ময়লা-আবর্জনায় সয়লাব মিরসরাইয়ের বাজারগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার কয়েক শ বছরে ঐতিহ্যবাহী বাজারগুলো এখন ময়লা-আবর্জনায় সয়লাব হয়ে গেছে। আবুতোরাব, শান্তিরহাট, বড়দারগাহাট, মিঠাছড়া, জোরারগঞ্জ, বড়তাকিয়া, করেরহাট, বারইয়ারহাটের মতো নামকরা বাজারগুলো কেবল ছড়াচ্ছে বর্জ্যের দুর্গন্ধ। সরকার প্রতিবছর এসব বাজার থেকে প্রায় দুই কোটি টাকা রাজস্ব আদায় করলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা পয়োনিষ্কাশনব্যবস্থার দিকে নজর দিচ্ছেন না বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।মিরসরাই উপজেলার এসব বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাজারেই ডাস্টবিন নেই, নেই পরিকল্পিত পয়োনিষ্কাশনব্যবস্থা। ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতারা যত্রতত্র ময়লা ফেলছে। বারইয়ারহাট পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশ পরিণত হয়েছে খোলা ডাস্টবিনে। এলাকার ড্রেনগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় ভরাট হয়ে গেছে। ডাস্টবিনের ওপর অনেকে দোকান তৈরি করেছেন। বাধ্য হয়ে ব্যবসায়ীরা খোলা জায়গায় বা ড্রেনে ময়লা ফেলছেন। এ কারণে সামান্য বৃষ্টিতে বর্জ্যযুক্ত পানি রাস্তায় উঠে জলাবদ্ধতা ও পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টি করছে। নবনির্বাচিত মেয়র আবু তাহের বলেন, অতীতে যাঁরা এই পৌরসভার দায়িত্বে ছিলেন, তাঁরা এসবের দিকে খেয়াল করেননি। শুধু নিজেদের আখের গুছিয়েছেন। তিনি সবার সহযোগিতা নিয়ে এসব সমস্যার সমাধানে খুব দ্রুত উদ্যোগ নেবেন বলে মন্তব্য করেন। মিঠাছড়া বাজারের ব্যবসায়ী এনায়েত হোসেন জানান, ভালো ড্রেনেজ ব্যবস্থা ও নোংরা-আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় বর্তমানে বাজারের বেহাল অবস্থা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ড্রেনের ওপর কেউ কেউ দোকান নির্মাণ করেছেন। জানা গেছে, এ বছর বাজারের ইজারা হয়েছিল ৬০ লাখ টাকা। সেখানে পাঁচ শতাংশ রাখা হয়েছে বাজারের নোংরা-আবর্জনা পরিষ্কার করার জন্য। অথচ ন্যূনতম সে টাকাও যথাযথভাবে ওই খাতে ব্যবহার না করে প্রভাবশালী ব্যক্তিরা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আবুতোরাব বাজারে প্রতিদিন মায়ানি, খৈয়াছড়া ও মঘাদিয়া এলাকার হাজার হাজার মানুষ একত্র হয়। সপ্তাহের প্রতিদিনই এখানে বাজার বসে। বর্তমানে বাজারের প্রতিটি গলি ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মিরসরাই-সীতাকুণ্ড সীমান্তবর্তী প্রায় দুই শ বছরের ঐতিহ্যবাহী বড়দারগাহাট বাজারে ড্রেন থাকলেও তা ভরাট হয়ে গেছে। দক্ষিণ মিরসরাই ও উত্তর সীতাকুণ্ডের প্রায় কয়েক লাখ মানুষ বেচাকেনা করতে প্রতি সোমবার ও বৃহস্পতিবার এ বাজারে আসেন। বাজার উন্নয়ন কমিটির সভাপতি মো. মহিউদ্দিন জানান, বাজারে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও ব্যবসায়ীদের অসচেতনতার কারণে এমন ময়লা-আবর্জনার সৃষ্টি হয়। বিভিন্ন দেশের সঙ্গে নৌপথে যোগাযোগস্থল শান্তিরহাট বাজারের ঐতিহ্য অনেক পুরোনো। প্রতিষ্ঠার প্রায় ৩০০ বছর পর বর্তমানে এ বাজার ঐতিহ্য সংকটে পড়েছে। বাঁশবাজার, মাছবাজারে বেহাল অবস্থা বিরাজ করছে। বাজার উন্নয়ন কমিটি থাকলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।