
মেসে, ব্যালকনিতে আমার দুটো ফুলের গাছ ছিল। একটা রেইন লিলি, আরেকটা নীল অপরাজিতা। গাছ দুটো লাগানোর পর থেকেই রোজ সকালে ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে আমি গাছের কাছে যেতাম, রাতে ঘুমোতে যাওয়ার আগেও মুঠোফোনের আলো জ্বেলে গাছ দুটোকে দেখে যেতাম। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে গাছ দুটোর জন্য খুব ভাবনা হচ্ছিল, ছুটিতে আমার না থাকার দিনগুলোতে না জানি গাছ দুটোর কেমনতর দশা হয়! কাকে যেন বলছিলাম, গাছের কী করব, পানি তো দেওয়া হবে না কদিন। সে অভয় দিয়ে বলেছিল, চিন্তার কিছু নেই, বৃষ্টি তো হরহামেশা হচ্ছেই, তাতেই চলবে।
খানিকক্ষণ আগে মেসে ফিরেছি। এসে ব্যাগ পিঠে নিয়েই এক দৌড়ে ছুটে গেলাম বারান্দায় গাছের কাছে। গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না—আমার নীল অপরাজিতা মৃত! পাতাশূন্য কঙ্কালসার গাছটাই শুধু দাঁড়িয়ে।
বেশ কয় বছর আগে আমার একটা কৃষ্ণচূড়া গাছ অনেক বড় হয়ে মরে গিয়েছিল। খুব কষ্ট পেয়েছিলাম, তবে তখনকার কষ্ট আর এখনকার কষ্টের মাঝে অনেক পার্থক্য। তখন আমার সব ছিল, এখন আমার কেউ নেই, কিচ্ছু নেই। মেসে অতি আপন বলতে এই দুটো গাছই ছিল!
এখন এরাও যদি আমায় এমন করে ছেড়ে যায়, তাহলে আর আমার অবসরের সঙ্গী থাকল কে?
শারমিন
খামারপাড়া, রংপুর।