ময়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব মুটিয়ে গেছে ও, খুব! রাতে জড়িয়ে ধরতে গেলে বেশ টের পাই। বুকে বেঁধে রাখা দায়। অথচ তিন বছর আগে যখন ওকে প্রথম ঘরে এনেছিলাম, একদম স্লিম ফিগারের ছিল। দুই হাত দিয়ে বুকে বেঁধে রাখতাম সারা রাত। আজ কী অবস্থা, দুই হাতে তার নাগাল পাই না। ও আমাকে ঘিরে রেখেছে তিনটি বছর ধরে। সত্যি বলতে কি, ওকে ছাড়া আমি ঘুমাতে পারি না। বাসায় গেস্ট এলে ওকে ছাড়া ঘুমাতে হয়, দারুণ কষ্ট হয় আমার। ঘুম আসে না। আদর করে ওকে ময়না বলে ডাকতাম। না, ও গান পারত না, ঘুম পাড়াতে পারত।কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা—ময়না ছাড়া আমার চলতই না। কেবল রাত বলছি কেন? আমি কত স্বার্থপর, বর্ষার বিকেলগুলো বেমালুম ভুলে গেছি। দিন দিন চাকচিক্য হারিয়ে ফেলেছে, আগের সেই জৌলুশও নেই। মনে পড়ে, ময়না প্রথম যেদিন এসেছিল, রঙিন কাপড়ে কী সুন্দরই না লাগছিল, আমি তাকিয়ে ছিলাম বেশ খানিক সময়। অথচ সে আজ কী হয়েছে। মেদবহুল, দেখতে কিম্ভূতকিমাকার! জানেন, এর জন্য আমিই দায়ী। সব দোষই আমার। আমি যে খুব অলস!দুঃখিত ময়না, আমাকে মাফ করে দিয়ো। অলস বলেই তোমার পরনের কাপড় ধুয়ে দিইনি তিন বছর ধরে। হুম, প্রথম দুই মাসের মাথায় তোমার কাপড় ময়লা হয়েছিল। আমি বাজার থেকে নতুন কাপড় এনে পরিয়ে দিয়েছি পুরোনো কাপড়ের ওপর। তারপর আবার ময়লা হলো, আবার নতুন কাপড় পুরোনো কাপড়ের ওপর। এভাবেই কীভাবে যেন কেটে গেল তিনটি বছর। টেরই পেলাম না। আজ যখন তোমাকে জড়িয়ে ধরতে কষ্ট হচ্ছে, তখন বুঝলাম, আমার প্রিয় কোলবালিশ বেশ মুটিয়ে গেছে। কথা দিলাম, কাল সব কাভার খুলে পরিষ্কার করে ধুয়ে দেব। তুমি প্রথম দিনের মতো স্লিম হয়ে যাবে। আবার সেই পুরোনো কোলবালিশ, সেই পুরোনো রাত। আহা! ব্যাচেলর জীবন, ডাল-ভাত-ডিম আর এই স্লিম কোলবালিশ ময়না।