এখন দিশেহারা।প্রশাসন সূত্রে জানা যায়, বন্যায় চন্দনাইশের সাতবাড়িয়া-বৈলতলী-বরমা সংযোগসড়ক, দেওয়ানহাট-সাতবাড়িয়া সংযোগসড়ক, হাশিমপুর-লটএলাহাবাদ সংযোগসড়ক, দোহাজারী-চাগাচর সড়ক, দোহাজারী-জামিজুরী সংযোগসড়ক এবং সাতকানিয়ার বিওসির মোড়-আলমগীর-ধর্মপুর সংযোগসড়ক, সাতকানিয়া কলেজ রোড, সাতকানিয়া সদর সংযোগসড়ক, মৌলভির দোকান-মুন্সিরহাট-মরফলা-নলুয়া সংযোগসড়ক, চরতি-আমিলাইশ সড়কসহ দুই উপজেলার প্রায় শতাধিক কিলোমিটার অভ্যন্তরীণ সড়কের মারাত্মক ক্ষতি হয়েছে। এদিকে শঙ্খের পানি কমতে শুরু করায় উভয় উপজেলার নদীর পাড়ের এলাকাগুলো নতুন করে ভাঙনের কবলে পড়ছে। স্রোতের টানে চন্দনাইশের দোহাজারী, চাগাচর, বৈলতলী, বরমা, যথেরমুখ এবং সাতকানিয়ার কালিয়াইশ, নলুয়া, আমিলাইশ, ধর্মপুর, চরতি এলাকায় ভাঙন এখনো চলছে বলে চাগাচর ওয়ার্ডের সদস্য মো. আবদুল মোমিন জানিয়েছেন।গত শুক্রবার সকালে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান খালেদা আখতার চৌধুরী ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ইউএনও জানান, পাহাড়ি ঢলে উপজেলার প্রায় ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ছাড়া ২০ কিলোমিটার সড়ক ও দুই শতাধিক পুকুরের মৎস্যসম্পদ পানিতে তলিয়ে যায়। ইতিমধ্যে সরকারিভাবে পাওয়া ১২ মেট্রিক টন চাল ও নগদ দেড় লাখ টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিলি করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে আরও ত্রাণ সাহায্যের জন্য জেলা প্রশাসকের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন পারভেজ জানান, বন্যায় উপজেলায় প্রায় ৫০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ও ৫০ কিলোমিটারের মতো গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ৫০ মেট্রিক টন চাল ও নগদ আড়াই লাখ টাকা ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে।