ময়লা আবর্জনার ভাগাড় মুন্সিপুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকবাজারের কাপাসগোলা এলাকার মুন্সি পুকুরটি এখনও বেঁচে আছে। আশপাশের অনেক সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দৈনন্দিন কাজে এই পুকুরের পানি ব্যবহার করে উপকৃত হচ্ছেন। তবে এলাকার বিভিন্ন গাড়ির গ্যারেজ, হোটেল ও অন্য দোকানপাটের শ্রমিক-কর্মচারীসহ কিছু লোক পুকুরের চারপাশে ময়লা-আবর্জনা ফেলে পুকুরের পানি দূষিত করছে। স্থানীয় অনেকে জানান, উত্তর পাড়ের হোটেল ও দোকানগুলো থেকে প্রতিদিন পুকুরে সরাসরি ময়লা ফেলা হয়। পুকুরের পাশের ডাস্টবিনের ময়লাগুলোও সরাসরি পুকুরে চলে যায়। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন কারখানা ও যানবাহনের শ্রমিক কর্মচারীরা বিভিন্ন যন্ত্রাংশে ব্যবহূত তৈলাক্ত কাপড় পুকুরের পানিতে ধুয়ে থাকে। ফলে পানিতে বিভিন্ন রাসায়নিক পদার্থের পরিমাণ বেড়ে যাচ্ছে। এ অবস্থায় পানি ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে তাঁরা মন্তব্য করেন। জানা যায়, প্রায় এক একর ২০ শতক আয়তনের মুন্সি পুকুরটি প্রায় ১০০ বছরের পুরোনো। সরেজমিনে দেখা যায়, পুকুরের চার পাড়েই রয়েছে প্রতিরোধক দেয়াল। তিন পাশে রয়েছে চারটি পাকা ঘাট। উত্তর পাড়ে প্রতিরোধক দেয়ালের ভেতরে বেশ কয়েকটি দোকান তৈরি করা হয়েছে পুকুর ভরাট করে। পুকুর রক্ষণাবেক্ষণকারী মো. ইব্রাহীম বলেন, ‘আমি পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পানি দূষণমুক্ত রাখার লক্ষ্যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ছিটানোসহ যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি।’ মুন্সিপুকুর ভরাট হওয়ার আশঙ্কা নেই বলে জানান মো. ইব্রাহীম।