মড়ার ওপর খাঁড়ার ঘা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকে সাধারণত সংঘাতকবলিত এলাকা এড়িয়ে চলে। কিন্তু এখানে ঘটছে ঠিক উল্টোটা। সোমালিয়ার দুর্ভিক্ষকবলিত এলাকার ক্ষুধার্ত মানুষ মরিয়া হয়ে খাবারের সন্ধানে ছুটছে রাজধানী মোগাদিসুর দিকে। তাদের আশা, হয়তো সেখানে গেলে কিছু খাবার জুটবে।মোগাদিসুর দখল নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে। খরাপীড়িত ক্ষুধার্ত মানুষ এতটাই মরিয়া হয়ে উঠেছে যে গুলির ভয়ও তাদের দমাতে পারছে না।রাজধানীমুখে ছুটে চলা এসব মানুষের দলে আছেন পাঁচ সন্তানের মা সাফিয়া আলী নূর। তিনি বলেন, ‘খরার কারণে ফসল হয়নি। ঘরে খাবার নেই, পানি নেই। এ কারণে আমরা গ্রাম ছেড়ে শিবিরে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’সাফিয়ার বাড়ি থেকে মোগাদিসুর দূরত্ব ১২৫ মাইলেরও বেশি। তাঁর যমজ ছেলে নাসির ও আবসিরের অবস্থা ভালো নয়। শিশু দুটি মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। তাদের বয়স এক বছর হলেও দেখায় প্রায় নবজাতকের মতো।মোগাদিসু অভিমুখে যেন ঢলের মতো ছুটেছে এ রকম শরণার্থীরা। বাদবাদো শিবির খোলা হয়েছে ১২ জুলাই। অথচ এরই মধ্যে সেখানে আশ্রয় নিয়েছে ২১ হাজারেরও বেশি মানুষ।মোগাদিসুর নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠী আল-শাবাবের লড়াই চলে আসছে। বাস্তুচ্যুত লোকজনের জন্য মোগাদিসুতে খোলা আশ্রয়কেন্দ্রের কোনো কোনোটির অবস্থান একেবারে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি। একটি তাঁবুর অবস্থান রণাঙ্গনের মাত্র ৪০০ মিটারের মধ্যে। দুই দশক ধরে চলমান সংঘাতের কারণে সোমালিয়ার মানুষ এমনিতেই কষ্টে আছে। তার ওপর দীর্ঘস্থায়ী এ খরায় তাদের দুর্ভোগ চরমে উঠেছে।খরার কারণে ‘হর্ন অব আফ্রিকা’র দেশগুলোয় ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছে। উপদ্রুত দেশগুলোর মধ্যে রয়েছে কেনিয়া, ইথিওপিয়া, জিবুতি ও সোমালিয়া।বর্তমানে আবহাওয়ার যে অবস্থা তাতে মনে করা হচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসের আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।এ অঞ্চলের প্রায় এক কোটি মানুষ খরাকবলিত হয়েছে। দক্ষিণ সোমালিয়ার কয়েকটি এলাকাকে দুর্ভিক্ষকবলিত ঘোষণা করেছে জাতিসংঘ। ওই এলাকার শতকরা ৩০ ভাগ শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। প্রতিদিন প্রতি ১০ হাজার শিশুর মধ্যে চারটি শিশু মারা যাচ্ছে।আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া এক কৃষক এক সপ্তাহ ধরে হেঁটে মোগাদিসু পৌঁছেছেন। তাঁর বাড়ি দক্ষিণ শাবেল্লের একটি গ্রামে। ভাগ্যের পরিহাসই বলতে হবে। কারণ, ওই এলাকাকে একসময় সোমালিয়ার ‘শস্যভান্ডার’ বলা হতো। জাতিসংঘ যেসব এলাকাকে দুর্ভিক্ষকবলিত বলে ঘোষণা করেছে, এর মধ্যে এ এলাকার নামও রয়েছে।বিভিন্ন স্থানে চলমান সংঘাতের কারণে মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দক্ষিণ সোমালিয়ার কিছু এলাকায় বিদেশি সাহায্য সংস্থাগুলোর কাজ করার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল জঙ্গিরা। তবে দুর্ভিক্ষের খবর অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে—এ দাবি করে আবারও ওই এলাকায় প্রবেশের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে তারা।চলতি বছরের শুরু থেকেই খাদ্য ও পানির সন্ধানে প্রতিমাসে সোমালিয়ার প্রায় ১৫ হাজার মানুষ কেনিয়া ও ইথিওপিয়ার শিবিরগুলোয় আশ্রয় নিচ্ছে। কেনিয়ার দাবাবের শরণার্থী শিবিরে ইতিমধ্যে প্রায় চার লাখ মানুষ আশ্রয় নিয়েছে। মনে করা হচ্ছে, এ অঞ্চলে বড় ধরনের আন্তর্জাতিক বিনিয়োগ হলে তা হয়তো খরার প্রভাব হ্রাসে সহায়তা করবে।  দাউদ ইসলাম